মালগুদাম (warehouse) ও কারখানার লাইসেন্স
৪৷ (১) কোন ব্যক্তি কোন ভবন বা স্থানকে মালগুদাম (warehouse) বা কারখানা (workshop) হিসাবে ব্যবহার করিতে চাইলে এই আইন বা বিধির অধীনে মহাপরিচালকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ করিতে হইবে৷
(২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বলবত্ কোন আইনের অধীন কোন ভবন বা স্থানকে মালগুদাম ও কারখানা হিসাবে ব্যবহার করার জন্য লাইসেন্স প্রাপ্ত হইয়াছেন এমন কোন ব্যক্তি এই আইন সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হইবার ৩ (তিন) মাসের মধ্যে নির্ধারিত ফিস প্রদান করিয়া লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং আবেদনটি বিবেচনাধীন থাকাবস্থায় বিদ্যমান লাইসেন্সের অধীন সংশ্লিষ্ট ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসাবে ব্যবহার করা যাইবে৷
(৩) লাইসেন্সের আবেদন নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে করিতে হইবে৷
(৪) লাইসেন্সের আবেদন প্রাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে মহাপরিচালক এই আইন ও বিধি অনুযায়ী সন্তুষ্ট হইলে নির্ধারিত মেয়াদের জন্য নির্ধারিত ফরমে লাইসেন্স প্রদান করিবেন৷
(৫) এই ধারা অনুসারে মহাপরিচালক লাইসেন্স প্রদানের বিষয়ে সন্তুষ্ট না হইলে লাইসেন্সের আবেদন প্রাপ্তির ১২০ (একশত বিশ) দিনের মধ্যে মহাপরিচালক আবেদনকারীকে শুনানীর সুযোগ প্রদান করিয়া তদ্সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবেন৷
(৬) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন,-
(ক) কোন আবেদন গ্রহণযোগ্য হইবে না যদি উহার জন্য নির্ধারিত ফিস মহাপরিচালক বরাবরে নির্ধারিত পদ্ধতিতে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করিয়া চালানের একটি অনুলিপি আবেদনের সহিত সংযুক্ত করা না হয়; এবং
(খ) কোন লাইসেন্স প্রদান করা হইবে না যদি নির্ধারিত লাইসেন্স ফিস নির্ধারিত পদ্ধতিতে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করিয়া চালানের একটি অনুলিপি মহাপরিচালকের বরাবরে জমা করা না হয়৷
(৭) মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার কোন সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি, সিদ্ধান্ত সংক্রান্ত স্মারক প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, মহাপরিচালকের নিকট তাহার সিদ্ধান্ত পুনর্বিবেচনার (Review) জন্য আবেদন করিতে পারিবেন৷
(৮) উপ-ধারা (৭) এর অধীন আবেদন প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে মহাপরিচালক তদ্সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবেন৷
(৯) মহাপরিচালকের কোন সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি, সিদ্ধান্ত সংক্রান্ত স্মারক প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে, সরকারের নিকট আপীল দায়ের করিতে পারিবেন৷
(১০) উপ-ধারা (৯) এর অধীন আপীল প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে সরকার তদ্সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবে এবং সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
(১১) কোন লাইসেন্স নষ্ট হইলে বা হারাইয়া গেলে, নির্ধারিত ফিস নির্ধারিত পদ্ধতিতে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করিয়া চালানের একটি অনুলিপি মহাপরিচালকের বরাবরে জমা প্রদান করিলে, মহাপরিচালক লাইসেন্সের একটি ডুপ্লিকেট প্রদান করিবেন৷
(১২) মহাপরিচালক ভিন্নরূপ কোন মন্তব্য না করিলে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে প্রতি বত্সর লাইসেন্স নবায়ন করা যাইবে৷
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন), ধারা ৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।