লাইসেন্সের ধরণ, প্রদানের পদ্ধতি, নবায়ন ও বাতিল
(১) এই বিধিমালার অধীন নিম্নবর্ণিত তিন ধরনের লাইসেন্স প্রদান করা যাইবে, যথা ঃ—
(ক) চিকিৎসা-বর্জ্য পৃথকীকরণ, প্যাকেটজাতকরণ, মজুদকরণ বিনষ্টকরণ ও ভস্মীকরণ লাইসেন্স ;
(খ) চিকিৎসা-বর্জ্য সংগ্রহ ও পরিবহন লাইসেন্স ; এবং
(গ) চিকিৎসা-বর্জ্য পরিশোধন, বিশোধন ও অপসারণ লাইসেন্স।
(২) কর্তৃপক্ষের নিকট হইতে এতদুদ্দেশ্যে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোন দখলদার চিকিৎসা- বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ করিতে পারিবেন না ঃ
তবে শর্ত থাকে যে, সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় উক্তরূপ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই বিধির কোন কিছু প্রযোজ্য হইবে না।
(৩) লাইসেন্স প্রাপ্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফিসসহ ফরম-১ এ প্রতিটি আবেদন দাখিল করিতে হইবে।
(৪) কর্তৃপক্ষ আবেদন প্রাপ্ত হইয়া প্রয়োজনীয় তদন্ত সম্পন্নপূর্বক আবেদনকারীর চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ করিবার প্রয়োজনীয় যোগ্যতা আছে মর্মে সন্তুষ্ট হইলে আবেদনকারীকে প্রার্থিত লাইসেন্স প্রদান করিবে।
(৫) কর্তৃপক্ষ লাইসেন্স প্রাপ্তির আবেদন প্রাপ্ত হইবার তারিখ হইতে তিন মাসের মধ্যে আবেদনকারীকে প্রার্থিত লাইসেন্স প্রদান করিতে হইবে; অন্যথায় প্রার্থিত লাইসেন্স না মঞ্জুরের কারণ উল্লেখপূর্বক বিষয়টি লিখিতভাবে আবেদনকারীকে অবহিত করিতে হইবে।
(৬) লাইসেন্স প্রদানের তারিখ হইতে উহা পরবর্তী তিন বৎসর মেয়াদের জন্য বৈধ থাকিবে এবং পরবর্তী মেয়াদের উহা সরকার কর্তৃক নির্ধারিত ফিসসহ ফরম-১ এ আবেদন দাখিলপূর্বক নবায়ন করা যাইবে ঃ
তবে শর্ত থাকে যে, কোন দখলদার লাইসেন্সের মেয়াদান্তে উহা নবায়ন না করিয়া কার্যক্রম পরিচালনা করিলে তাহাকে লাইসেন্স নবায়নের জন্য অনধিক ত্রিশ দিনের সতর্কতামূলক নোটিশ প্রদান করিয়া নোটিশ প্রদানকালীন সময়ে তাহার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা যাইবে এবং উক্তরূপ সময় অতিক্রান্ত হওয়ার পর দখলদার লাইসেন্স নবায়ন করিতে ব্যর্থ হইলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাহাকে প্রদত্ত লাইসেন্স বাতিল করা হইবে।
(৭) উপ-বিধি (৬) এর বিধান সত্ত্বেও, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের যোগ্যতা অর্জনের সামর্থ প্রদর্শনার্থে কোন দখলদারকে অনূর্ধ্ব এক বৎসর মেয়াদী “পরীক্ষামূলক লাইসেন্স” প্রদান করা যাইবে।
(৮) উপ-বিধি (৪) ও (৭) এর অধীন কর্তৃপক্ষ লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করিলে ফরম-২ এ উহা প্রদান করা হইবে।
(৯) এই বিধির অধীন কোন ব্যক্তি এক বা একাধিক ধরনের লাইসেন্স গ্রহণ করিতে পারিবে।
(১০) কোন লাইসেন্সপ্রাপ্ত দখলদার লাইসেন্সে উল্লিখিত কোন শর্ত লঙ্ঘন করিলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দখলদারকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া, প্রযোজন হইলে, লাইসেন্স বাতিলের আদেশ প্রদান করিতে পারিবে।
(১১) এই বিধির অধীন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আইনের বিধানাবলী যথাযথভাবে অনুসরণ করিতে হইবে।
তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।