RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৫

পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) লাল শ্রেণির কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা অধিদপ্তর কর্তৃক প্রণীত নির্দেশিকা অনুসারে তালিকাভুক্ত পরিবেশ বিষয়ক পরামর্শকের দ্বারা অনুমোদিত কার্যপরিধির ভিত্তিতে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনা করিয়া পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রস্তুত করিবে:

তবে শর্ত থাকে যে, যেসকল সেক্টরের জন্য অধিদপ্তরের পরিবেশগত প্রভাব নিরূপণ নির্দেশিকা নাই সেই সকল সেক্টরের পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনার জন্য কোনো আন্তর্জাতিক বা উন্নয়ন সহযোগী সংস্থার পরিবেশগত প্রভাব নিরূপণ নির্দেশিকা অনুসরণ করা যাইবে এবং এইক্ষেত্রে উহা সরকারের গৃহীত পরিকল্পনা, নীতিমালা বা সিদ্ধান্তের পরিপন্থি কিনা উহা বিবেচনা করিতে হইবে।

(২) তালিকাভুক্ত পরিবেশ বিষয়ক পরামর্শক পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহিত আলোচনাক্রমে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাহাদের কার্যক্রম সম্পাদন করিবেন:

তবে শর্ত থাকে যে, পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা ও পরিবীক্ষণ কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে উদ্যোক্তার সহিত আলোচনা ও পরামর্শ করা যাইবে।

(৩) তালিকাভুক্ত পরিবেশ বিষয়ক পরামর্শকগণ পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা প্রতিবেদন ও এই প্রতিবেদনের অংশ হিসাবে পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে তফসিল-১১ এ উল্লিখিত নির্দেশিকা অনুসরণ করিবেন।

(৪) লাল শ্রেণির কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনায় উল্লিখিত সকল কার্যক্রম, পদক্ষেপ, পরিকল্পনাসমূহ বা পরিবীক্ষণ কর্মসূচিসমূহ যথাযথভাবে প্রতিপালন করা হইবে মর্মে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে ফরম-৬ অনুযায়ী ঘোষণা প্রদান করিতে হইবে।

(৫) লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহের উদ্যোক্তাকে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটির নিকট দাখিল করিতে হইবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১১