লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার স্থান পরিবর্তন
(১) কোন লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার স্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে বা পূর্ববর্তী স্থান পরিবর্তন করিলে লাইসেন্সধারী কর্তৃক নিম্নলিখিত কাগজপত্রসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে — মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে, যথা ঃ
(ক) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার হালনাগাদ পরিশোধিত লাইসেন্স ফিসের রিসিট বা চালানের সত্যায়িত ফটোকপি;
(খ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার মালিকানা এবং নাম অপরিবর্তিত থাকা সম্পর্কে সাদা কাগজে ঘোষণাপত্র;
(গ) নতুন লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে চাহিত এমন সকল কাগজপত্র (আবেদন ফরম ব্যতীত), নক্শা ও তথ্যাবলি;
(ঘ) সরকার কর্তৃক নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ৫০০ (পাঁচশত) টাকা জমা প্রদান সংক্রান্ত ট্রেজারি চালানের মূল কপি।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর মহাপরিচালক সরেজমিনে পরিদর্শনপূর্বক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আবেদনপত্রটি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হইলে মহাপরিচালক প্রতিবেদন প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে বিদ্যমান লাইসেন্সে উল্লিখিত মালগুদাম বা কারখানার স্থান পরিবর্তনের আবেদন মঞ্জুর করিবেন এবং আবেদনকারী বরাবর একটি সংশোধিত লাইসেন্স প্রদান করিবেন ঃ
তবে শর্ত থাকে যে, মালগুদাম বা কারখানার আয়তন কম বা বেশি হওয়ার কারণে লাইসেন্স ফিস পুনঃনির্ধারণ করিতে হইবে। —
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।