জরিমানা আরোপ, ইত্যাদি
(১) যদি কোনো ব্যক্তি ট্রাফিক বিভাগের সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো পুলিশ কর্মকর্তার সম্মুখে বিধি ৬ এর উপ-বিধি (২), (৩) বা (৪) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে উক্ত কর্মকর্তা ঘটনাস্থলেই তাহাকে জরিমানা আরোপ করিতে পারিবেন, তবে উক্ত জরিমানা বিধি ১৯ এর টেবিলের ক্রমিক নং (২) এ উল্লিখিত অর্থদণ্ডের অধিক হইবে না।
(২) উপ-বিধি (১) এর অধীন জরিমানা আরোপকারী পুলিশ কর্মকর্তা এতদ্ সংক্রান্ত ফরমে অপরাধের ধরন এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য আরোপিত জরিমানার পরিমাণ লিপিবদ্ধ করিবেন এবং অভিযুক্ত ব্যক্তি উক্ত জরিমানা প্রদান করিবেন এবং উক্ত পুলিশ কর্মকর্তার নিকট হইতে প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ করিবেন।
(৩) অভিযুক্ত ব্যক্তি অভিযোগের কপি গ্রহণ করিতে অস্বীকার করিলে, বা উপ-বিধি (২) এর অধীন জরিমানা পরিশোধ না করিলে, উপ-বিধি (১) এর অধীন দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তা যে মোটরযান অপরাধ সংঘটনে ব্যবহৃত হইয়াছে উহা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণের ব্যবস্থা করিবেন, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোটরযানটি তাহার হেফাজতে রাখিবেন এবং জরিমানা পরিশোধের পর যথাশীঘ্রসম্ভব মোটরযানটি অবমুক্ত করিবেন এবং যে কর্মকর্তা মোটরযানটি প্রেরণ করিয়াছিলেন তাহাকে এতদ্ সম্পর্কে অবহিত করিবেন।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।