RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৮

জরুরী অবস্থা মোকাবিলার পরিকল্পনা

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) প্রত্যেক পরিচালনকারী তাহার প্রত্যেক কার্যক্রম স্থলে জরুরী অবস্থা মোকাবিলার জন্য তফসিল ৬ এ উল্লিখিত তথ্যাদিসহ বিস্তারিত পরিকল্পনা, কার্যক্রম চালু করিবার পূর্বে প্রস্তুতপূর্বক ১ (এক) প্রস্থ মহাপরিচালকের নিকট দাখিল করিবেন ও উহার পর্যাপ্ত কপি কর্মস্থলে সংরক্ষণ করিবেন এবং সময় সময় উহা হালনাগাদ করিবেন।

(২) এই বিধিমালা কার্যকর হইবার পূর্ব হইতেই চলমান কোন কার্যক্রমের ক্ষেত্রে, উক্ত কার্যক্রম পরিচালনকারী এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে উপ-বিধি

(১) এ উল্লিখিত জরুরী অবস্থা মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত করিয়া ১ (এক) প্রস্থ মহাপরিচালকের নিকট দাখিল করিবেন ও উহার পর্যাপ্ত কপি কর্মস্থলে সংরক্ষণ করিবেন এবং সময় সময় উহা হালনাগাদ করিবেন।

(৩) জরুরী অবস্থা মোকাবিলার পরিকল্পনায় কোন পরিবর্তন করা হইলে সংশ্লিষ্ট পরিবর্তন সাধনের তারিখ হইতে ১৫ (পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট পরিচালনকারী তাহা সবিস্তারে মহাপরিচালককে অবহিত করিবেন।

(৪) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিকল্পনায় সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট করিয়া উল্লেখ করিতে হইবে এবং উহা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করিতে হইবে।

(৫) জরুরী অবস্থা মোকাবিলার পরিকল্পনা মহাপরিচালকের নিকট দাখিল করিবার তারিখ হইতে অনধিক ৬ (ছয়) মাস পর পর সংশ্লিষ্ট পরিচালনকারী উক্ত পরিকল্পনা বাস্তবায়নের মহড়া অনুষ্ঠান করিবেন।

(৬) উপ-বিধি (৫) এ উল্লিখিত মহড়া অনুষ্ঠানের জন্য ধার্য তারিখ, সময় ও স্থান কমপক্ষে ১ (এক) মাস পূর্বে সংশ্লিষ্ট পরিচালনকারী মহাপরিচালককে অবহিত করিবেন এবং মহাপরিচালক তাহার প্রতিনিধি দ্বারা উক্ত মহড়া পরিদর্শনের পদক্ষেপ গ্রহণ করিবেন।

(৭) জরুরী অবস্থা মোকাবিলার পরিকল্পনায় বা উহার বাস্তবায়ন অনুশীলন মহড়ায় কোন ত্রুটি- বিচ্যুতি পরিলক্ষিত হইলে বা কোন বিষয়ে অধিকতর উৎকর্ষ সাধনের প্রয়োজনীয়তা অনুভূত হইলে মহাপরিচালক সংশ্লিষ্ট পরিচালনকারীকে উক্ত বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করিবেন।

(৮) উপ-বিধি (৭) এ উল্লিখিত দিক নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরিচালনকারী তাহা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬