RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৯৫

শ্রমিক কল্যাণ সমিতি নিবন্ধনের জন্য আবেদন

২টি বিধি

আইনের টেক্সট

৯৫। (১) ধারা ৯৪ অনুযায়ী শ্রমিকগণ শ্রমিক কল্যাণ সমিতি গঠনের পক্ষে সমর্থন ব্যক্ত করিলে উহার নিবন্ধিকরণের জন্য একজন আহ্বায়কের স্বাক্ষরে, নির্বাহী চেয়ারম্যানের নিকট নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ করিয়া আবেদন করিবেন যথা:-

(ক) শ্রমিক কল্যাণ সমিতির নাম ও ঠিকানা;

(খ) শ্রমিক কল্যাণ সমিতি গঠনের তারিখ;

(গ) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যদের পদবি, নাম, বয়স, ঠিকানা, পেশা ;

(ঘ) চাঁদা প্রদানকারী সদস্যগণের পরিপূর্ণ বিবরণ;

(ঙ) যে প্রতিষ্ঠানের সহিত শ্রমিক কল্যাণ সমিতি সংশ্লিষ্ট উহার নাম এবং উহাতে নিযুক্ত বা কর্মরত শ্রমিকের মোট সংখ্যা।

(২) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্রের সহিত শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্রের তিনটি অনুলিপি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৯৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১৭২

শ্রমিক কল্যাণ সমিতি গঠনের আবেদন

(১) কোনো প্রতিষ্ঠানের অন্যূন ২০% (বিশ শতাংশ) স্থায়ী শ্রমিক শ্রমিক কল্যাণ সমিতি গঠন করিতে ইচ্ছুক হইলে তাহাদের প্রত্যেকে ফরম-৭০ পূরণপূর্বক নিজেদের মধ্য হইতে একজনকে আহ্বায়ক করিয়া নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন করিবেন।

(২) নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উপ-বিধি (১) এর অধীন যথাযথভাবে আবেদন দাখিল করা হইয়াছে তাহা হইলে তিনি ৭ (সাত) দিনের মধ্যে সমিতির আহ্বায়ককে আইনের ধারা ৯৫ অনুযায়ী উক্ত সমিতির নিবন্ধনের জন্য নির্দেশ দিবেন।

(৩) উপ-বিধি (১) অনুযায়ী দাখিলকৃত আবেদনপত্রে কোনো ত্রুটি বা ভ্রান্তি থাকিলে আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা লিখিতভাবে তাহা সমিতির আহ্বায়ককে অবহিত করিবেন এবং পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশোধিত আবেদন দাখিলের জন্য নির্দেশ দিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন দাখিলকৃত জবাব সন্তোষজনক না হইলে নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা আবেদন প্রত্যাখান করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার আদেশে সংক্ষুদ্ধ সমিতির আহ্বায়ক আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যানের নিকট আপিল করিতে পারিবেন এবং এই বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৪
বিধি ১৭৪

সমিতির নিবন্ধন সংক্রান্ত আবেদন

(১) আইনের ধারা ৯৫(১) অনুযায়ী শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য ফরম-৭৩ অনুযায়ী আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন নিবন্ধনের আবেদনের সহিত সদস্যের প্রত্যয়নপত্রসহ জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করিতে হইবে।

(৩) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যের বিবরণ ফরম-৭৪ অনুযায়ী প্রদান করিতে হইবে।

(৪) নিবন্ধন সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইলেকট্রনিক বা অনলাইনের ব্যবহারের মাধ্যমে করা যাইবে, তবে এই ক্ষেত্রে সকল কার্যক্রমের একটি মুদ্রিত কপি সংরক্ষণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, অনলাইন পদ্ধতি সচল না হওয়া পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম সম্পাদিত হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।

BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।