জেলা কমিটির কার্যাবলি
জেলা কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:
(ক) প্রতিবেশগত সংকট উত্তরণের লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা কমিটিকে পরামর্শ ও নির্দেশনা প্রদান; এবং এতদ্সংশ্লিষ্ট কোন বিষয়ে অধিদপ্তরে সুপারিশ প্রেরণ;
(খ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোন্ কোন্ ক্ষতিকর কর্ম বা প্রক্রিয়া চালু রাখা বা শুরু করা যাইবে না সেই সম্পর্কে উপজেলা কমিটির নিকট হইতে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনাক্রমে জাতীয় কমিটিতে সুপারিশ প্রেরণ;
(গ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সরজমিনে পরিদর্শন এবং অধিদপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ;
(ঘ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো কর্ম নিষিদ্ধের ফলে জীবিকা সীমিত হইলে, বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ;
(ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণে জনসাধারণকে উৎসাহ প্রদান;
(চ) সংশ্লিষ্ট উপজেলা কমিটি, ইউনিয়ন সমন্বয় কমিটি এবং গ্রাম সংরক্ষণ দলের কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন, এবং প্রয়োজনে দিকনির্দেশনা প্রদান;
(ছ) কোনো ব্যক্তি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নিষিদ্ধ কার্য করিলে বা করিবার চেষ্টা করিলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ;
(জ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা একাধিক উপজেলায় অবস্থিত হইলে, উপজেলা কমিটিসমূহের কার্যক্রমের সমন্বয় সাধন; এবং
(ঝ) সরকার বা জাতীয় কমিটি কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।