কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি
(১) কমলা শ্রেণির সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প চালু করিবার উদ্দেশ্যে পরিবেশগত ছাড়পত্রের জন্য বিধি ৭ অনুযায়ী অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় প্রয়োজনবোধে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিন পরিদর্শনক্রমে অবস্থানগত ছাড়পত্রের শর্তাবলি প্রতিপালন ও প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনা করিয়া পরিবেশগত ছাড়পত্র প্রদান বা আবেদন নামঞ্জুর সংক্রান্ত বিষয়ে যৌক্তিকতা ও অভিমতসহ প্রতিবেদন প্রস্তুত করিবে।
(৩) অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় তফসিল-১ এর কমলা শ্রেণির ক্রমিক নং ১ (এক) হইতে ক্রমিক নং ৬২ (বাষট্টি) এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উপ-বিধি (৯) এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন আবেদনসহ প্রযোজ্য ক্ষেত্রে, আঞ্চলিক, বিভাগীয় বা মহানগর কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবে এবং উক্ত তফসিলের ক্রমিক নং ৬৩ (তেষট্টি) হইতে ক্রমিক নং ১১৩ (একশত তেরো) এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উক্ত প্রতিবেদন আবেদনসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবে ও উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে, আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবে।
(৪) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন এবং উপ-বিধি (২) এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদনসহ সার্বিক দিক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৫) উপ-বিধি (১) অনুযায়ী আবেদন দাখিলের অনধিক ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, আবেদন নামঞ্জুর করা হইলে উহার কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট আবেদনকারীকে আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
(৬) অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটির নিকট কমলা শ্রেণির কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন পর্যালোচনান্তে যদি প্রতীয়মান হয় যে, সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প কর্তৃক সৃষ্ট দূষণ পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলিতে পারে তাহা হইলে কমিটি উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনার সুপারিশ করিতে পারিবে এবং মহাপরিচালক কর্তৃক উক্ত সুপারিশ অনুমোদনের পর সংশ্লিষ্ট উদ্যোক্তাকে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনা করিতে হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১