প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার পদ্ধতি, ইত্যাদি
(১) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করিবার কমপক্ষে ৬০ (ষাট) দিন পূর্বে প্রজ্ঞাপনের খসড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইট এবং জাতীয় পর্যায়ের দুইটি বাংলা দৈনিক পত্রিকায় প্রাক-প্রকাশ করিয়া সংশ্লিষ্ট অংশীজন এবং আগ্রহী ব্যক্তিদের মতামত আহ্বান করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন কোনো মতামত প্রাপ্ত হইলে উক্ত মতামত বিবেচনার জন্য জাতীয় কমিটির সভায় উপস্থাপন করিতে হইবে।
(৩) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা সম্পর্কিত প্রজ্ঞাপনে নিম্নবর্ণিত বিষয়সমূহের উল্লেখ — থাকিবে, যথা :
(ক) সংশ্লিষ্ট মৌজার নাম ও জেএল নম্বর;
(খ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কোনো মৌজার সম্পূর্ণ অংশ না হইয়া উহার এক বা একাধিক দাগ অন্তর্ভুক্ত হইলে সংশ্লিষ্ট মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর;
(গ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কোনো মৌজার কোনো দাগ সম্পূর্ণ না হইয়া উহার অংশ বিশেষ অন্তর্ভুক্ত হইলে সংশ্লিষ্ট মৌজার নাম, জেএল নম্বর, সংশ্লিষ্ট দাগ নম্বরের অংশ;
(ঘ) সংশ্লিষ্ট উপজেলা ও জেলার নাম;
(ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা উহার কোনো অংশ ভূমি জরিপ বর্হিভূত হইলে উহার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ।
(৪) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার বিষয়টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় একটি দৈনিক পত্রিকায়, যদি থাকে, প্রকাশ করিতে হইবে এবং সংশ্লিষ্ট এলাকার হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রার্থণালয়ের দৃষ্টিগ্রাহ্য কোনো স্থানে লটকাইয়া প্রচার করিতে হইবে এবং উহার অনুলিপি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার অফিস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি অফিস বা, ক্ষেত্রমত, তহশীল অফিসে প্রেরণ করিতে হইবে। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।