ছাড়পত্র প্রদানের পদ্ধতি
(১) বহুতল বা বাণিজ্যিক ভবনের নক্শা অনুমোদন বা অনুমোদিত নক্শা সংশোধনের নিমিত্ত ছাড়পত্র গ্রহণের জন্য অধিদপ্তর হইতে অফিস চলাকালীন সময়ে ১০/- (দশ) টাকা মূল্যের বিনিময়ে চতুর্দশ তফসিলে উল্লিখিত নির্ধারিত ফরম সংগ্রহ করিয়া উক্ত ফরমের ক্রমিক নং ৯ এ উল্লিখিত দলিলপত্র ও প্ল্যানসহ মহাপরিচালক বরাবর আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদনের সাথে ক্রমিক নং ৯ এ উল্লিখিত দলিলপত্র ও প্ল্যান ছাড়াও আবেদন ফরম সংগ্রহের রসিদ এবং ছাড়পত্র পাওয়ার নিমিত্ত ফিস বাবদ বহুতল ভবনের প্রতি বর্গ ফুটের জন্য ০.২০ টাকা এবং বাণিজ্যিক বা অন্য কোন ভবনের প্রতি বর্গ ফুটের জন্য ০.৩০ টাকা হারে সরকার কর্তৃক নির্ধারিত অর্থনৈতিক হিসাবের কোড নং এ চালানমূলে সরকারী কোষাগারে জমা করতঃ পরিশোধিত চালানের মূলকপি সংযুক্ত করিতে হইবে।
(৩) চতুর্দশ তফসিলের ক্রমিক নং ৯ এ উল্লিখিত ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান (ফ্লোর ভিত্তিক নক্শা) ত্রয়োদশ তফসিলে উল্লিখিত ব্যবস্থা ও নির্দেশাবলী অনুসরণ করিয়া প্রস্তুত করিতে হইবে।
(৪) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্রটি মহাপরিচালক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে যাচাই বাছাই করিয়া সঠিক প্রাপ্ত হইলে আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদকারী বরাবর ষোড়শ তফসিলে উল্লিখিত ফরমে ছাড়পত্র প্রদান করিবেন এবং সংশ্লিষ্ট পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষের নিকট ছাড়পত্রের একটি অনুলিপি প্রেরণ করিবেন।
(৫) উপ-বিধি (১) এর অধীন আবেদনে কোন ত্রুটি-বিচ্যুতি বা তথ্যের কোন গড়মিল থাকিলে তাহা সংশোধনের নিমিত্ত আবেদনকারীকে ১৫ (পনের) দিনের সময় প্রদান করিয়া মহাপরিচালক পঞ্চদশ তফসিলে উল্লিখিত ফরমে পত্র প্রেরণ করিবেন।
(৬) উপ-বিধি (৫) এ উল্লিখিত সময়সীমার মধ্যে সংশোধিত আবেদপত্র দাখিল করা না হইলে কিংবা সংশোধিত আবেদনপত্র দাখিল করা হইলেও যাচাই বাছাই অন্তে উহা সঠিক পাওয়া না গেলে মহাপরিচালক সপ্তদশ তফসিলে উল্লিখিত ফরমে আবেদন না মঞ্জুর করিবেন।
(৭) উপ-বিধি (৫) এ উল্লিখিত সময়সীমার মধ্যে সংশোধিত আবেদনপত্র দাখিল করা হইলে মহাপরিচালক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পুনরায় যাচাই বাছাই করিয়া সঠিক প্রাপ্ত হইলে উহা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদনকারী বরাবর ষোড়শ তফসিলে উল্লিখিত ফরমে ছাড়পত্র প্রদান করিবেন এবং সংশ্লিষ্ট পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষের নিকট ছাড়পত্রের একটি অনুলিপি প্রেরণ করিবেন।
(৮) ছাড়পত্র ইস্যু সংক্রান্ত বিষয়ে মহাপরিচালকের কোন আদেশের বিরুদ্ধে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে ১০০০/-(এক হাজার) টাকা সরকার কর্তৃক নির্ধারিত খাতে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়া পরিশোধিত চালানের কপিসহ আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অষ্টাদশ তফসিলে উল্লিখিত ফরমে সরকারের নিকট আপীল করিতে পারিবেন।
(৯) উপ-বিধি (৮) এর অধীন দায়েরকৃত আপীলের সিদ্ধান্ত সরকার ঊনবিংশ তফসিলে উল্লিখিত ফরমে প্রদান করিবে এবং এই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। —
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।