RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

বিপজ্জনক পদার্থ আমদানী ও রপ্তানী

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) বিপজ্জনক পদার্থ আমদানীর ক্ষেত্রে ঋণপত্র খোলার পূর্বে এবং রপ্তানীর ক্ষেত্রে জাহাজীকরণ (shipment) এর পূর্বে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করিতে হইবে ঃ

তবে শর্ত থাকে যে, পরিশোধন বা প্রক্রিয়াকরণের সুযোগ-সুবিধা বাংলাদেশে নাই এইরূপ সকল বর্জ্য পরিশোধন বা প্রক্রিয়াকরণের বিশেষ প্রয়োজনে অন্য কোন দেশে প্রেরণের ক্ষেত্রে ছাড়পত্র গ্রহণের শর্ত শিথিল করা যাইবে।

(২) সম্ভাব্য যেই সময় আমদানীর জন্য ঋণপত্র খোলা হইবে অথবা রপ্তানীর জন্য জাহাজে বোঝাই করা হইবে তাহার অন্যূন ২১ (একুশ) দিন পূর্বে উপ-বিধি (১) এ উল্লিখিত ছাড়পত্রের জন্য বিস্তারিত তথ্যসম্বলিত আবেদনপত্র অধিদপ্তরে দাখিল করিতে হইবে।

(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত আবেদনপত্র প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে অধিদপ্তর ছাড়পত্র ইস্যু করিবে অথবা ছাড়পত্র ইস্যু করা না হইলে উহার কারণ আবেদনকারীকে পত্র দ্বারা অবহিত করিবে।

(৪) উপ-বিধি (৩) এ উল্লিখিত পত্রে বর্ণিত ঘাটতি পূরণ বা অসুবিধা দূরীকরণের পর ছাড়পত্রের জন্য পুনরায় আবেদন করা যাইবে।

(৫) ছাড়পত্রের জন্য প্রত্যেক আবেদনপত্র পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এর বিধি ১৬ এ বর্ণিত পদ্ধতিতে এবং বিধি ১৪ এ বর্ণিত পরিমাণ ফি পরিশোধের পে-অর্ডারসহ দাখিল করিতে হইবে।

(৬) আবেদনকৃত ছাড়পত্র ইস্যু না করিবার ক্ষেত্রে উপ-বিধি (৩) এ উল্লিখিত পত্রের সহিত ছাড়পত্র ফি বাবদ আবেদনপত্রের সহিত দাখিলকৃত সম্পূর্ণ টাকা মহাপরিচালক আবেদনকারীর অনুকূলে ফেরৎ প্রদান নিশ্চিত করিবেন।

(৭) বিপজ্জনক পদার্থ আমদানীর ক্ষেত্রে আমদানীকারক তফসিল ৯ অনুযায়ী রেকর্ড সংরক্ষণ করিবেন এবং অধিদপ্তরের পরিদর্শক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা বা কোন অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত রেকর্ড এবং উক্ত পদার্থ বা বর্জ্য গুদামে রাখা অবস্থায় বা পরিবহণকালে বা ব্যবহারের সময় পরিদর্শন ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করিতে পারিবেন এবং তফসিল ৯ অনুসারে সংরক্ষিত রেকর্ড পর্যালোচনা করিতে পারিবেন।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৯