RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২

সংজ্ঞা

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়,—

(ক) ‘অনির্দিষ্ট উৎস (Non Point Source)’ অর্থ বায়ুদূষক নিঃসরণের এইরূপ উৎস যাহা একক শনাক্তযোগ্য উৎস বা নির্দিষ্ট স্থান হইতে উদ্ভূত নহে;

(খ) ‘আইন’ অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন);

(গ) ‘চলমান উৎস’ অর্থ শনাক্তযোগ্য এইরূপ বায়ুদূষক উৎস যাহা চলমান অবস্থায় নিঃসরণ করে, যেমন-মোটরযান, নৌযান, রেলগাড়ি, আকাশযান বা অনুরূপ কোনো উৎস;

(ঘ) ‘জাতীয় কমিটি’ অর্থ বিধি ১৫ এর অধীন গঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি;

(ঙ) ‘ডিগ্রেডেড এয়ার শেড (Degraded Air Shed)’ অর্থ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৯ নং আইন) এর ধারা ৮ এর উপ-ধারা (৪) এর দফা (ছ) এ সংজ্ঞায়িত ডিগ্রেডেড এয়ার শেড;

(চ) ‘তফসিল’ অর্থ এই বিধিমালার কোনো তফসিল;

(ছ) ‘ধারা’ অর্থ আইনের ধারা;

(জ) ‘নির্দিষ্ট উৎস’ অর্থ বায়ুদূষক নিঃসরণের এইরূপ উৎস যাহা এককভাবে শনাক্তযোগ্য উৎস এবং যাহা নির্দিষ্ট স্থান হইতে উদ্ভূত, যেমন-শিল্পাঞ্চলে শিল্পকারখানা, নির্মাণাধীন এলাকায় নির্মাণ কার্যক্রম, ইত্যাদি;

(ঝ) ‘নিঃসরণ’ অর্থ কোনো নির্দিষ্ট, অনির্দিষ্ট, চলমান, স্থির, গৃহাভ্যন্তরীণ বা বাহিরের উৎস হইতে বায়ুমণ্ডলে সঞ্চারিত কোনো বায়ুদূষক, গ্যাসের প্রবাহ বা দুর্ঘটনাজনিত নির্গমন;

(ঞ) ‘পরিবেষ্টক বায়ুমান (Ambient Air Quality)’ অর্থ কোনো এলাকা বা অঞ্চলের বায়ুর মান যাহা দূষণের উৎসে নিঃসরিত বায়ুমান হইতে ভিন্ন;

(ট) ‘প্রধান বায়ুদূষক’ অর্থ বিধি ৬ এর অধীন তালিকাভুক্ত দূষকসমূহ;

(ঠ) ‘বায়ু’ অর্থ পৃথিবী পরিবেষ্টিত গ্যাসীয় পদার্থ, প্রধানত অক্সিজেন ও নাইট্রোজেনের মিশ্রণ;

(ড) ‘বায়ুদূষক’ অর্থ বায়ুতে উপস্থিত এইরূপ কোনো পদার্থ যাহা জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশের জন্য ক্ষতিকর বা ক্ষতির কারণ হইতে পারে;

(ঢ) ‘বায়ুদূষণ’ অর্থ কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ যাহা নির্ধারিত মানমাত্রার অধিক পরিমাণে বায়ুমণ্ডলে উপস্থিত থাকিয়া বায়ুর (গৃহাভ্যন্তর ও বাহিরের) স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে, জনস্বাস্থ্য, উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য ক্ষতিকর এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধিত হয় বায়ুর এইরূপ অবস্থা;

(ণ) ‘বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র’ অর্থ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অথবা অনুমোদিত বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র;

(ত) ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান’ অর্থ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন; এবং

(থ) ‘স্থির-উৎস’ অর্থ কোনো দালান বা চলমান নহে এইরূপ কাঠামো, সুবিধাদি বা স্থাপনা যাহা হইতে বায়ুদূষক নির্গত হয় বা হইতে পারে, যেমন-শিল্পকারখানা, ইটভাটা, অবকাঠামো নির্মাণকার্য, ইত্যাদি।

(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।