তফসিল-১ — সূতা ও বয়ন কারখানায় বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি
সূতা ও বয়ন কারখানায় বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি
[ধারা ৫২ ও ৫৫ এবং বিধি ৪৮ দ্রষ্টব্য]
(১) কৃত্রিম আর্দ্রকরণ:
(ক) আর্দ্রতার মান নির্ধারণ;
(খ) কৃত্রিমভাবে বাতাসের আর্দ্রতা বৃদ্ধির মাত্রা নিয়ন্ত্রণ;
(গ) বাতাসের আর্দ্রতা সঠিকভাবে পরিমাপের এবং রেকর্ডভুক্ত করিবার নির্ধারিত পরিমাণের নির্দেশ প্রদান; এবং
(ঘ) কাজের ঘরগুলিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা এবং বাতাস শীতল করিবার যথাযথ ব্যবস্থা গ্রহণ।
(২) সূতাকলে কৃত্রিম আর্দ্রতা সৃষ্টি:
(ক) সূতা কাটা বা বয়ন কারখানার কোন কক্ষে কোন সময় উক্ত কক্ষের ড্রাই বাল্ব তাপমাত্রা ২৯.৫ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করিলে সেই সময়ে পানি দ্বারা;
(খ) কোন সময় হাইগ্রোমিটারের ওয়েট বাল্ব রিডিং নিম্নবর্ণিত ছকে নির্দিষ্ট ড্রাই বাল্বের তুলনায় বেশি হইলে, অথবা নিম্নবর্ণিত ছকে পরপর প্রদর্শিত দুইটি ড্রাই বাল্ব রিডিংয়ের মধ্যবর্তী রিডিং যখন উক্ত ড্রাই বাল্ব রিডিংসমূহের সহিত সম্পর্কযুক্ত ওয়েট বাল্ব রিডিং অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোন কৃত্রিম আর্দ্রতা সৃষ্টি না করা :
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে হাইগ্রোমিটারে ওয়েট বাল্ব তাপমাত্রা এবং কক্ষের বাহিরে রক্ষিত হাইগ্রোমিটারে ওয়েট বাল্ব তাপমাত্রার পার্থক্য ২.০ ডিগ্রী সেলসিয়াসের কম হয় সেইখানে এই দফা প্রযোজ্য হইবে না।
| ড্রাই বাল্ব | ওয়েট বাল্ব | ড্রাই বাল্ব | ওয়েট বাল্ব | ড্রাই বাল্ব | ওয়েট বাল্ব |
|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
| ১৫.৫৬ | ১৪.৪৪ | ২৫.০০ | ২৩.৮৯ | ৩৪.৪৪ | ৩০.০০ |
| ১৬.১১ | ১৫.০০ | ২৫.৫৬ | ২৪.৪৪ | ৩৫.০০ | ৩০.৫৬ |
| ১৬.৬৭ | ১৫.৫৬ | ২৬.১১ | ২৫.০০ | ৩৫.৫৬ | ৩০.৫৬ |
| ১৭.২২ | ১৬.১১ | ২৬.৬৭ | ২৫.৫৬ | ৩৬.১১ | ৩১.১১ |
| ১৭.৭৮ | ১৬.৬৭ | ২৭.২২ | ২৬.১১ | ৩৬.৬৭ | ৩১.৩৯ |
| ১৮.৩৩ | ১৭.২২ | ২৭.৭৮ | ২৬.৬৭ | ৩৭.২২ | ৩১.৬৭ |
| ১৮.৮৯ | ১৭.৭৮ | ২৮.৩৩ | ২৬.৯৪ | ৩৭.৭৮ | ৩১.৯৪ |
| ১৯.৪৪ | ১৮.৩৩ | ২৮.৮৯ | ২৭.২২ | ৩৮.৩৩ | ৩১.২২ |
| ২০.০০ | ১৮.৮৯ | ২৯.৪৪ | ২৭.৭৮ | ৩৮.৮৯ | ৩২.২২ |
| ২০.৫৬ | ১৯.৪৪ | ৩০.০০ | ২৮.০০ | ৩৯.৪৪ | ৩২.৫০ |
| ২১.১১ | ২০.০০ | ৩৪.৫৬ | ২৮.৬৩ | ৪০.০০ | ৩২.৫০ |
| ২১.৬৬ | ২০.৫৬ | ৩১.১১ | ২৮.৬১ | ৪০.৫৬ | ৩২.৭৮ |
| ২২.২২ | ২১.১১ | ৩১.৬৭ | ২৮.৮৯ | ৪১.১১ | ৩২.৭৮ |
| ২২.৭৮ | ২১.৬৬ | ৩২.২২ | ২৯.১৭ | ৪১.৬৭ | ৩৩.০৫ |
| ২৩.৩৩ | ২২.২২ | ৩২.৭৮ | ২৯.৪৪ | ৪২.২২ | ৩৩.০৫ |
| ২৩.৮৯ | ২২.৭৮ | ৩৩.৩৩ | ২৯.৭২ | ৪২.৭৮ | ৩৩.৩৩ |
| ২৪.৪৪ | ২৩.৩৩ | ৩৩.৮৯ | ৩০.০০ | ৪৩.৩৩ | ৩৩.৩৩ |
(৩) হাইগ্রোমিটার:
(ক) সূতা কাটা এবং বয়ন কারখানার সকল বিভাগে যেখানে কৃত্রিম আর্দ্রতা সৃষ্টির পদ্ধতি গৃহীত হইয়াছে, সেইখানে প্রতিটি বিভাগে পরিদর্শকের অনুমোদিত অবস্থানে হাইগ্রোমিটার স্থাপন ও সংরক্ষণ করা;
(খ) উপরি-উক্ত সূতা কাটা এবং বয়ন কারখানায় নিম্নবর্ণিত অনুপাতে হাইগ্রোমিটারের সংখ্যা নিয়ন্ত্রণ করা, যথা :—
(অ) ২৫০টির কম তাঁত সম্বলিত উইভিং বিভাগের জন্য একটি হাইগ্রোমিটার এবং পরবর্তী ২৫০টি তাঁত বা অংশ বিশেষের জন্য একটি করিয়া অতিরিক্ত হাইগ্রোমিটার;
(আ) ১৮০০০ বর্গমিটার পর্যন্ত আয়তনের প্রতিটি কক্ষের জন্য একটি করিয়া হাইগ্রোমিটার এবং অতিরিক্ত প্রতি ১৪০০০ বর্গমিটারের আয়তনের জন্য একটি অতিরিক্ত হাইগ্রোমিটার;
(ই) যেসব কটন স্পিনিং ও উইভিং কারখানায় কৃত্রিম আর্দ্রকরণ পদ্ধতি প্রবর্তিত রহিয়াছে সেইখানে উৎপাদন কক্ষের বাহিরেও একটি হাইগ্রোমিটার স্থাপন করা।
(গ) প্রতিটি হাইগ্রোমিটারের নিকট দফা (২) এর উপ-দফা (খ) এ বর্ণিত ছকের একটি অনুলিপি লটকাইয়া রাখিতে হইবে।
(৪) হাইগ্রোমিটার সংরক্ষণ হইতে অব্যাহতি:
মহাপরিদর্শক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, দফা (২) এর উপ-দফা (খ) এ বর্ণিত ছকে অনুমোদিত আর্দ্রতার সীমা কখনও অতিক্রান্ত হয় নাই তাহা হইলে তিনি যে কোন কারখানার যে কোন বিভাগকে হাইগ্রোমিটার সংরক্ষণের বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
(৫) হাইগ্রোমিটারের তাপমাত্রা রেকর্ডকরণ:
(ক) প্রত্যেক হাইগ্রোমিটারের তাপমাত্রা নিম্নরূপভাবে রেকর্ড করিতে হইবে, যথা:—
(অ) প্রত্যেকটি হাইগ্রোমিটারে কাজ চলিবার সময় প্রতিদিন তিনবার করিয়া সঠিক ওয়েট ও ড্রাই বাল্ব তাপ রেকর্ড করা;
(আ) ব্যবস্থাপক কর্তৃক মনোনীত ব্যক্তিগণ উহার তথ্য রেকর্ড করা;
(ই) সকাল ৭ ঘটিকা ও ৯ ঘটিকার মধ্যে, সকাল ১১ ঘটিকা ও বেলা ২ ঘটিকার মধ্যে (কর্মবিরতির সময় ব্যতীত) এবং বিকাল ৪ ঘটিকা ও ৫.৩০ ঘটিকার মধ্যে তাপমাত্রা গ্রহণ করা;
(ঈ) বিশেষ পরিস্থিতিতে কারখানাসমূহে পরিদর্শক কর্তৃক নির্ধারিত পন্থায় তাপমাত্রা গ্রহণের অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা।
(খ) প্রত্যেক কারখানায় একটি আর্দ্রতা রেজিস্টার ফরম-২১ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং উহাতে তাপমাত্রা রেকর্ড করিতে হইবে।
(গ) প্রত্যেক মাসের শেষে তাপমাত্রা গ্রহণকারী ব্যক্তিগণ উপ-বিধি (খ)-তে উল্লিখিত রেজিস্টার স্বাক্ষরদান করিবেন এবং রেজিস্টারটি পরিদর্শকের পরিদর্শনের জন্য সর্বদা প্রস্তুত রাখিতে হইবে।
(৬) হাইগ্রোমিটারের বিবরণ:
(ক) একই সাইজের ও একইভাবে নির্মিত ওয়েট বাল্ব ও ড্রাই বাল্ব সম্বলিত দুইটি বৃত্তাকার থার্মোমিটার দ্বারা প্রতিটি হাইগ্রোমিটার গঠিত হইবে;
(খ) হাইগ্রোমিটার একটি কাঠামোর উপর স্থাপিত হইবে এবং উক্ত ফ্রেমে একটি জলাধারও থাকিতে হইবে;
(গ) ওয়েট বাল্বটি এক পর্দা মসলিন কাপড়ের আবরণে রাখিতে হইবে এবং উহা জলাধারে ডুবাইয়া ও সংযোজিত ‘উইক’ দ্বারা ভিজাইয়া রাখিতে হইবে;
(ঘ) ওয়েট বাল্বের কোন অংশ ড্রাই বাল্বের ৭.৬০ সেন্টিমিটারের মধ্যে এবং জলাধারের পানির উপর হইতে ২.৫০ সেন্টিমিটার কম দূরত্বের মধ্যে থাকিবে না এবং জলাধারটি উহার নিচে থাকিবে এবং ড্রাই বাল্ব যেখানে রহিয়াছে তাহার বিপরীত পাশে থাকিবে;
(ঙ) বাল্বটির আকৃতি গোল এবং যথোপযুক্ত আয়তনের হইবে এবং কক্ষের বাতাসে সকল দিক হইতে অনাবৃত অবস্থায় থাকিবে;
(চ) থার্মোমিটার দণ্ডে ছিদ্রগুলি এমন হইবে যেন পারদ স্তম্ভের অবস্থান অন্তত ৬০ সেন্টিমিটার দূর হইতে সহজে বুঝা যায়;
(ছ) প্রতিটি থার্মোমিটার এমনভাবে দাগ কাটা হইবে যাহাতে ১০ হইতে ৫০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত সঠিকভাবে মাপা যায়;
(জ) প্রতিটি থার্মোমিটারের নির্ভুলতা পরিদর্শক কর্তৃক প্রত্যায়িত হইতে হইবে এবং উহার একটি কপি আর্দ্রতা রেজিস্টারের সহিত সংযুক্ত করিয়া রাখিতে হইবে।
(৭) হাইগ্রোমিটার স্থাপন:
(ক) কমপক্ষে ১.২৫ সেন্টিমিটার পুরু কাঠ বা অন্য কোন অপরিবাহী পদার্থ নিচে না দিয়া কোন দেওয়াল, থাম বা অন্য কিছুর উপরে হাইগ্রোমিটার স্থাপন করা যাইবে না;
(খ) মেঝে হইতে ১.৫০ মিটার উচ্চতার বেশি উপরে এবং পাখা, জানালা বা ভেন্টিলেটরের সরাসরি বায়ু প্রবাহের মধ্যে কোন হাইগ্রোমিটার স্থাপন করা যাইবে না।
(৮) হাইগ্রোমিটারের সূচক মান রেকর্ড করা:
জলাধারে পানি পরিবর্তনের পনের মিনিটের মধ্যে হাইগ্রোমিটারের কোন সূচক মান রেকর্ড করিবার জন্য গ্রহণ করা হইবে না।
(৯) আর্দ্রতা সৃষ্টির জন্য বায়ু প্রবাহ:
কোন কক্ষের বাতাসে কৃত্রিম আর্দ্রতা সৃষ্টির উদ্দেশ্যে জলীয় বাষ্প প্রবেশ করাইবার জন্য ব্যবহৃত ষ্টীম পাইপ নিম্নরূপ হইবে, যথা:—
(ক) পাইপের ব্যাস ২.৫৪ সে:মি: এর বেশি হইবে না;
(খ) পাইপগুলি যুক্তিসংগত রকমের খাটো আকৃতির হইবে;
(গ) পাইপের ধারক ব্যবহারসমূহকে দুই ইঞ্চির কম নয় এমন পুরু একটি যথোপযুক্ত ইনস্যুলেটর দ্বারা ’বেয়ার পাইপ’ হইতে পৃথক করিয়া রাখিতে হইবে;
(ঘ) পাইপের বাষ্পীয় চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ৭০ পাউন্ডের অধিক হইবে না; এবং
(ঙ) কর্মস্থলে পাইপ হইতে বিচ্ছুরিত তাপমাত্রা নিম্মতম রাখিবার উদ্দেশ্যে পরিদর্শক কৃর্তক অনুমোদিত অপরিবাহী পর্দাথ দ্বারা বাষ্পবাহী পাইপ আবৃত করিয়া রাখিতে হইবে।
সংশ্লিষ্ট বিধি: বিধি ৪৮
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)