RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১০

স্থানীয় সরকার কর্তৃপক্ষের দায়িত্ব

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

স্থানীয় সরকার কর্তৃপক্ষের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :—

(১) পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদন এবং তফসিলে বর্ণিত নির্দেশনাবলি অনুসরণ;

(২) বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়নসহ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জাতীয় কৌশল এবং নির্দেশনা অনুসরণে ছক ১ এ বর্ণিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন;

(৩) প্রণীত পরিকল্পনা স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে কমিটির নিকট দাখিল করা;

(৪) স্বীয় ব্যবস্থাপনায় বা নিয়োজিত ব্যক্তি, ঠিকাদার সমিতি বা প্রতিষ্ঠান দ্বারা প্রতিটি বাড়ি অথবা অন্য কোনো উৎস হইতে জৈবিকভাবে পচনশীল এবং অপচনশীল কঠিন বর্জ্য ও তফসিল ১ এ উল্লিখিত গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্য তিন শ্রেণিতে পৃথকভাবে সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনা;

(৫) স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, স্তূপীকরণ এবং পোড়ানোর ব্যাপারে নির্দেশনা জারি করা;

(৬) কঠিন বর্জ্য তিনটি পৃথক শ্রেণিতে সংগ্রহের পূর্ব পর্যন্ত স্ব স্ব আবাসস্থল বা প্রাঙ্গণে পৃথক পাত্রে সংরক্ষণের বিষয়ে নির্দেশনা জারি এবং উহার বাস্তবায়ন নিশ্চিতকল্পে নিয়মিত নজরদারি করা;

(৭) আবাসিক এলাকা, হোটেল, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্প-কারখানা, কসাইখানা, মৎস্য, ফল ও সবজি বাজার বা আড়ত হইতে পচনশীল বর্জ্য সংগ্রহ এবং পৃথক করিয়া নির্ধারিত স্থানে কম্পোস্টিং বা অন্য কোনো পদ্ধতিতে প্রক্রিয়াকরণের ব্যবস্থা গ্রহণ;

(৮) প্রতিষ্ঠান কর্তৃক বা রাস্তার ভ্রাম্যমাণ দোকান হইতে উৎপন্ন উচ্ছিষ্ট খাদ্য, পরিত্যজনযোগ্য প্লেট, কাপ, ক্যান, মোড়ক, নারিকেলের খোল, উদ্বৃত্ত খাদ্য, শাকসবজি, ফল জাতীয় বর্জ্য সংগ্রহের জন্য যথোপযুক্ত পাত্রে সংরক্ষণ করিয়া নির্ধারিত বর্জ্য সংগ্রহ কন্টেইনার বা ভ্যানে জমা করা;

(৯) অবকাঠামো নির্মাণ ও ভাঙন সংশ্লিষ্ট বর্জ্য অন্যান্য বর্জ্য হইতে পৃথকভাবে সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা গ্রহণ;

(১০) বিধি ৬ এ উল্লিখিত মৌলনীতি অনুসরণে বর্জ্য সংগ্রহ করিয়া পুনর্ব্যবহার, পুনঃচক্রায়ন বা অন্য কোনো ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ;

(১১) গৃহস্থালি হইতে সৃষ্ট কঠিন বর্জ্য এবং নালা ও নর্দমা হইতে উত্তোলিত কঠিন বর্জ্য, মল, বিষ্ঠা আচ্ছাদিত স্থানে জমা করা;

(১২) কঠিন বর্জ্য পৃথকভাবে সংগ্রহপূর্বক যথাযথভাবে আবৃত করিয়া, সরাসরি চূড়ান্ত পরিত্যজনস্থলে অথবা পরিশোধনস্থলে পোঁছানোর ব্যবস্থা গ্রহণ;

(১৩) চিকিৎসা-বর্জ্যের ক্ষেত্রে চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর বিধানাবলি অনুসরণ;

(১৪) স্বীয় ব্যবস্থাপনায় বা নিয়োজিত ব্যক্তি, ঠিকাদার, সমিতি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত কঠিন বর্জ্য পরিবহনকারী ভ্যান বা গাড়িতে তিন শ্রেণির বর্জ্য পৃথকাবস্থায় পরিবহনের জন্য ভ্যান বা গাড়িতে পৃথক প্রকোষ্ঠের ব্যবহার করা;

(১৫) তিন শ্রেণির বর্জ্য পৃথকভাবে ও আচ্ছাদিত ব্যবস্থায় পরিবহন করা;

(১৬) উৎসে তিন শ্রেণির বর্জ্য পৃথকীকরণের জন্য অর্থাৎ জৈবিকভাবে পচনশীল কঠিন বর্জ্যের জন্য সবুজ, জৈবিকভাবে অপচনশীল কঠিন বর্জ্যের জন্য হলুদ ও গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্যের জন্য লাল রং বিশিষ্ট পৃথক পৃথক প্রকোষ্ঠের ব্যবস্থা রাখা;

(১৭) গৃহস্থালি বা কোনো প্রতিষ্ঠান হইতে সৃষ্ট কঠিন বর্জ্য শ্রেণিভিত্তিক পৃথক পৃথকভাবে সংগ্রহের উদ্দেশ্যে ডাস্টিবন, কন্টেইনার বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে তিন শ্রেণির বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ;

(১৮) সাধারণ নাগরিকের সুবিধার্থে বর্জ্যের ধরন অনুযায়ী ডাস্টিবন, কন্টেইনার বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের নির্দিষ্ট প্রকোষ্ঠ রং অনুযায়ী চিহ্নিতকরণের ব্যবস্থা গ্রহণ;

(১৯) পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে তফসিল ২ ও ৩ এ বর্ণিত পদ্ধতি ও মানমাত্রা বজায় রাখিয়া কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার উপযোগীকরণ ও চূড়ান্ত পরিত্যজনের উদ্যোগ গ্রহণ;

(২০) তফসিল ৪ এ বর্ণিত নির্দেশাবলি অনুসরণে পরিবেশসম্মতভাবে বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরিত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

(২১) জৈবিকভাবে পচনশীল বা অপচনশীল কঠিন বর্জ্য হইতে সম্পদ আহরণের লক্ষ্যে পরিবেশসম্মত পদ্ধতিতে কম্পোস্টিং, বায়ো-গ্যাস জেনারেশন, রিফিউজ ডিরাইভড ফুয়েল (RDF), সলিড রিকোভার্ড ফুয়েল (SRF), বিদ্যুৎ উৎপাদন, জৈব পচনশীল সার উৎপাদন ও বাস্তবায়নে অগ্রাধিকার প্রদান;

(২২) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহিত যৌথ উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনে পচনশীল কঠিন বর্জ্য বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা গ্রহণ;

(২৩) পুনর্ব্যবহার উপযোগীকরণ বা পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য সরকারি বা বেসরকারি প্রক্রিয়াকরণ কারখানায় প্রদান;

(২৪) কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহার উপযোগীকরণ কারখানা হইতে পরিত্যক্ত বা উচ্ছিষ্ট এবং জৈবিকভাবে অপচনশীল বর্জ্য মানমাত্রা বজায় রাখিয়া স্যানিটারি ল্যান্ডফিল বা ভস্মীকরণের মাধ্যমে চূড়ান্তভাবে পরিত্যজন করা;

(২৫) নূতন সিটি কর্পোরেশন অথবা পৌরসভা প্রতিষ্ঠা করিবার সময় নগর ব্যবহার পরিকল্পনায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ, পরিশোধন, পরিত্যজন এবং ল্যান্ডফিলের জন্য নির্দিষ্ট স্থান অন্তর্ভুক্তকরণ;

(২৬) কঠিন বর্জ্য চূড়ান্তভাবে পরিত্যজনের স্থানে উহার ব্যবহার শুরুর অন্তত ১ (এক) বৎসর পূর্বে নির্বাচন এবং, প্রয়োজনে, উহা অধিগ্রহণের বিষয়ে পদক্ষেপ গ্রহণ;

(২৭) কঠিন বর্জ্য দ্বারা ভূমি ভরাটস্থল নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ; এবং

(২৮) উৎসে বর্জ্য হ্রাস ও উৎসে বর্জ্য পৃথককরণের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১ · তফসিল-২ · তফসিল-৪