হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে অবস্থানগত ছাড়পত্র প্রদান পদ্ধতি
(১) হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের জন্য ফরম-৩ অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া আবেদন দাখিল করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল-৬ এ উল্লিখিত আবেদন প্রক্রিয়াকরণ ফি, সংশ্লিষ্ট দলিলপত্র, বিবরণ এবং তফসিল-৯ এর নির্দেশিকা অনুসরণ করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিয়া যৌক্তিকতা ও অভিমতসহ প্রতিবেদন প্রস্তুত করিতে হইবে।
(৪) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ৮(আট) কার্যদিবসের মধ্যে আবেদনে উল্লিখিত তথ্যাবলি পরীক্ষা ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সন্তুষ্ট হইলে আবেদনকারীকে তফসিল-৭ এ উল্লিখিত ফি জমা প্রদানের জন্য অবহিত করিবে।
(৫) উপ-বিধি (৪) এর অধীন অবহিত হইবার পর আবেদনকারী প্রযোজ্য ফি জমা প্রদান করিলে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীর অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করিতে হইবে।
(৬) উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত আবেদনে উল্লিখিত তথ্যাবলি পরীক্ষা ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সন্তুষ্ট না হইলে আবেদনটি নামঞ্জুর করিয়া উহার কারণ উল্লেখক্রমে আবেদন প্রাপ্তির ১৫(পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।