পরিবেশগত প্রভাব নিরূপণের জন্য জনমত যাচাই
(১) লাল শ্রেণির কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত প্রভাব নিরূপণের অংশ হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে, প্রকল্পের বিষয় সংশ্লিষ্ট অংশীজন ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় জনমত যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, বৃহদাকার ও বিশেষায়িত কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে কিংবা শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থান একাধিক বিভাগে বিস্তৃত হইলে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে জনমত যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
(২) জনমত যাচাইয়ের জন্য শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন ও এতদসংশ্লিষ্ট বাংলা সার-সংক্ষেপের ৩ (তিন) টি সেটসহ সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে এবং উহার অনুলিপি প্রধান কার্যালয়ে প্রেরণ করিতে হইবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন আবেদন প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা জনমত যাচাইয়ের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করিয়া বহুল প্রচারিত একটি স্থানীয় ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করিবেন ।
(৪) জনমত যাচাই সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি অধিদপ্তরের ওয়েবসাইট ও উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তার ওয়েবসাইটে, যদি থাকে, প্রচার করিতে হইবে।
(৫) পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ (ত্রিশ) কার্যদিবস পর্যন্ত অধিদপ্তরের ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট কার্যালয়ে মতামত প্রদান করা যাইবে:
তবে শর্ত থাকে যে, খসড়া পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রস্তুতের ৪৫ (পয়ঁতাল্লিশ) কার্যদিবসের মধ্যে জনমত যাচাই সম্পন্ন করিতে হইবে:
আরও শর্ত থাকে যে, নির্ধারিত সময়ের মধ্যে জনমত যাচাই শেষ করা সম্ভব না হইলে অনধিক ১৫ (পনেরো) কার্যদিবস সময় বৃদ্ধি করা যাইবে।
(৬) জনমত যাচাই কার্যক্রমে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোগের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত এবং এতদ্ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে যথাসম্ভব সম্পৃক্ত করিতে হইবে।
(৭) জনমত যাচাইয়ের সময় সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে নিম্নলিখিত তথ্যাদি উপস্থাপন করিতে হইবে, যথা :—
(ক) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক তথ্য;
(খ) প্রকল্পের সম্ভাব্য সুফল;
(গ) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত প্রভাব ও প্রযোজ্য ক্ষেত্রে, সামাজিক প্রভাব;
(ঘ) পরিবেশগত ও সামাজিক প্রভাব প্রশমনের উপায়সমূহ; এবং
(ঙ) এতদসংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
(৮) জনমত যাচাই এর জন্য সভা আয়োজনের অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক উক্ত সভার কার্যবিবরণী অনুমোদন করিতে হইবে।
(৯) উপ-বিধি (৮) অনুযায়ী অনুমোদিত কার্যবিবরণী পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনের সহিত সংযুক্ত করিতে হইবে।
(১০) জনমত যাচাই প্রক্রিয়ায় প্রাপ্ত পরিবেশগত মতামতের আলোকে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন এবং পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করিতে হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।