বায়ুদূষণকারী কর্মকাণ্ডের তালিকা এবং ব্যবস্থাপনা
(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা পরিবেশ, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিবেশগত বা সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ক্ষতিকর বায়ুদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের কর্মকাণ্ড এবং কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্ট বায়ুদূষণের তালিকা প্রকাশ করিতে পারিবেন ।
(২) উপ-বিধি (১) এর অধীন তালিকা প্রকাশের পর মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পকে বায়ুদূষণ রোধে সুনির্দিষ্ট ব্যবস্থাদি সম্বলিত একটি পরিকল্পনা দাখিল করিবার জন্য নির্দেশ প্রদান করিবেন।
(৩) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপ-বিধি (২) এর অধীন দাখিলকৃত পরিকল্পনা যাচাই-বাছাইপূর্বক উহাতে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন করিয়া অনুমোদন করিবেন এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পকে উহা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ প্রদান করিবেন।
(৪) উপ-বিধি (১) এর অধীন তালিকাভুক্ত কর্মকাণ্ডসমূহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপ-বিধি (৩) এর অধীন অনুমোদিত পরিকল্পনায় উল্লিখিত ব্যবস্থাদি ব্যতিরেকেও প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবেন।
(৫) উপ-বিধি (৩) এর অধীন অনুমোদিত পরিকল্পনা সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প যথাযথভাবে প্রতিপালন করিলে এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাদি কার্যকর হইলে বায়ুদূষণকারী কর্মকাণ্ডের তালিকা হইতে উক্ত শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের কর্মকাণ্ড বিয়োজন করিয়া তালিকাটি সংশোধন করা যাইবে।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।