RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৭

পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন মূল্যায়ন

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) বিধি ১৫ এর উপ-বিধি (১) অনুযায়ী পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনের তথ্য ও উপাত্ত সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র কমিটির সভায় আমন্ত্রণ জানানো যাইবে।

(২) পরিবেশগত ছাড়পত্র কমিটি কর্তৃক প্রয়োজনীয় বলিয়া প্রতীয়মান হইলে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনের উপর সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার নিকট হইতে মতামত চাহিতে পারিবে এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে ছাড়পত্র প্রদানের নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত মতামত গ্রহণ করিতে হইবে।

(৩) পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটি উহার সভায় সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নকালে নিম্নলিখিত বিষয়াবলি বিবেচনা করিবে, যথা :—

(ক) নিরূপিত পরিবেশগত প্রভাব, প্রস্তাবিত পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিবীক্ষণ কর্মসূচি;

(খ) জনমত যাচাই করিয়া প্রাপ্ত মতামত এবং উক্ত মতামতের আলোকে গৃহীত ব্যবস্থা;

(গ) সংশ্লিষ্ট প্রকল্পের সম্ভাব্য বিকল্পসমূহ এবং প্রয়োজনে উক্ত প্রকল্পের প্রস্তাবিত সাইট সরেজমিন পরিদর্শন;

(ঘ) প্রতিবেদনের তথ্য অপ্রতুল বলিয়া প্রতীয়মান হইলে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য অনুরোধ; এবং

(ঙ) অবস্থানগত ছাড়পত্রের প্রতিপালনীয় শর্তসমূহ পর্যালোচনা।

(৪) পরিবেশগত ছাড়পত্র কমিটি পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনের কার্যপরিধির শর্তানুসারে দাখিলকৃত অন্যান্য প্রতিবেদন যেমন, সামাজিক প্রভাব নিরূপণ প্রতিবেদন, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি পরিকল্পনা, ক্ষতিগ্রস্তদের স্থানান্তর ও পুনর্বাসন সংক্রান্ত পরিকল্পনা, ঝুঁকি নিরূপণ ও ব্যবস্থাপনা পরিকল্পনা পর্যালোচনা করিবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।