RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · শ্রম আইন · শিশু ও কিশোর শ্রম

শিশু ও কিশোর শ্রম: আইন ও ঝুঁকিপূর্ণ কাজের তালিকা

গার্মেন্টস কারখানায় কাকে কাজে নেওয়া যায় আর কাকে যায় না, তা ঠিক হয় বয়স দিয়ে। এই পাতায় এক জায়গায় আছে শ্রম আইন, ইপিজেড শ্রম আইন আর শিশু আইনের বয়সসীমা, কিশোর শ্রমিকের শর্ত, সরকারের ঘোষিত ৪৩টি ঝুঁকিপূর্ণ কাজের পূর্ণ তালিকা আর কারখানার করণীয়।

১৪ বছরএর কম বয়সী শিশুকে কোনো কাজে নেওয়া নিষেধ
৪৩টিঝুঁকিপূর্ণ কাজ, যেখানে ১৮ বছরের কম বয়সী কাউকে নেওয়া যাবে না
২০–৫০ হাজারটাকা জরিমানা, শ্রম আইনের ধারা ২৮৪ (২০২৬ সংশোধন)

কোন আইনে কে শিশু, কে কিশোর

তিনটি আইনে বয়সের হিসাব আলাদা। কারখানা কোন আইনের আওতায়, সেটা আগে ঠিক করুন।

আইনসংজ্ঞাকারখানায় নিয়োগ
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬
ইপিজেডের বাইরের কারখানা
শিশু: ১৪ বছর পূর্ণ হয়নি। কিশোর: ১৪ বছর পূর্ণ, কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি (ধারা ২(৮) ও ২(৬৩))।শিশু নিষিদ্ধ। কিশোর শুধু সক্ষমতা প্রত্যয়নপত্র, সীমিত কর্মঘণ্টা আর ঝুঁকিপূর্ণ কাজ বাদে (ধারা ৩৪–৪৪)।
বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
বেপজা জোনের কারখানা
অপ্রাপ্ত-বয়স্ক: ১৮ বছর পূর্ণ হয়নি (ধারা ১৭৫-এর ব্যাখ্যা)।১৮ বছরের কম বয়সী কাউকে নিয়োগ করা যাবে না। বয়সের প্রমাণ রাখতে হবে (বিধি ৩০৮)।
শিশু আইন, ২০১৩
সব প্রতিষ্ঠানে প্রযোজ্য
১৮ বছরের কম বয়সী সবাই শিশু (ধারা ৪)। অন্য আইনে যা-ই থাকুক, এই আইন প্রাধান্য পাবে (ধারা ৩)।নিয়োগ নিয়ন্ত্রণ করে না, কিন্তু কাজের কথা বলে শিশুকে শোষণ, আটকে রাখা বা উপার্জন নিয়ে নেওয়া অপরাধ (ধারা ৮০)।

আন্তর্জাতিক মানে বাংলাদেশ ২২ মার্চ ২০২২ ILO ন্যূনতম বয়স কনভেনশন (C138) অনুস্বাক্ষর করে কাজে ঢোকার ন্যূনতম বয়স ১৪ বছর ঘোষণা করেছে, আর শিশুশ্রমের নিকৃষ্টতম রূপ কনভেনশন (C182) অনুস্বাক্ষর করেছে ১২ মার্চ ২০০১ (আইএলও কনভেনশন)।

কিশোর শ্রমিক রাখলে যেসব শর্ত মানতে হবে (শ্রম আইন)

বিষয়শর্তধারা
সক্ষমতা প্রত্যয়নপত্র ও টোকেনরেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে থাকবে, আর কাজের সময় কিশোর সেই প্রত্যয়নপত্রের উল্লেখসহ টোকেন বহন করবে। মা-বাবার সঙ্গে শিশুকে কাজে দেওয়ার চুক্তিও করা যাবে না।৩৪, ৩৫, বিধি ৩৪
বয়স নিয়ে সন্দেহজন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্টার্ড চিকিৎসকের বয়সের প্রত্যয়নপত্র দিয়ে নিষ্পত্তি। প্রত্যয়নপত্র ১২ মাস বৈধ; পরিদর্শক চাইলে আবার ডাক্তারি পরীক্ষার আদেশ দিতে পারেন।৩৬, ৩৭, ৩৮
ঝুঁকিপূর্ণ কাজ ও চালু যন্ত্রসরকারের ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষেধ। চালু যন্ত্র পরিষ্কার, তেল দেওয়া বা ঘূর্ণায়মান অংশের মাঝে কাজ করতে দেওয়া যাবে না। বিপজ্জনক যন্ত্রে প্রশিক্ষণ ও তত্ত্বাবধান ছাড়া নয়।৩৯, ৪০, বিধি ৩৬
কর্মঘণ্টাকারখানায় দিনে সর্বোচ্চ ৫ ঘণ্টা ও সপ্তাহে ৩০ ঘণ্টা; ওভারটাইমসহ সপ্তাহে ৩৬ ঘণ্টা। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা কোনো কাজ নয়। একই দিনে দুই প্রতিষ্ঠানে কাজ নয়। কাজের সময়ের নোটিস টাঙাতে হবে।৪১, ৪৩, বিধি ৩৫
মাটির নিচে, পানির নিচেকিশোরকে মাটির নিচে বা পানির নিচে কাজে নেওয়া যাবে না।৪২
দণ্ডশিশুকে নিয়োগ করলে বা আইন ভেঙে কিশোরকে কাজ করতে দিলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা (২০২৬ সালের সংশোধনের আগে ছিল ৫ হাজার টাকা)।২৮৪

শিক্ষাধীন বা বৃত্তিমূলক প্রশিক্ষণে নেওয়া কিশোরের ক্ষেত্রে সক্ষমতা প্রত্যয়নপত্রের শর্ত প্রযোজ্য নয় (ধারা ৩৪(৩)), তবে ঝুঁকিপূর্ণ কাজ আর কর্মঘণ্টার সীমা তখনও মানতে হবে।

গার্মেন্টস কারখানার করণীয়

  1. নিয়োগের সময় বয়স যাচাই। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি ব্যক্তিগত নথিতে রাখুন। কাগজে সন্দেহ থাকলে রেজিস্টার্ড চিকিৎসকের বয়সের প্রত্যয়নপত্র নিন; চেহারা দেখে বয়স ধরবেন না।
  2. উৎপাদন কাজে ১৮-এর নিচে কাউকে নয়। তালিকার ক্রমিক ৪২ পোশাক খাতের কাজকে ঝুঁকিপূর্ণ বলেছে, আর ইপিজেডে ১৮-এর নিচে নিয়োগ পুরোপুরি নিষেধ।
  3. সাব-কন্ট্রাক্ট ও হোমওয়ার্কেও নজর। তালিকায় “অনানুষ্ঠানিক/স্থানীয় দর্জি” আলাদা করে আছে। সাব-কন্ট্রাক্টর বা এমব্রয়ডারি, বোতাম, প্যাকিংয়ের ছোট ইউনিটে শিশু কাজ করলে ব্র্যান্ডের অডিটে দায় মূল সাপ্লায়ারের ওপরও আসে।
  4. শিশু পাওয়া গেলে শুধু ছাঁটাই করবেন না। কাজ থেকে সরিয়ে নিন, কিন্তু ব্র্যান্ড ও অডিট মানদণ্ড সাধারণত শিশুর পড়াশোনা ও পরিবারের আয়ের ব্যবস্থাসহ একটি প্রতিকার পরিকল্পনা চায়। শিশু আইনের ধারা ৮০ অনুযায়ী কাজের কথা বলে শিশুকে শোষণ করলে কারাদণ্ডও হতে পারে।
  5. নীতিমালা লিখিত রাখুন। শিশু ও কিশোর শ্রম নীতি, বয়স যাচাইয়ের পদ্ধতি আর প্রতিকার পরিকল্পনা লিখিত থাকলে অডিটে কাজে লাগে (পলিসি বিল্ডার)।

শিশু আইন, ২০১৩: কারখানার জন্য প্রাসঙ্গিক ধারা

শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) ২১ আগস্ট ২০১৩ থেকে কার্যকর। এর বেশির ভাগ বিধান শিশু আদালত ও বিচার নিয়ে; কারখানার জন্য প্রাসঙ্গিক ধারাগুলো নিচে হুবহু দেওয়া হলো।

ধারা ৩ — আইনের প্রাধান্য

৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।

ধারা ৪ — শিশু

৪। বিদ্যমান অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, অনুর্ধ্ব ১৮ (আঠার) বৎসর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসাবে গণ্য হইবে।

ধারা ৭০ — শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড

৭০। কোন ব্যক্তি যদি তাহার হেফাজতে, দায়িত্বে বা পরিচর্যায় থাকা কোন শিশুকে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবহার বা অশালীনভাবে প্রদর্শন করে এবং এইরূপভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, পরিত্যাগ ব্যক্তিগত পরিচর্যা বা প্রদর্শনের ফলে উক্ত শিশুর অহেতুক দুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাস্থ্যের এইরূপ ক্ষতি হয়, যাহাতে সংশ্লিষ্ট শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট হয়, শরীরের কোন অঙ্গ বা ইন্দ্রিয়ের ক্ষতি হয় বা কোন মানসিক বিকৃতি ঘটে, তাহা হইলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

ধারা ৮০ — শিশুকে শোষণের দণ্ড

৮০। (১) শিশু-আদালত কর্তৃক শিশুর জিম্মাদার, রক্ষণাবেক্ষণকারী, প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি যদি কোন শিশুকে ভৃত্যের চাকরী বা শ্রম আইন, ২০০৬ এর বিধান মোতাবেক কোন কারখানা কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজে নিয়োগের কথা বলিয়া হস্তগত করে, কিন্তু কার্যতঃ শিশুকে নিজ স্বার্থে শোষণ করে, আটকাইয়া রাখে অথবা তাহার উপার্জন ভোগ করে, তাহা হইলে উহা এই আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(২) শিশু-আদালত কর্তৃক শিশুর জিম্মাদার, রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি যদি কোন শিশুকে ভৃত্যের চাকুরী বা শ্রম আইন, ২০০৬ এর বিধান মোতাবেক কোন কারখানা কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজে নিয়োগের কথা বলিয়া হস্তগত করে, কিন্তু কার্যতঃ শিশুকে অসৎ পথে চালিত করে বা যৌনকর্ম কিংবা নীতি-গর্হিত কোন কাজে লিপ্ত হইবার ঝুঁকির সম্মুখীন করে, তাহা হইলে উহা এই আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(৩) কোন ব্যক্তি উপ-ধারা (১) বা (২) এ উল্লিখিত পদ্ধতিতে শোষিত বা কাজে লাগানো শিশুর শ্রমের ফল ভোগ করিলে অথবা নৈতিকতা বিরোধী বিনোদনের কাজে শিশুকে ব্যবহার করিলে তিনি সংশ্লিষ্ট দুষ্কর্মের সহায়তার জন্য দায়ী হইবেন।

ধারা ৮০(৩) গুরুত্বপূর্ণ: শোষিত শিশুর শ্রমের ফল যে ভোগ করে, সে-ও সহায়তার দায়ে পড়ে। অর্থাৎ সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে আসা শিশুশ্রমের দায় থেকে মূল কারখানা পুরোপুরি মুক্ত নয়।

ঝুঁকিপূর্ণ কাজের পূর্ণ তালিকা (৪৩টি)

প্রজ্ঞাপন
এস.আর.ও. নং ৯১-আইন/২০২২, তারিখ ৭ বৈশাখ ১৪২৯ / ২০ এপ্রিল ২০২২, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
আইনি ভিত্তি
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ৩৯(১)
গেজেট
বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৮০১৩–৮০২০(ঘ)
যা বাতিল হলো
৫ মার্চ ২০১৩-এর এস.আর.ও. নং ৬৫-আইন/২০১৩ (৩৮টি কাজের তালিকা)। নতুন তালিকায় ৫টি কাজ যোগ হয়ে মোট ৪৩টি।
মূল কপি
গেজেটের স্ক্যান PDF (মন্ত্রণালয়ের ২৭ জুন ২০২২-এর পত্রসহ, ১৩ পৃষ্ঠা)
শুধু ৪৩টি কাজের নাম দেখুন
  1. এ্যালুমিনিয়াম ও এ্যালুমিনিয়ামজাত দ্রব্যাদি তৈরি
  2. অটোমোবাইল ওয়ার্কশপ এর কাজ
  3. ব্যাটারি রি-চার্জিং
  4. বিড়ি ও সিগারেট তৈরি
  5. ইট বা পাথর ভাঙ্গা
  6. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা লেদ মেশিনে কাজ
  7. কাঁচ ও কাঁচের দ্রব্য তৈরি
  8. ম্যাচ তৈরি
  9. প্লাস্টিক বা রাবার সামগ্রী তৈরি
  10. লবণ শোধন
  11. সাবান ও ডিটারজেন্ট তৈরি
  12. স্টিল ফার্নিচার, গাড়ি বা মেটাল ফার্নিচার রংকরণ
  13. চামড়াজাত দ্রব্যাদি তৈরি
  14. ওয়েল্ডিং বা গ্যাস বার্নারের কাজ
  15. কাপড়ের রং ও ব্লিচকরণ
  16. জাহাজ ভাঙ্গার কাজ
  17. চামড়ার জুতা তৈরি
  18. ভলকানাইজিং এর কাজ
  19. মেটালের কাজ
  20. জিআই শিট, চুনাপাথর বা চক সামগ্রী তৈরি
  21. স্পিরিট ও এলকোহল প্রক্রিয়াকরণ
  22. জর্দা, তামাক ও কুইবাম তৈরি
  23. কীটনাশক তৈরি
  24. স্টিল, ধাতু ও লোহা তৈরি
  25. আতশবাজী তৈরি
  26. স্বর্ণালংকার বা কৃত্রিম অলংকার তৈরি
  27. ট্রাক, টেম্পো বা বাসে হেল্পারের কাজ
  28. স্টেইনলেস স্টিলের দ্রব্য তৈরি
  29. ববিন ফ্যাক্টরিতে কাজ
  30. তাঁতের কাজ
  31. ইলেকট্রিক মেশিনের কাজ
  32. বিস্কুট বা বেকারি কারখানায় কাজ
  33. সিরামিক কারখানায় কাজ
  34. নির্মাণ কাজ
  35. কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ
  36. কসাই এর কাজ
  37. কামারের কাজ
  38. বন্দরে এবং জাহাজে মালামাল হ্যান্ডলিংয়ের কাজ
  39. শুটকি উৎপাদনের কাজ
  40. অনানুষ্ঠানিক পথভিত্তিক কাজ
  41. ইট উৎপাদন, সংগ্রহ ও বহন বা পাথর সংগ্রহ ও বহনের কাজ
  42. অনানুষ্ঠানিক/স্থানীয় দর্জি এবং পোশাক খাতের কাজ
  43. আবর্জনা এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ

নিচের সারণিতে কলাম ২, ৩ ও ৪-এর লেখা গেজেট থেকে হুবহু নেওয়া। পোশাক খাতের সারি (ক্রমিক ৪২) হলুদ রঙে চিহ্নিত।

ক্রমিকপেশার ধরন বা ক্ষেত্রঝুঁকিপূর্ণ কাজশারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক প্রভাব
১এ্যালুমিনিয়াম ও এ্যালুমিনিয়ামজাত দ্রব্যাদি তৈরি।(ক) এ্যালুমিনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণ ও নূতন এ্যালুমিনিয়াম সামগ্রী তৈরি, ডাইস ও ছাঁচ ব্যবহার করা;
(খ) ধারালো, ভারী ও ঘূর্ণায়মান যন্ত্রপাতি ব্যবহার করা;
(গ) দীর্ঘ সময় শব্দের মধ্যে কাজ করা;
(ঘ) সর্বক্ষণ বদ্ধ পরিবেশে কাজ করা;
(ঙ) গরম ও উত্তাপে কাজ করা; এবং
(চ) এ্যালুমিনিয়াম গুড়ার মধ্যে কাজ করা।
(ক) নিউমোনিয়া;
(খ) কাশি;
(গ) রক্ত কাশি;
(ঘ) আঙ্গুলে দাঁদ (এ্যাকজিমা);
(ঙ) দুর্ঘটনাজনিত দৈহিক ক্ষত;
(চ) আঙ্গুলে গ্যাংগ্রিন;
(ছ) পায়ের রগ ফোলা;
(জ) শিরায় রক্ত জমাট বাঁধা; এবং
(ঝ) শ্রবণশক্তি লোপ।
২অটোমোবাইল ওয়ার্কশপ এর কাজ।(ক) সিনিয়র কারিগরদের সহযোগী হিসাবে কাজ করা;
(খ) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা;
(গ) অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করা;
(ঘ) পাইপে মুখ লাগাইয়া পেট্রোল বা ডিজেল টানিয়া লওয়া;
(ঙ) গ্রিজ, কেরোসিন ও মবিল ব্যবহার করা; এবং
(চ) নিরাপত্তা সরঞ্জাম ছাড়া গাড়ির নিম্নে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত দৈহিক আঘাত;
(খ) ঘষাজনিত চামড়ার প্রদাহ;
(গ) হাতে গ্যাংগ্রিন;
(ঘ) শ্বাস নালীর সংক্রমণ (ব্রংকিউলাইটিস);
(ঙ) দেহে সিসা প্রবেশজনিত বিষক্রিয়া; এবং
(চ) হাঁপানি (এ্যাজমা)।
৩ব্যাটারি রি-চার্জিং।ক্ষতিকর অক্সাইড, কার্বন ও বিদ্যুতের সংস্পর্শে কাজ করা।(ক) ফুসফুসে পানি জমা;
(খ) কাশি, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ;
(গ) দুর্ঘটনাজনিত আঘাত;
(ঘ) হাতে গ্যাংগ্রিন ও এলার্জি;
(ঙ) ঘষাজনিত চামড়ার প্রদাহ; এবং
(চ) হাতে ক্ষত।
৪বিড়ি ও সিগারেট তৈরি।(ক) তামাক শুকানো ও প্রক্রিয়াকরণ করা;
(খ) বিড়ি বানানো ও মোড়ক তৈরি করা;
(গ) অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ সময় কাজ করা;
(ঘ) তামাকের গুড়া ও নিকোটিনের সরাসরি সংস্পর্শে কাজ করা; এবং
(ঙ) ক্ষতিকর পদার্থের সংস্পর্শে কাজ করা।
(ক) ফুসফুসের রোগ;
(খ) পাকস্থলিতে ঘা;
(গ) উচ্চ রক্তচাপ;
(ঘ) হৃদরোগ ও হৃদরোগজনিত শারীরিক সমস্যা; এবং
(ঙ) শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত।
৫ইট বা পাথর ভাঙ্গা।(ক) ইট ও পাথরের গুড়ার সংস্পর্শে কাজ করা;
(খ) সরাসরি সূর্যের তাপে দীর্ঘ সময় কাজ করা;
(গ) অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা; এবং
(ঘ) ভারী যন্ত্রপাতি উঠানো-নামানো।
(ক) দুর্ঘটনাজনিত দৈহিক আঘাত;
(খ) হাতে ও আঙ্গুলে ক্ষত;
(গ) সর্দি কাশি ও ফুসফুসে প্রদাহ;
(ঘ) শ্রবণশক্তি হ্রাস; এবং
(ঙ) দৃষ্টিশক্তি হ্রাস।
৬ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা লেদ মেশিনে কাজ।(ক) লোহা কাটা ও গলানোর কাজ করা;
(খ) গলানো লোহা দিয়া কাঠামো তৈরি করা;
(গ) ক্ষুদ্র যন্ত্রাংশের জন্য ছাঁচ ও ব্লক তৈরি করা;
(ঘ) অতিদ্রুত গতির ঘূর্ণায়মান মেশিন ও কম্পমান যন্ত্রপাতি ব্যবহার করা; এবং
(ঙ) গরম ও জ্বলন্ত ধাতব কণা ও ধুলা-বালির সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) বাত ও বাতজনিত কারণে পায়ের জয়েন্ট ফোলা;
(গ) পায়ের শিরা ফোলা;
(ঘ) শিরায় রক্তজমাট বাধা;
(ঙ) চোখের প্রদাহ;
(চ) চোখ হইতে পানি ঝরা; এবং
(ছ) দৃষ্টিশক্তি লোপ।
৭কাঁচ ও কাঁচের দ্রব্য তৈরি।(ক) ভাঙা কাঁচের টুকরা পরিষ্কার ও গুড়া করা;
(খ) কাঁচ গলানো ও বিভিন্ন কাঁচের দ্রব্য তৈরির জন্য গলানো কাঁচ ছাঁচে ঢালা; এবং
(গ) তীব্র গরম ও উচ্চ শব্দের সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) অসহ্য খুসখুসে কাশি;
(গ) ঘন আঠাযুক্ত কাশি;
(ঘ) রক্তকাশি;
(ঙ) শ্বাসকষ্ট;
(চ) ক্ষুদামান্দ্য;
(ছ) জ্বর;
(জ) হাড়ে ব্যথা;
(ঝ) মাথা ব্যথা;
(ঞ) বমি ভাব; এবং
(ট) শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত।
৮ম্যাচ তৈরি।(ক) রাসায়নিক দ্রব্য (কার্বন, ফসফরাস), গ্লু ও কাঠের টুকরা লইয়া কাজ করা;
(খ) বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও কাঠের গুড়ার সংস্পর্শে কাজ করা; এবং
(গ) অস্বাভাবিক ভঙ্গিমায় স্বল্প পরিসরে দীর্ঘ সময় কাজ করা।
(ক) ঘষাজনিত চামড়ার প্রদাহ;
(খ) আঙ্গুলে ঘা;
(গ) শিরায় ব্যথা;
(ঘ) বাত ও বাতজনিত কারণে বিকৃতি; এবং
(ঙ) শ্বাসতন্ত্রের রোগ।
৯প্লাস্টিক বা রাবার সামগ্রী তৈরি।(ক) প্লাস্টিক বা রাবার গলানো;
(খ) বিভিন্ন ধরনের ছাঁচের মধ্যে গলানো দ্রব্য ঢালা;
(গ) রাসায়নিক দ্রব্য ও ধুলার সংস্পর্শে কাজ করা; এবং
(ঘ) বিভিন্ন প্লাস্টিক ও রাবারের দ্রব্য তৈরির জন্য বিভিন্ন ধরনের ছাঁচ ব্যবহার করা।
(ক) শুষ্ক কাশি;
(খ) নিউমোনিয়া;
(গ) হাঁপানি (এ্যাজমা);
(ঘ) দীর্ঘস্থায়ী ফুসফুসের প্রদাহ;
(ঙ) যকৃতের দুরারোগ্য ব্যাধি; এবং
(চ) মূত্রাশয় ক্যান্সার।
১০লবণ শোধন।(ক) লবণে আয়োডিন সংমিশ্রণ করা; এবং
(খ) লবণ মাপা ও মোড়কজাত করা।
(ক) রক্তশূন্যতা;
(খ) শরীর ফোলা;
(গ) চামড়ায় চুলকানিজনিত প্রদাহ;
(ঘ) এলার্জি;
(ঙ) ঘষাজনিত চামড়ায় প্রদাহ;
(চ) হাতে ও পায়ে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ;
(ছ) ক্ষুদামান্দ্য; এবং
(জ) বমি ভাব ও বমি।
১১সাবান ও ডিটারজেন্ট তৈরি।(ক) পশুর চর্বি, কার্বলিক এসিড ও গ্লিসারিনের সংমিশ্রণ তৈরি করা; এবং
(খ) সাবান তৈরি ও মোড়কজাত করা।
(ক) চুলকানিজনিত চামড়ার প্রদাহ;
(খ) হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুলে ক্ষত;
(গ) অসহ্য কাশি;
(ঘ) নিউমোনিয়া;
(ঙ) ফুসফুসের প্রদাহ বা দীর্ঘস্থায়ী প্রদাহ; এবং
(চ) হাঁপানি (এ্যাজমা)।
১২স্টিল ফার্নিচার, গাড়ি বা মেটাল ফার্নিচার রংকরণ।(ক) নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত দীর্ঘ সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে কাজ করা;
(খ) স্টিলের টুকরো পরিষ্কার করা স্টিল পলিশ করা ও রং লাগানো;
(গ) সিসা ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও ধাতব গুড়ার সংস্পর্শে কাজ করা; এবং
(ঘ) অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা।
(ক) দেহে সিসা প্রবেশজনিত বিষক্রিয়া;
(খ) বমি ভাব ও বমি;
(গ) পেটে ব্যথা;
(ঘ) যকৃতের প্রদাহ;
(ঙ) ঘনকাশি ও রক্তকাশি;
(চ) হাঁপানি (এ্যাজমা);
(ছ) ফুসফুসের প্রদাহ;
(জ) হাতে ও পায়ে ক্ষত;
(ঝ) সিসার কারণে ঘর্ষণজনিত চামড়ার প্রদাহ ও চামড়ার ক্যান্সার; এবং
(ঞ) এলার্জি।
১৩চামড়াজাত দ্রব্যাদি তৈরি।(ক) এসিড ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাধ্যমে চামড়া প্রক্রিয়াজাত করা;
(খ) নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করিয়া ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদির সংস্পর্শে কাজ করা; এবং
(গ) অস্বাস্থ্যকর ও ভীষণ দুর্গন্ধের মধ্যে কাজ করা।
(ক) এ্যানথ্রাক্সজনিত কারণে হাতে ও পায়ে ঘা;
(খ) জ্বর;
(গ) অত্যধিক শারীরিক দুর্বলতা;
(ঘ) চামড়ার প্রদাহ;
(ঙ) ফাঙ্গাসজনিত প্রদাহ;
(চ) আঙ্গুলের মাঝে ঘা;
(ছ) ডায়রিয়া;
(জ) ক্ষুধামান্দ্য; এবং
(ঝ) বমি।
১৪ওয়েল্ডিং বা গ্যাস বার্নারের কাজ।(ক) লোহা কাটা বা বিভিন্ন আকৃতি তৈরি করা এবং গ্রিল, জানালা ও দরজা তৈরি করা;
(খ) ধারালো যন্ত্রপাতি ও মেশিন ব্যবহার করা;
(গ) আগুনের শিখার সংস্পর্শে কাজ করা;
(ঘ) ধাতুর গুড়ার সংস্পর্শে কাজ করা;
(ঙ) ক্ষতিকারক গ্যাস লইয়া কাজ করা; এবং
(চ) নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত ওয়েলডিং এর কাজ করা।
(ক) দৃষ্টিশক্তি লোপ;
(খ) চোখে জ্বালা পোড়া;
(গ) চোখ লাল হওয়া;
(ঘ) চোখ চুলকানো;
(ঙ) চোখের প্রদাহ;
(চ) অন্ধত্ব;
(ছ) চামড়ায় জ্বালা পোড়া;
(জ) হাতে ও পায়ে কিলয়েড (Keloid) ক্ষত তৈরি;
(ঝ) ফুসফুসে দ্রুত পানি আসা;
(ঞ) নিউমোনিয়া;
(ট) শ্বাস কষ্ট;
(ঠ) হাতে ও পায়ে ঘা;
(ড) বিদ্যুৎজনিত দগ্ধতা;
(ঢ) দাহ্য পদার্থজনিত দুর্ঘটনা;
(ণ) নিঃশ্বাসজনিত নিউমোনিয়া ও শ্বাস কষ্ট; এবং
(ত) যান্ত্রিক আঘাত।
১৫কাপড়ের রং ও ব্লিচকরণ।(ক) বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মোড়কজাত, পরিমাপ ও বিক্রি করা; এবং
(খ) কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে কাজ করা ও স্পর্শ করা।
(ক) হাতে ও পায়ে ব্যথাজনিত ঘা;
(খ) জ্বর;
(গ) অত্যাধিক শারীরিক দুর্বলতা; এবং
(ঘ) চামড়ার প্রদাহ ও ফাঙ্গাস সংক্রমণ।
১৬জাহাজ ভাঙ্গার কাজ।(ক) ট্যাংকার হইতে জ্বালানি তেল সংগ্রহ করা;
(খ) ব্যারেল ও কন্টেইনার হইতে জ্বালানি তেল সংগ্রহ করা; এবং
(গ) স্টিলের শিট সংগ্রহ ও বহন করা।
(ক) শরীরের চামড়ায় ও চোখে ক্ষত;
(খ) চোখ হইতে পানি ঝরা;
(গ) পিঠে ব্যথা; এবং
(ঘ) শ্রবণশক্তি লোপ।
১৭চামড়ার জুতা তৈরি।(ক) বিভিন্ন ধরনের জুতা তৈরির জন্য চামড়ার টুকরো পরিষ্কার করা, বিভিন্ন আকৃতি তৈরি করা, পলিশ করা এবং কাটা ও সেলাই করা;
(খ) ধারালো যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব ও রং ব্যবহার করা;
(গ) শ্বাস-প্রশ্বাসের সহিত রাবারের গুড়া গ্রহণ করা; এবং
(ঘ) আবদ্ধ পরিবেশ ও স্বল্প আলো-বাতাসে দীর্ঘ সময় কাজ করা।
(ক) হাতে ও পায়ে ক্ষত;
(খ) জ্বর;
(গ) অত্যাধিক শারীরিক দুর্বলতা;
(ঘ) চামড়ার প্রদাহ ও ফাঙ্গাস সংক্রমণ;
(ঙ) হাত ও পায়ের আঙ্গুলে ঘা;
(চ) ডায়রিয়া; এবং
(ছ) বমি ভাব ও বমি।
১৮ভলকানাইজিং এর কাজ।(ক) গাড়ির চাকা মেরামত ও সার্ভিসিং কাজে সিনিয়র কারিগরকে সহায়তা করা;
(খ) ভারী চাকা বহন করা;
(গ) ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা; এবং
(ঘ) গ্যাস সিলিন্ডার ব্যবহার করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) ঘর্ষণজনিত আঘাত;
(গ) শিরায় ব্যথা;
(ঘ) বাত; এবং
(ঙ) হারনিয়া।
১৯মেটালের কাজ।(ক) ভারী ও ধারালো যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করিয়া মেটালের টুকরো কাটা ও বিভিন্ন আকৃতি তৈরি করা;
(খ) রং করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা; এবং
(গ) রাসায়নিক দ্রব্য ও মেটালের গুড়ার সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) মাথা ব্যথা;
(গ) বমি ভাব;
(ঘ) পায়ের রগ ফোলা;
(ঙ) চোখে চুলকানি;
(চ) চোখে পানি আসা; এবং
(ছ) দৃষ্টিশক্তি লোপ।
২০জিআই শিট, চুনাপাথর বা চক সামগ্রী তৈরি।(ক) অত্যাধিক তাপে কাজ করা;
(খ) উত্তপ্ত পদার্থ এবং জ্বলন্ত ও ভারী যন্ত্রপাতির ব্যবহার করা;
(গ) উচ্চ শব্দের মধ্যে কাজ করা;
(ঘ) বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ওজন ও বিক্রি করা;
(ঙ) বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে কাজ করা;
(চ) কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত খালি হাতে রাসায়নিক দ্রব্য নাড়াচাড়া করা;
(ছ) প্লাস্টিক মন্ড ব্যবহার করা; এবং
(জ) রাসায়নিক দ্রব্যাদির সূক্ষ্ম কণার সংস্পর্শে কাজ করা।
(ক) ক্রমাগত মাথা ব্যথা;
(খ) বমি;
(গ) দৃষ্টিশক্তি লোপ;
(ঘ) শ্রবণশক্তি লোপ;
(ঙ) দুর্ঘটনাজনিত আঘাত;
(চ) শরীরের চামড়া পোড়া;
(ছ) হাতে ও পায়ে ক্ষত; এবং
(জ) শ্বাস কষ্ট।
২১স্পিরিট ও এলকোহল প্রক্রিয়াকরণ।(ক) রাসায়নিক দ্রব্য লইয়া কাজ করা;
(খ) অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা; এবং
(গ) বিভিন্ন রাসায়নিক রং ব্যবহার করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি; এবং
(গ) শ্বাস কষ্ট।
২২জর্দা, তামাক ও কুইবাম তৈরি।(ক) অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা;
(খ) রাসায়নিক দ্রব্য লইয়া কাজ করা;
(গ) ধারালো টিনের সরঞ্জাম ব্যবহার করা; এবং
(ঘ) উচ্চ শব্দের মধ্যে কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি;
(গ) চামড়া পোড়া;
(ঘ) হাতে ও পায়ে সংক্রমণ ও ঘা; এবং
(ঙ) শ্বাস কষ্ট।
২৩কীটনাশক তৈরি।(ক) অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা; এবং
(খ) বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য লইয়া কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি;
(গ) চামড়া পোড়া;
(ঘ) হাত ও পায়ে সংক্রমণ ও ঘা; এবং
(ঙ) শ্বাস কষ্ট।
২৪স্টিল, ধাতু ও লোহা তৈরি।(ক) লোহার গুড়া ও লোহার কণার সংস্পর্শে আসা;
(খ) উচ্চ শব্দ ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা;
(গ) লেদ মেশিনে নাট ও বোল্ট তৈরির কাজ করা;
(ঘ) ভারী ও ধারালো যন্ত্রপাতি ব্যবহার করিয়া মেটাল ও স্টিল কাটা এবং বিভিন্ন আকৃতি তৈরি করা; এবং
(ঙ) ধুলোবালির মধ্যে কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি; এবং
(গ) চামড়া পোড়া।
২৫আতশবাজী তৈরি।(ক) উত্তপ্ত গ্যাস ব্যবহার করিয়া কাজ করা;
(খ) কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত ধারালো ও উত্তপ্ত যন্ত্রপাতি লইয়া কাজ করা; এবং
(গ) অত্যাধিক গরমে কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি; এবং
(গ) শ্বাস কষ্ট।
২৬স্বর্ণালংকার বা কৃত্রিম অলংকার তৈরি।(ক) রাসায়নিক দ্রব্য ও বিভিন্ন ধরনের উত্তাপক গ্যাস ব্যবহার করিয়া কাজ করা;
(খ) মেটাল দ্রব্য কাটা ও বিভিন্ন আকৃতি তৈরি করা;
(গ) রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করা;
(ঘ) কাঁচ, মেটাল ও প্লাস্টিক পরিষ্কার ও গুড়া করা;
(ঙ) রাসায়নিক প্লাস্টিক ও কাঁচ ব্যবহার করিয়া গলানো ও যুক্ত করিবার কাজ করা;
(চ) সরাসরি অগ্নিশিখা ও রাসায়নিক প্লাস্টিক ধোঁয়ার সংস্পর্শে কাজ করা;
(ছ) অস্বাভাবিক দেহ ভঙ্গিতে দৃষ্টি ও হাতের সর্বোচ্চ সমন্বয়ে কাজ করা;
(জ) বিপজ্জনক নাইট্রিক ও সালফিউরিক এসিডের আগুন ব্যবহার করিয়া স্বর্ণ গলানো ও আকৃতি তৈরি করা; এবং
(ঝ) অপর্যাপ্ত ভেন্টিলেশনে ও স্বল্প আলোতে ছোট জায়গায় আগুন লইয়া কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি;
(গ) শ্বাস কষ্ট;
(ঘ) দৃষ্টিশক্তি লোপ;
(ঙ) চোখ চুলকানো;
(চ) চোখ হইতে পানি ঝরা;
(ছ) ক্ষুধামান্দ্য;
(জ) ওজন হ্রাস;
(ঝ) শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত;
(ঞ) চোখের জ্বালাপোড়া; এবং
(ট) দুর্ঘটনাজনিত আঘাত।
২৭ট্রাক, টেম্পো বা বাসে হেল্পারের কাজ।(ক) সরাসরি রৌদ্রের মাঝে ট্রাক, টেম্পো বা বাস হেল্পার হিসাবে কাজ করা; এবং
(খ) বিভিন্ন ধরনের গাড়ির ধোঁয়ার সংস্পর্শে কাজ করা।
(ক) সড়ক দুর্ঘটনা;
(খ) পাকস্থলিতে ঘা;
(গ) ক্ষুধামান্দ্য;
(ঘ) বমি ভাব;
(ঙ) ওজন হ্রাস;
(চ) কোষ্ঠকাঠিন্য;
(ছ) মাথা ব্যথা;
(জ) শ্রবণশক্তির ক্ষতি;
(ঝ) মূত্রনালীতে সংক্রমণ; এবং
(ঞ) শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত।
২৮স্টেইনলেস স্টিলের দ্রব্য তৈরি।(ক) উচ্চ শব্দের মধ্যে ও শ্বাসরোধকর পরিবেশে কাজ করা; এবং
(খ) ধারালো যন্ত্রপাতি এবং অতিরিক্ত গরমে লোহার কণা ও রাসায়নিক দ্রব্যাদির সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) খুসখুসে কাশি;
(গ) ফুসফুসে প্রদাহ;
(ঘ) হাঁপানি;
(ঙ) শ্রবণশক্তির ক্ষতি;
(চ) ঘর্ষণজনিত চামড়ার প্রদাহ; এবং
(ছ) হাত ও পায়ে ক্ষত।
২৯ববিন ফ্যাক্টরিতে কাজ।(ক) কাঠ কাটা, বিভিন্ন আকৃতি তৈরি করা, পলিশ ও রং করা;
(খ) কাঠের গুড়া ও ধুলোবালির সংস্পর্শে কাজ করা;
(গ) খালি হাতে স্পিরিট ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা;
(ঘ) কাঠের বিভিন্ন দ্রব্য ও আসবাবপত্র বার্নিস করা;
(ঙ) ধারালো যন্ত্রপাতি লইয়া কাজ করা; এবং
(চ) গাছের বৃহৎ কান্ড বা খণ্ড বহন করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) আঘাতজনিত সংক্রমণ;
(গ) ঠান্ডাকাশি;
(ঘ) ফুসফুসে প্রদাহ;
(ঙ) এ্যাজমা; এবং
(চ) নাকে ক্যান্সার।
৩০তাঁতের কাজ।(ক) তাঁত বোনা ও রং ব্যবহার করা;
(খ) চোখের তীক্ষ্ণ ব্যবহার করিয়া কাজ করা;
(গ) দীর্ঘ সময় ধরিয়া অপর্যাপ্ত ভেন্টিলেশনে ও অল্প আলোতে কাজ করা; এবং
(ঘ) তাঁতের ফ্রেম ব্যবহার করা।
(ক) চোখে ব্যথা;
(খ) চোখ হইতে পানি ঝরা;
(গ) দৃষ্টিশক্তির ব্যাঘাত;
(ঘ) মাথা ব্যথা;
(ঙ) মাথা ঘোরা;
(চ) বাত;
(ছ) শ্বাস কষ্ট; এবং
(জ) স্নায়বিক সমস্যা।
৩১ইলেকট্রিক মেশিনের কাজ।(ক) ইলেকট্রিশিয়ানকে সকল ধরনের বৈদ্যুতিক কাজে সহায়তা করা;
(খ) ভারী ও ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা;
(গ) যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত কাজ করা; এবং
(ঘ) বিদ্যুৎ স্পৃষ্ট হইবার ঝুঁকিতে কাজ করা।
(ক) বৈদ্যুতিক দুর্ঘটনা;
(খ) বিদ্যুৎ স্পৃষ্টতা;
(গ) এ্যাজবেসটোসিস (Asbestosis); এবং
(ঘ) ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রদাহ।
৩২বিস্কুট বা বেকারি কারখানায় কাজ।(ক) আটা, বেকিং পাউডার ও চিনি মিশ্রণ করা;
(খ) আগুনের চুলায় কাজ করা;
(গ) চুলায় বেকিং ট্রে প্রবেশ এবং বাহির করা; এবং
(ঘ) দিন বা রাত উভয় সিফটে দীর্ঘ সময় কাজ করা।
(ক) মাথা ব্যথা;
(খ) বমি;
(গ) দৃষ্টিশক্তি সমস্যা;
(ঘ) ক্ষুধামান্দ্য;
(ঙ) পাকস্থলিতে ঘা;
(চ) কোষ্ঠকাঠিন্য;
(ছ) পাকস্থলিতে প্রদাহ; এবং
(জ) যকৃতে প্রদাহ।
৩৩সিরামিক কারখানায় কাজ।(ক) প্রচণ্ড তাপের মাঝে কাজ করা; এবং
(খ) রাসায়নিক সিলিকা জাতীয় দ্রব্য ব্যবহার করা।
(ক) সিলিকসিস;
(খ) ফুসফুসে ক্যান্সার; এবং
(গ) কণ্ঠনালীতে ক্যান্সার।
৩৪নির্মাণ কাজ।(ক) পাথর ভাঙ্গা ও ইট-ভাটায় কাজ করা;
(খ) রাজমিস্ত্রীকে সহযোগিতা করা;
(গ) ভারী জিনিস বহন করা;
(ঘ) নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত কাজ করা; এবং
(ঙ) সরাসরি রৌদ্রে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) ঘর্ষণজনিত আঘাত;
(গ) ধনুষ্টংকার (টিটেনাস);
(ঘ) বাত;
(ঙ) হারনিয়া;
(চ) শ্বাস কষ্ট;
(ছ) যক্ষ্মা;
(জ) ঘর্ষণজনিত চামড়ার রোগ; এবং
(ঝ) হাত ও পায়ে ঘা।
৩৫কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ।(ক) রাসায়নিক দ্রব্য লইয়া কাজ করা;
(খ) রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসা;
(গ) শারীরিক বিভিন্ন ভঙ্গিমায় দীর্ঘ সময় তীব্র শব্দের মধ্যে কাজ করা; এবং
(ঘ) ভারী বোঝা বহন করা।
(ক) চামড়ার প্রদাহ;
(খ) হাতে ও পায়ে ঘা;
(গ) শিরায় ব্যথা;
(ঘ) বাত;
(ঙ) বিকলাঙ্গ; এবং
(চ) শ্বাসতন্ত্রে রোগ।
৩৬কসাই এর কাজ।(ক) রক্তের মাঝে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা;
(খ) ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা; এবং
(গ) নিয়মিত গরু বা ছাগল কাটা।
(ক) চামড়ার রোগ (যেমন- খোস পাচড়া);
(খ) দাঁদ (এ্যাকজিমা);
(গ) হাতে ও পায়ে ঘা; এবং
(ঘ) হৃদরোগ।
৩৭কামারের কাজ।(ক) ধারালো যন্ত্রপাতি ও হাতুড়ির সাহায্যে লোহা পরিষ্কার করা, গলানো ও বিভিন্ন আকৃতি প্রদান; এবং
(খ) তীব্র শব্দ, তাপ, অগ্নি স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সংস্পর্শে কাজ করা।
(ক) শ্রবণশক্তি লোপ;
(খ) হাত, হাঁটু ও কনুইয়ের বিকৃতি;
(গ) শিরায় ব্যথা;
(ঘ) বাত;
(ঙ) ফাঙ্গাসজনিত প্রদাহ;
(চ) ঘর্ষণজনিত চামড়ার প্রদাহ;
(ছ) টেনোছেনোভাইটাস (Tenosynovitis);
(জ) বারসাইটেস (Bursitis); এবং
(ঝ) দুর্ঘটনাজনিত আঘাত।
৩৮বন্দরে এবং জাহাজে মালামাল হ্যান্ডলিংয়ের কাজ।ভারী মালামাল উঠানো-নামানো এবং বহন করা।(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) শিরায় ব্যথা ও ফোলা;
(গ) দৈহিক আঘাত; এবং
(ঘ) বিস্ফোরণজনিত দুর্ঘটনা।
৩৯শুটকি উৎপাদনের কাজ।(ক) দীর্ঘ সময় কাজ করা;
(খ) সরাসরি সূর্যের তাপে দীর্ঘসময় কাজ করা;
(গ) রাসায়নিক দ্রব্য লইয়া কাজ করা;
(ঘ) ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা;
(ঙ) নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত কাজ করা; এবং
(চ) অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করা।
(ক) ক্যান্সার;
(খ) জ্বর, সর্দি ও কাশি;
(গ) বিভিন্ন রকমের চর্মরোগ;
(ঘ) ডায়রিয়া; এবং
(ঙ) যক্ষ্মা।
৪০অনানুষ্ঠানিক পথভিত্তিক কাজ।(ক) দীর্ঘ সময় কাজ করা;
(খ) সরাসরি সূর্যের তাপে দীর্ঘ সময় কাজ করা;
(গ) অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করা; এবং
(ঘ) ধুলোবালির সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) দৈহিক আঘাত;
(গ) জ্বর, সর্দি ও কাশি;
(ঘ) বিভিন্ন রকমের চর্মরোগ;
(ঙ) ডায়রিয়া;
(চ) যক্ষ্মা;
(ছ) এলার্জিজনিত সমস্যা; এবং
(জ) এইডস এবং অন্যান্য সংক্রামক রোগ।
৪১ইট উৎপাদন, সংগ্রহ ও বহন বা পাথর সংগ্রহ ও বহনের কাজ।(ক) অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করা;
(খ) অত্যাধিক গরমে কাজ করা;
(গ) ভারী বোঝা বহন করা; এবং
(ঘ) অত্যাধিক ইট বা পাথরের গুড়ার সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) জ্বর, সর্দি ও কাশি;
(গ) হাতে, পায়ে ও কোমরে দীর্ঘস্থায়ী ব্যথা;
(ঘ) ফুসফুসে প্রদাহ; এবং
(ঙ) এলার্জিজনিত সমস্যা।
৪২অনানুষ্ঠানিক/স্থানীয় দর্জি এবং পোশাক খাতের কাজ।(ক) চোখের তীক্ষ্ণ ব্যবহার করিয়া কাজ করা;
(খ) আবদ্ধ পরিবেশে ও স্বল্প আলো-বাতাসে দীর্ঘ সময় কাজ করা;
(গ) নিরাপত্তা সরঞ্জাম ব্যতীত কাজ করা; এবং
(ঘ) দিন বা রাতে দীর্ঘ সময় কাজ করা।
(ক) দৃষ্টিশক্তি লোপ;
(খ) এ্যালার্জিজনিত সমস্যা;
(গ) দুর্ঘটনাজনিত আঘাত;
(ঘ) আঙ্গুলে দীর্ঘস্থায়ী ব্যথা;
(ঙ) মাথা ব্যথা;
(চ) মাথা ঘোরা;
(ছ) বাত; এবং
(জ) স্নায়বিক সমস্যা।
৪৩আবর্জনা এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ।(ক) অস্বাস্থ্যকর বা বিপজ্জনক পরিবেশে কাজ করা; এবং
(খ) ক্ষতিকারক প্লাস্টিক, রাসায়নিক দ্রব্য, গুড়া বা ধুলার সংস্পর্শে কাজ করা।
(ক) দুর্ঘটনাজনিত আঘাত;
(খ) ক্যান্সার; এবং
(গ) বিভিন্ন রকমের চর্মরোগ।

তথ্যসূত্র: এস.আর.ও. নং ৯১-আইন/২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ২৯ এপ্রিল ২০২২ (PDF) · শিশু আইন, ২০১৩ (bdlaws) · বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (bdlaws), ২০২৬ সালের সংশোধনসহ · ইপিজেড শ্রম আইন, ২০১৯, ধারা ১৭৫। যাচাই: ৮ নভেম্বর ২০২৬।