চতুর্থ তফসিল — ধারা ১৫০ (৮) এর বিধান সাপেক্ষে শ্রমিকের সংজ্ঞা অন্তর্ভুক্ত ব্যক্তিগণের তালিকা
মূল পাঠ: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১১ অক্টোবর ২০০৬ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন), গেজেট ১৪ নভেম্বর ২০১৮ · ২০২৬ সংশোধনে এই তফসিলে পরিবর্তন হয়নি · যাচাই: ১৭ অক্টোবর ২০২৬
ধারা ১৫০ (৮) এর বিধান সাপেক্ষে শ্রমিকের সংজ্ঞা অন্তর্ভুক্ত ব্যক্তিগণের তালিকা
[ধারা ১৫০ (৮) দ্রষ্টব্য]
কোন ব্যক্তি যিনি–
| ক্রমিক | বিষয় |
|---|---|
| (১) | রেলওয়েতে অথবা কোন কেরানী হিসাবে নিযুক্তি ব্যতীত, কোন লিফট্, অথবা বাষ্পীয় শক্তি অথবা যান্ত্রিক শক্তি অথবা বিদ্যুৎ শক্তি চালিত কোন গাড়ী চালনা বা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছেন; |
| (২) | এমন কোন বাড়ী-ঘর বা আঙ্গিনায় নিযুক্ত আছেন যেখানে পাঁচ বা ততোধিক ব্যক্তি কোন উৎপাদন প্রক্রিয়ায় অথবা উৎপাদন প্রক্রিয়ার সহিত সংশিস্নষ্ট অথবা উহার আনুষংগিক উৎপাদিত জিনিষ সংক্রান্ত কোন কাজে নিয়োজিত আছেন, এবং যাহাতে বাষ্পীয়, পানীয় বা অন্য কোন যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তির ব্যবহার হয়, কিন্তু উৎপাদন প্রক্রিয়া চলে না– এরূপ কোন স্থানে বা কক্ষে কেবলমাত্র কেরাণী হিসাবে নিযুক্ত কোন ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হইবেন না; |
| (৩) | অন্যুন পাঁচ জন ব্যক্তি নির্দিষ্ট মজুরির বিনিময়ে নিযুক্ত আছেন– এরূপ কোন বাড়ী-ঘর বা আঙ্গিনায় ব্যবহার, বহন অথবা বিক্রীর জন্য কোন দ্রব্য বা দ্রব্যাংশ প্রস্তুতকরণ, পরিবর্তন করণ, মেরামতকরণ, অলংকরণ, সম্পূর্ণকরণ, অথবা অন্য কোনভাবে ইহাকে ব্যবহার উপযোগীকরণের কোন কাজে নিয়োজিত আছেন;সংশোধিত: ২০১৮ সনের ৫৮ নং আইনের ধারা ৪৮ দ্বারা "ব্যক্তি" শব্দের পর "নির্দিষ্ট মজুরির বিনিময়ে" শব্দগুলি সন্নিবেশিত |
| (৪) | অন্যুন দশ জন ব্যক্তি নিযুক্ত আছেন এরূপ কোন বাড়ী-ঘর বা আঙ্গিনায় কোন বিস্ফোরক দ্রব্য উৎপাদন বা নাড়াচাড়ার কাজে নিয়োজিত আছেন; |
| (৫) | কোন খনিতে কেরানীগীরির কাজ ব্যতীত, খনি সংক্রান্ত যে কোন কাজে অথবা উত্তোলিত খনিজ পদার্থ সংক্রান্ত কোন কাজে অথবা ভূগর্ভস্থ কোন কাজে নিয়োজিত আছেনঃ তবে শর্ত থাকে যে, এই দফার উদ্দেশ্যে এমন কোন খননকে খনি বলিয়া গণ্য করা হইবে না যাহাতে পূর্ববর্তী বারো মাসে কোন দিন পঞ্চাশ জনের অধিক ব্যক্তি কর্মরত ছিলেন না, অথবা কোন বিস্ফোরক ব্যবহৃত হয় নাই এবং যাহার গভীরতা ছয় মিটারের অধিক নহে; |
| (৬) | সম্পূর্ণ বা আংশিকভাবে বাষ্পীয়, অথবা অন্য কোন যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত, কোন জাহাজ বা নৌযানে বা উহা দ্বারা টানিয়া নেওয়া হয় এরূপ কোন জাহাজ বা নৌযানে মাস্টার, নাবিক বা অন্য কোনভাবে নিয়োজিত আছেন; |
| (৭) | কোন জাহাজের মাস্টার বা নাবিক ব্যতীত, জাহাজে মালামাল বোঝাই, খালাস, জ্বালানী বোঝাই, নির্মাণ, মেরামত, ভাংগিয়া ফেলা, পরিষ্কার অথবা রং দেওয়ার কাজে নিযুক্ত আছেন; অথবা বন্দর আইন, ১৯০৮ (১৯০৮ সনের ১৫ নং আইন) এর অধীন কোন বন্দরের সীমানার মধ্যে জাহাজে মালামাল বোঝাই বা খালাস করার জন্য ব্যবহৃত পরিবহন পরিচালনার কাজে নিয়োজিত আছেন; |
| (৮) | চট্টগ্রাম অথবা মংলা বন্দরে যান্ত্রিক শক্তিদ্বারা চালিত গাড়ীতে মাল উঠানো-নামানোর কাজে নিয়োজিত আছেন; |
| (৯) | নিম্নলিখিত ধরনের নির্মাণ, মেরামত অথবা ভাংগিয়া ফেলার কাজে নিয়োজিত আছেন, যথাঃ– (ক) কোন ভবন বা কাঠামো, (খ) নীচ হইতে উপর পর্যন্ত ৬ মিটার বা ততোধিক উচ্চতা সম্পন্ন কোন বাঁধ, (গ) কোন সড়ক, সেতু বা সুড়ঙ্গ, অথবা (ঘ) কোন হুয়ার্ফ, জেটি, সমুদ্র প্রাচীর অথবা কোন মুরিংসহ অন্য কোন নৌ-কাজ অথবা জাহাজ; |
| (১০) | কোন টেলিগ্রাফ বা টেলিফোন লাইন বা খুঁটি অথবা ওভারহেড বৈদ্যুতিক লাইন বা ক্যাবল বা উহার জন্য খুঁটি স্থাপন, মেরামত, রক্ষণাবেক্ষণ অথবা নামাইয়া ফেলার কাজে নিয়োজিত আছেন; |
| (১১) | কেরানী হিসাবে নিযুক্তি ব্যতীত, কোন রজ্জুপথ, ক্যানেল পাইপ লাইন অথবা পয়ঃপ্রণালী নির্মাণ, বা ক্রিয়াকর্মে বা মেরামত অথবা ভাংগিয়া ফেলার কাজে নিয়োজিত আছেন; |
| (১২) | দমকল বাহিনীর কোন কাজে নিয়োজিত আছেন; |
| (১৩) | রেলওয়ের সঙ্গে চুক্তি সম্পাদনকারী কোন ব্যক্তি কর্তৃক চুক্তি সম্পাদনের জন্য সরাসরি বা কোন উপ-ঠিকাদারের মাধ্যমে, রেলওয়েতে নিয়োজিত আছেন; |
| (১৪) | রেলওয়ে মেইল সার্ভিসে কোন পরিদর্শক, মেইল গার্ড, সর্টার বা ভ্যান পিয়ন হিসাবে নিযুক্ত আছেন, অথবা ডাক ও তার বিভাগে সাধারণতঃ বাহিরে কাজ করিতে হয়, এরূপ কোন পেশায় নিয়োজিত আছেন; |
| (১৫) | ডাক, তার বা টেলিফোন বিভাগে বাহিরের কাজে ট্রেজারীর কেরানী হিসাবে নিয়োজিত আছেন; |
| (১৬) | কেরানী হিসাবে নিযুক্তি ব্যতীত, প্রাকৃতিক পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস উত্তোলন কাজের সহিত সংশিস্নষ্ট কোন কাজে নিয়োজিত আছেন; |
| (১৭) | বিস্ফোরণ সংক্রান্ত কোন কাজে নিয়োজিত আছেন; |
| (১৮) | পঁচিশ জনের অধিক ব্যক্তি নিযুক্ত আছেন অথবা বিস্ফোরক ব্যবহৃত হয় অথবা উপর হইতে নীচ পর্যন্ত যাহার গভীরতা ৬ মিটারের বেশী এরূপ কোন নির্মাণ বা খনন কাজে নিয়োজিত আছেন; |
| (১৯) | দশ জনের অতিরিক্ত লোক বহন ক্ষমতা সম্পন্ন কোন ফেরী বোট চালনার কাজে নিয়োজিত আছেন; |
| (২০) | কেরানী হিসাবে নিযুক্তি ব্যতীত, কফি, রাবার বা চা উৎপাদনের জন্য ব্যবহৃত এবং অন্যুন পঁচিশ ব্যক্তি কর্মরত, এরূপ কোন বাগানে নিয়োজিত আছেন; |
| (২১) | কেরানী হিসাবে নিযুক্তি ব্যতীত, বিদ্যুৎ উৎপাদন, উহার সরবরাহ বা হ্রাস-বৃদ্ধি অথবা গ্যাস উৎপাদন বা সরবরাহের কাজে নিয়োজিত আছেন; |
| (২২) | বাতিঘর আইন, ১৯২৭ (১৯২৭ সনের ১৭ নং আইন) এর ধারা ২(ঘ) তে সংজ্ঞায়িত কোন বাতিঘরের কাজে নিয়োজিত আছেন; |
| (২৩) | জনসমক্ষে প্রদর্শনের উদ্দেশ্যে চলচ্চিত্র নির্মাণ বা উহার প্রদর্শনের কাজে নিয়োজিত আছেন; |
| (২৪) | হাতী বা অন্য বন্য জন্তুকে প্রশিক্ষণদানের কাজে বা উহার পালন বা কোন ক্রিয়া-কর্মে নিয়োজিত আছেন; |
| (২৫) | তালগাছ হইতে রস সংগ্রহ করা, গাছ কাটা বা উহা খণ্ড খণ্ড করা বা আভ্যন্তরীণ জলপথে উহা একস্থান হইতে অন্যস্থানে লইয়া যাওয়া অথবা দাবানল নিয়ন্ত্রণ বা নির্বাপনের কাজে নিয়োজিত আছেন; |
| (২৬) | হাতী বা অন্যান্য বন্য জন্তু ধরা বা শিকারের জন্য কাজে নিয়োজিত আছেন; |
| (২৭) | ড্রাইভার হিসাবে নিয়োজিত আছেন; |
| (২৮) | পণ্য গুদামজাত করা হয় এবং অন্যুন দশ ব্যক্তি নিযুক্ত আছেন এরূপ কোন গুদাম ঘর বা অন্য কোন জায়গায় বা উহার সীমানায় অথবা অন্যুন একশত ব্যক্তি নিযুক্ত আছেন এরূপ কোন বাজার বা উহার সীমানায় পণ্য নাড়া-চাড়া বা পরিবহনের কাজে নিয়োজিত আছেন; |
| (২৯) | রেডিয়াম বা এক্স-রে যন্ত্রপাতি চালনা বা নাড়া-চাড়া করিতে হয় অথবা তেজষ্ক্রীয় উপাদানের সংস্পর্শে আসিতে হয় এরূপ কোন কাজে নিয়োজিত আছেন; |
| (৩০) | কোন সড়ক পরিবহন সার্ভিসে ড্রাইভার, ক্লীনার, কন্ডাক্টর এবং চেকার হিসাবে নিয়োজিত আছেন; অথবা |
| (৩১) | পাহারা টহলদারীর কাজে নিয়োজিত আছেন। |
সংশ্লিষ্ট ধারা: ধারা ১৫০
তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট (মূল গেজেট কপি)। বিকল্প সরকারি উৎস সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)