RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৯

পণ্য প্রস্তুতকারক বা আমদানিকারকের দায়িত্ব

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

পণ্য প্রস্তুতকারক বা আমদানিকারকের দায়িত্ব হইবে নিম্নরূপ; যথা :—

(১) উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) এর আওতায় জৈবিকভাবে অপচনশীল ডিসপোজেবল পণ্যের প্রস্তুতকারী বা আমদানিকারকগণ টিন, গ্লাস, প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন, মাল্টিলেয়ার প্যাকেজিং বা মোড়ক, বোতল, ক্যান বা সমজাতীয় পণ্যের মাধ্যমে সৃষ্ট বর্জ্য গ্রাহক পর্যায় হইতে সংগ্রহ করিয়া, প্রযোজ্য ক্ষেত্রে, পুনঃচক্রায়নসহ পরিত্যজনের সুষ্ঠু ব্যবস্থা করা;

(২) বর্জ্য সংগ্রহ ও পরিবেশসম্মত পরিত্যজন পদ্ধতি প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহিত যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা;

(৩) নিজস্ব উদ্যোগে অথবা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহিত যৌথ উদ্যোগে অর্থায়নসহ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা;

(৪) উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) এর নির্দেশিকা যথাযথ বাস্তবায়ন করা;

(৫) নিজস্ব অর্থায়নে উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) বাস্তবায়ন বা সমন্বয় সাধনের জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহিত যৌথ উদ্যোগে, প্রযোজ্য ক্ষেত্রে, প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা;

(৬) বাৎসরিক প্লাস্টিক পুনঃচক্রায়নের পরিমাণ সম্পর্কিত প্রতিবেদন প্রতি বৎসরের মার্চ মাসে মহাপরিচালকের নিকট দাখিল করা;

(৭) সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠায় জনগণের করণীয় বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা; এবং

(৮) পণ্যের বিজ্ঞাপন প্রচারের সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পণ্যের সৃষ্ট বর্জ্যের ব্যবস্থাপনা বিষয়ে ক্রেতা বা ভোক্তার করণীয় সম্পর্কে অবহিত করা।

ব্যাখ্যা।—এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ অর্থ সকল বা যে কোনো প্রকার প্লাস্টিক বা প্লাস্টিকযুক্ত কোনো ব্যাগ, শপিং ব্যাগ, ঠোঙ্গা, মোড়ক বা অন্য কোনো ধারক অথবা সমজাতীয় অন্য কোনো সামগ্রী যাহা একবার মাত্র ব্যবহার করা হয় এবং যাহা সাধারণত পুনর্ব্যবহার বা পুনঃচক্রায়ন করা হয় না।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।