আপীলেট কর্তৃপক্ষের গঠন এবং ইহার ক্ষমতা ও কার্যাবলী
(১) বিধি ১৪-তে বর্ণিত আপীল শুনানী ও নিষ্পত্তির জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাবৃন্দ সমন্বয়ে আপীলেট কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা ঃ—
(ক) যুগ্ম-সচিব (হাসপাতাল ও নার্সিং), চেয়ারম্যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। (পদাধিকারবলে);
(খ) উপ-সচিব (হাসপাতাল), সদস্য (পদাধিকারবলে); স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
(গ) উপ-সচিব (পরিবেশ-২), সদস্য (পদাধিকারবলে)। পরিবেশ ও বন মন্ত্রণালয়।
(২) আপীলেট কর্তৃপক্ষ, আপীলকারীর নিকট হইতে আপীলের আবেদন প্রাপ্ত হইবার ত্রিশ দিনের মধ্যে আপীল শুনানীর নির্ধারিত তারিখ অবহিত করিয়া আপীলকারীর উপর লিখিত নোটিশ জারী করিতে পারিবে।
(৩) আপীলেট কর্তৃপক্ষ আপীল শুনানীর উদ্দেশ্যে প্রয়োজন হইলে, পক্ষগণের নিকট হইতে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি তলব করিতে পারিবে।
(৪) আপীল শুনানীর জন্য নির্ধারিত তারিখে এবং উক্তরূপ শুনানী মূলতবী হইলে, পরবর্তী তারিখে আপীলটির শুনানী গ্রহণ করা যাইবে।
(৫) আপীলের দরখাস্ত প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী নব্বই দিনের মধ্যে আপীলেট কর্তৃপক্ষ প্রতিটি আপীল নিষ্পত্তি করিবে।
(৬) আপীল শুনানীর নির্ধারিত তারিখে আপীলকারী অনুপস্থিত থাকিলে আপীলেট কর্তৃপক্ষ আপীলটি একতরফাভাবে খারিজ করিতে পারিবে।
(৭) আপীলেট কর্তৃপক্ষ, আপীল আবেদন শুনানীর পর কর্তৃপক্ষের প্রদত্ত আদেশ অনুমোদন, সংশোধন কিংবা বাতিল করিতে পারিবে।
(৮) আপীলেট কর্তৃপক্ষের প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং এইরূপ সিদ্ধান্তের বির্চদ্ধে আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না।
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।