RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে অবস্থানগত ছাড়পত্র প্রদান পদ্ধতি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) লাল শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্রের জন্য ফরম-৩ অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল-৬ এ উল্লিখিত আবেদন প্রক্রিয়াকরণ ফি, সংশ্লিষ্ট দলিলপত্র, বিবরণ, পরিবেশগত প্রভাব নিরূপণ এর খসড়া কার্যপরিধি (terms of reference) দাখিল করিতে হইবে এবং এবং তফসিল-৯ এ উল্লিখিত প্রযোজ্য নির্দেশিকা অনুসরণ করিতে হইবে।

(৩) পরিবেশগত প্রভাব নিরূপণ এর খসড়া কার্যপরিধি (terms of reference) তফসিল-১০ এ উল্লিখিত নির্দেশিকা অনুসারে প্রণয়ন করিতে হইবে।

(৪) আবেদন প্রাপ্তির পর অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন এবং কাগজপত্র ও প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনা করিয়া অবস্থানগত ছাড়পত্র প্রদানের যৌক্তিকতা সম্পর্কে অভিমতসহ একটি প্রতিবেদন এবং পরিবেশগত প্রভাব নিরূপণ এর খসড়া কার্যপরিধি (terms of reference) অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবে ও উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে, অঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবে।

(৫) উপ-বিধি (৪) এর অধীন দলিলাদি প্রাপ্তির পর পরিবেশগত ছাড়পত্র কমিটি সকল বিষয়বস্তু মূল্যায়ন ও বিবেচনা করিয়া এতদসংক্রান্ত প্রতিবেদন মহাপরিচালকের নিকট অনুমোদনের জন্য উপস্থাপন করিবে।

(৬) মহাপরিচালকের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে আবেদন প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয় হইতে পরিবেশগত প্রভাব নিরূপণ এর খসড়া কার্যপরিধির (terms of reference) অনুমোদন প্রদান করা হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো অতিরিক্ত তথ্য বা কাগজাদির প্রয়োজন হইলে আবেদনকারীকে অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে উহা জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা যাইবে:

আরও শর্ত থাকে যে, সার্বিক দিক পর্যালোচনাক্রমে আবেদনটি নামঞ্জুর করা হইলে উক্ত সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে কারণ উল্লেখপূর্বক লিখিতভাবে অবহিত করিতে হইবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬ · তফসিল-৯ · তফসিল-১০