RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৫

উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতির ব্যবহার নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত পাবলিক প্লেস বা জনপরিসরে লাউড স্পিকার, মাইক, এমপ্লিফায়ার, সুরযন্ত্র (মিউজিক সিস্টেম) বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাইবে না।

(২) আবদ্ধ স্থানে, আপদকালীন প্রয়োজন ব্যতীত, রাতে লাউড স্পিকার, মাইক, এমপ্লিফায়ার, সুরযন্ত্র (মিউজিক সিস্টেম), পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ করা যাইবে না।

(৩) উপ-বিধি (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ, লিখিত আবেদনের প্রেক্ষিতে এবং নীরব এলাকা ব্যতীত অন্যত্র, প্রয়োজনীয় শর্তাবলি সাপেক্ষে, লাউড স্পিকার, মাইক, এমপ্লিফায়ার, সুরযন্ত্র (মিউজিক সিস্টেম), পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম বা অন্য কোনো শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি রাতে ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, উক্ত অনুমতি কোনোক্রমেই রাতে ১১:০০ ঘটিকা, ক্রমাগত ৩ (তিন) দিন ও সর্বোচ্চ ৫ (পাঁচ) ঘন্টার অধিক সময়ের জন্য প্রদান করা যাইবে না এবং শব্দের মানমাত্রা ৯০ (নব্বই) ডেসিবলের অধিক অতিক্রম করা যাইবে না।

(৪) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সামুদ্রিক সংরক্ষিত এলাকা (Marin Protected Areas (MPA), রক্ষিত এলাকা (Protected Area, PA), সংরক্ষিত বনাঞ্চল (Reserved Forest), পাখি ও বন্যপ্রাণী অভয়ারণ্য (Bird and wildlife Sanctuary), প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area, ECA), সমুদ্র সৈকত ও সংরক্ষিত পর্যটন এলাকার জন্য শব্দের মানমাত্রা নির্ধারণ করিতে পারিবে।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।