স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও নির্মাণকার্য নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা
(১) স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও নির্মাণকার্য নিয়ন্ত্রণকারী সংস্থা তফসিল ৬ এ নির্ধারিত মানমাত্রা, নিয়ন্ত্রণ পদ্ধতি এবং জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনায় নির্ধারিত কর্মপদ্ধতিসমূহ অনুসরণ করিবে।
(২) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে উহাদের আওতাধীন এলাকায় বায়ুমান ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব পালনে সক্ষম করিয়া তুলিতে অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করিতে পারিবে।
(৩) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অধীনে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই বিধিমালার তফসিলসমূহে বর্ণিত মানমাত্রা, নির্দেশনা, বিধি-নিষেধ প্রতিপালন ও প্রয়োগের মাধ্যমে উহাদের আওতাধীন এলাকায় বায়ুমান ব্যবস্থাপনা করিবে।
(৪) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত কোনো অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনার সময় পরিবেশ রক্ষায় তফসিল ৬ এ নির্ধারিত মানমাত্রা মানিয়া চলিবে।
(৫) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তফসিল ৬ এ নির্ধারিত মানমাত্রা অনুযায়ী মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে দূষণকারী চুল্লীর ব্যবহার হ্রাস করিবে এবং পরিবেশ বান্ধব চুল্লীর প্রতিস্থাপন নিশ্চিত করিবে।
(৬) ভবন নির্মাণ নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ এই বিধিমালায় নির্ধারিত মানমাত্রা প্রতিপালনপূর্বক ধূলা-বালি ছড়াইয়া পড়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করিবে এবং নির্মাণ কার্যাবলি কার্যকরভাবে পর্যবেক্ষণ করিবে।
(৭) পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী অবকাঠামো নির্মাণ সংশ্লিষ্ট প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র গ্রহণের সময় ধূলা-বালি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পরিকল্পনা উহাতে অন্তর্ভুক্ত করাইতে হইবে এবং উহার বাস্তবায়ন নিশ্চিত করিতে হইবে।
(৮) সড়কের পাশের অনাবৃত স্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কংক্রিট কার্পেটিং অথবা ঘাস লাগিয়ে আবৃত রাখিতে হইবে।
(৯) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ উহাদের আওতাধীন এলাকায় বৃক্ষ রোপন ও বনায়ন কর্মসূচি গ্রহণ করিবে এবং উক্ত বিষয়ে বাধ্যতামূলক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করিবে।
(১০) ধূলা-বালির দূষণরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সবুজায়নের মাধ্যমে শহর এলাকায় ধূলা-বালি সৃষ্টি করিতে পারে এইরূপ অনাচ্ছাদিত এলাকার পরিমাণ হ্রাস করিবে এবং মাথাপিছু সবুজায়নের পরিমাণ বৃদ্ধি করিবে।
(১১) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ শহর এলাকার সকল ভবনের ছাদ এবং ফাঁকা জায়গায় সবুজায়ন নিশ্চিত করিবে এবং উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬