RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৯

জাহাজ ভাঙ্গা

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) বিধি ১৫ প্রতিপালন সাপেক্ষে জাহাজ ভাঙ্গার জন্য আমদানীকৃত বা বাছাইকৃত বা ধার্য প্রতিটি জাহাজ ভাঙ্গার কার্যক্রম শুরু করিবার আগে অধিদপ্তর হইতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।

(২) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণকারী জাহাজভাঙ্গা ইয়ার্ড ব্যতিত অন্য কোন স্থানে জাহাজভাঙ্গা কার্যক্রম পরিচালনা করা যাইবে না।

(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত ছাড়পত্রের জন্য আবেদনপত্র দাখিলের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এর বিধি ৭, ১৪ ও ১৬ এ বর্ণিত পদ্ধতি এবং সরকার কর্তৃক জারিকৃত গাইডলাইন অনুসরণ করিতে হইবে।

(৪) প্রতিটি জাহাজভাঙ্গার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন অধিদপ্তরে দাখিল করিবার পূর্বে সংশ্লিষ্ট জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্যের পরিমাণ অধিদপ্তরের তালিকাভুক্ত বিপজ্জনক পদার্থ নিরীক্ষক দ্বারা নিরূপণ করাইতে হইবে এবং উক্ত নিরীক্ষকের একটি প্রতিবেদন পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে।

(৫) জাহাজভাঙ্গার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত গাইডলাইন অনুসরণ করাসহ পরিচালনকারীকে নিম্নরূপ দায়িত্ব পালন করিতে হইবে, যথাঃ—

(ক) সংশ্লিষ্ট জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ পদওয়ারী বিস্তারিত বিবরণ সংরক্ষণ করা;

(খ) সংশ্লিষ্ট জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ নিরাপত্তা তথ্য বিবরণী তফসিল ১১ অনুযায়ী সংরক্ষণ করা;

(গ) সংশ্লিষ্ট জাহাজ হইতে বিপজ্জনক পদার্থ কখন, কাহার নিকট বা কোথায়, কি পরিমাণে বিক্রয় করা বা সরবরাহ করা বা পরিত্যাজন করা হয় তাহার বিস্তারিত বিবরণ সংরক্ষণ করা;

(ঘ) সংশ্লিষ্ট জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ হ্যান্ডলিং এর জন্য যাহাতে কোন প্রকার দুর্ঘটনা ঘটিবার আশংকা না থাকে এইরূপ সতর্ক পদক্ষেপ গ্রহণ করা;

(ঙ) জাহাজ ভাঙ্গা সংক্রান্ত কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্বারা সজ্জিতকরণ ও প্রয়োজনীয় ঔষধপত্র ও রাসায়নিক পদার্থ সংশ্লিষ্ট জাহাজভাঙ্গার স্থলে সহজলভ্য করা;

(চ) সংশ্লিষ্ট জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য হ্যান্ডলিং করার জন্য বা বিনষ্ট করার জন্য মহাপরিচালক কর্তৃক কোন নির্দেশনা প্রদান করা হইয়া থাকিলে তাহা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা;

(ছ) প্রত্যেক জাহাজভাঙ্গা ইয়ার্ডে জরুরী অবস্থা মোকাবিলার জন্য তফসিল ১২ এ উল্লিখিত তথ্যাদিসহ বিস্তারিত পরিকল্পনা জাহাজ ভাঙ্গা শুরু করিবার পূর্বে প্রস্তুতপূর্বক এক প্রস্থ মহাপরিচালকের নিকট দাখিল করা এবং উহার পর্যাপ্ত কপি সংশ্লিষ্ট জাহাজভাঙ্গার স্থলে সংরক্ষণ করা;

(জ) জাহাজভাঙ্গার ক্ষেত্রে সম্ভাব্য দুর্ঘটনার প্রকৃতি, দুর্ঘটনার সময় ও দুর্ঘটনার অব্যবহিত পর করণীয় ও অকরণীয় সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট স্থানীয় সরকার পরিষদের মাধ্যমে ব্যাপক প্রচার কার্য পরিচালনার উদ্যোগ গ্রহণ করা;

(ঝ) জাহাজ ভাঙ্গার স্থলে কোন প্রকার দুর্ঘটনা ঘটিলে উক্ত দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে তফসিল ৭ অনুসারে প্রাসঙ্গিক তথ্যাদি মহাপরিচালকের নিকট দাখিল করা;

(ঞ) প্রত্যেক জাহাজে বিদ্যমান বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্যের সর্বশেষ অংশ চূড়ান্তরূপে পরিত্যাজন করার পর ৩ (তিন) বৎসর পর্যন্ত এই বিধিতে উল্লিখিত রেকর্ডপত্র সংরক্ষণ করা।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১১ · তফসিল-১২ · তফসিল-৭