অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন দাখিলের পদ্ধতি
(১) যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হইবে উহার অবস্থান, যদি—
(ক) অধিদপ্তরের জেলা কার্যালয় রহিয়াছে এমন কোনো জেলায় হয় তাহা হইলে আবেদন উক্ত জেলা কার্যালয়ে দাখিল করিতে হইবে;
(খ) অধিদপ্তরের জেলা কার্যালয় নাই এমন কোনো জেলায় হয় তাহা হইলে আবেদন সংশ্লিষ্ট অধিক্ষেত্রাধীন জেলা কার্যালয়ে বা বিভাগীয় কার্যালয়ে দাখিল করিতে হইবে;
(গ) কোনো মহানগরে হয় তাহা হইলে আবেদন সংশ্লিষ্ট মহানগর কার্যালয়ে দাখিল করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, মহানগরের জন্য পৃথক কোনো কার্যালয় না থাকিলে আবেদন সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে দাখিল করিতে হইবে;
(ঘ) একই বিভাগের আওতাভুক্ত একাধিক জেলায় হয় তাহা হইলে আবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে বা বিভাগীয় কার্যালয়ে দাখিল করিতে হইবে; এবং
(ঙ) একাধিক বিভাগে বিস্তৃত হয় তাহা হইলে আবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করিতে হইবে।
(২) কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে দাখিল করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো কারণে অনলাইনে আবেদন দাখিল করা সম্ভব না হইলে সরাসরি আবেদন দাখিল করা যাইবে।
(৩) মহাপরিচালক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট আবেদনসমূহের গতিবিধি পর্যবেক্ষণ করিবেন।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।