লাইসেন্স
(১) এই বিধিমালার অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য লাইসেন্সের দরখাস্ত মহাপরিচালক কর্তৃক নির্ধারিত ফরম পূরণক্রমে তাহার নিকট দাখিল করিতে হইবে।
(২) উক্ত ফরম ওজোন সেলের কার্যালয় হইতে বিনামূল্যে সংগ্রহ করা যাইবে।
(৩) যথাযথভাবে পূরণকৃত ফরম মহাপরিচালকের নিকট দাখিল হইবার পর আইন ও এই বিধিমালা অনুসারে উক্ত ফরমে উল্লিখিত বিষয়গুলোর সত্যতা যাচাই বা, ক্ষেত্রমত, তদন্ত করিয়া মহাপরিচালক দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবেন।
(৪) উপ-বিধি (১) অধীন দাখিলকৃত কোন দরখাস্ত বিবেচনার প্রয়োজনে মহাপরিচালক দরখাস্তকারীকে সংশিষ্ট যে কোন তথ্য সরবরাহ করিবার জন্য নির্দেশ দিতে পারিবেন।
(৫) উপ-বিধি (৩) এর অধীন কোন লাইসেন্স মঞ্জুর না করিবার সিদ্ধান্ত গ্রহণ করা হইলে মহাপরিচালক উহার যুক্তিসংগত কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত সিদ্ধান্ত গ্রহণের ৭(সাত) কার্যদিবসের মধ্যে দরখাস্তকারীকে অবহিত করিবেন।
(৬) উপ-বিধি (৩) এর অধীন কোন লাইসেন্স মঞ্জুর করিবার সিদ্ধান্ত গ্রহণ করা হইলে মহাপরিচালক উক্ত সিদ্ধান্ত দ্রুত দরখাস্তকারীকে অবহিত করিবেন এবং মহাপরিচালক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দরখাস্তকারীকে লাইসেন্স ফি বাবদ প্রতিটি আইটেম-এর জন্য টাকা ৫০০/- (পাঁচশত) পরিবেশ অধিদপ্তরের অনুকূলে সিদ্ধান্ত অবহিত হইবার ৭(সাত) কার্যদিবসের মধ্যে দরখাস্তকারীকে জমা করিবার নির্দেশ প্রদান করিবেন।
(৭) দরখাস্তকারী কর্তৃক উপ-বিধি (৬) এ উল্লিখিত পদ্ধতিতে লাইসেন্স ফি প্রদত্ত হইলে মহাপরিচালক তৎকর্তৃক নির্ধারিত ফরম, শর্ত ও মেয়াদে লাইসেন্স প্রদান করিবেন।
(৮) মহাপরিচালক আইন ও এই বিধিমালার উদ্দেশ্যপূরণকল্পে, তদ্ধীনে ইস্যুকৃত লাইসেন্সের যে কোন শর্ত সংশোধন করিতে পারিবেন, তবে লাইসেন্স গ্রহীতাকে ২(দুই) সপ্তাহের নোটিশ প্রদান না করিয়া এই বিধির অধীন লাইসেন্সের কোন শর্ত সংশোধন করা যাইবে না।
(৯) মহাপরিচালক লাইসেন্স গ্রহীতার দরখাস্তের প্রেক্ষিতে যুক্তিসঙ্গত মনে করিলে লাইসেন্সের যে কোন শর্ত সংশোধন করিতে পারিবেন।
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।