কতিপয় ক্ষেত্রে শব্দের মানমাত্রা অতিক্রমের অনুমতি গ্রহণ
(১) বিধি ৫ এ যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নীরব এলাকা ব্যতীত অন্যান্য এলাকায় কোনো অনুষ্ঠানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করিতে পারিবেন।
(২) এই বিধির অধীন কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের জন্য অনুষ্ঠান আয়োজনের অন্তত ৭ (সাত) দিন পূর্বে তফসিল ৫ এ উল্লিখিত ফরম-১ অনুসারে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র দাখিল করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, জরুরি ক্ষেত্রে সময় স্বল্পতার উপযুক্ত কারণ উল্লেখপূর্বক অনুষ্ঠান আয়োজনের ১ (এক) দিন পূর্বে আবেদনপত্র দাখিল করা যাইবে।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী আবেদনপত্র প্রাপ্তির ২ (দুই) দিনের মধ্যে কর্তৃপক্ষ, আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি ও পরিস্থিতি বিবেচনাপূর্বক, আবেদনটি মঞ্জুর করিয়া তফসিল ৫ এ উল্লিখিত ফরম-২ অনুসারে অনুমতি প্রদান করিবেন অথবা কারণ উল্লেখপূর্বক আবেদনটি নামঞ্জুর করিবেন:
তবে শর্ত থাকে যে, এই উপ-বিধির অধীন অনুমতি প্রদানের ক্ষেত্রে উক্ত কর্তৃপক্ষ যেকোনো ধরনের অনুষ্ঠানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যেকোনো যন্ত্রপাতি দৈনিক ৫ (পাঁচ) ঘণ্টার অধিক সময়ব্যাপী ও ক্রমাগত ৩ (তিন) দিনের অধিক ব্যবহারের অনুমতি প্রদান করিবেন না এবং উক্ত অনুমোদিত সময়সীমা রাত্রিকালীন ১১ (এগারো) ঘটিকা অতিক্রম করিবে না এবং শব্দের মানমাত্রা ৯০ (নব্বই) ডেসিবলের অধিক অতিক্রম করা যাইবে না।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫