RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৫২

অর্জিত ছুটি

৩টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৫২। (১) কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে ১ (এক) বৎসর চাকরি সম্পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক শ্রমিক পরবর্তী ১২ (বারো) মাস সময়ে তাহার পূর্ববর্তী ১২ (বারো) মাসের কাজের জন্য মজুরিসহ প্রতি ১৮ (আঠারো) দিন কাজের জন্য ১ (এক) দিন হারে অর্জিত ছুটি প্রাপ্য হইবেন।

(২) প্রত্যেক পঞ্জিকা বর্ষে কোনো শ্রমিক তাহার জমাকৃত অর্জিত ছুটির নগদায়ন করিতে পারিবেন এবং কর্তৃপক্ষ অর্জিত ছুটির নগদায়ন পদ্ধতি নির্ধারণ করিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৫২ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১১৩

অর্জিত ছুটি

(১) কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে ১ (এক) বৎসর চাকরি সম্পূর্ণ করিয়াছেন এইরূপ প্রত্যেক শ্রমিক পরবর্তী ১২ (বারো) মাস সময়ে তাহার পূর্ববর্তী বারো মাসের কাজের জন্য মজুরিসহ প্রতি ১৮ (আঠারো) দিন কাজের জন্য ১ (এক) দিন হারে অর্জিত ছুটি প্রাপ্য হইবেন।

(২) আইনের ধারা ৫২ অনুযায়ী অর্জিত ছুটি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ১২ (বার) মাসে শ্রমিকের কাজে উপস্থিতির দিনসমূকে গণ্য করিতে হইবে।

(৩) মঞ্জুরকৃত কোনো অর্জিত ছুটির সময়ের মধ্যে যদি অন্য কোনো ছুটি থাকে তাহা হইলে উক্ত ছুটিও উহার অন্তর্ভুক্ত হইবে:

তবে শর্ত থাকে যে, অর্জিত ছুটি পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত কোনো প্রয়োজনে গ্রহণ করা যাইবে।

(৪) মালিক তাহার সুবিধা অনুযায়ী কোনো নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণপূর্বক কোনো শ্রমিক অথবা শ্রমিককে ছুটি প্রদান করিয়া পরবর্তীতে অব্যয়িত অর্জিত ছুটির সহিত সমন্বয় করিতে পারিবেন না।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮০
বিধি ১১৪

অর্জিত ছুটি নগদায়ন পদ্ধতি

(১) কোনো শ্রমিক চাহিদা অনুযায়ী তাহার অব্যয়িত অর্জিত ছুটি ভোগ অথবা অর্জিত ছুটির বিপরীতে নগদ অর্থ গ্রহণ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, সর্বশেষ বৎসরের অর্জিত ছুটি জমা রাখিয়া শ্রমিক তাহার অব্যয়িত অর্জিত ছুটি নগদায়ন করিতে পারিবেন এবং মালিক তাহার (শ্রমিকের) সর্বশেষ বৎসরের জমাকৃত অর্জিত ছুটির অতিরিক্ত অব্যয়িত অর্জিত ছুটি প্রত্যেক বৎসরান্তে নগদায়ন করিবেন।

(২) পূর্ববর্তী মাসের প্রাপ্ত মোট মজুরি (মূল মজুরি+বাড়ি ভাড়া+চিকিৎসা ভাতা) কে ৩০(ত্রিশ) দ্বারা ভাগ করিয়া ১ (এক) দিনের মজুরি নির্ধারণ করত তাহার ভিত্তিতে অব্যয়িত অর্জিত ছুটির মজুরি নগদায়ন করিতে হইবে।

(৩) কোনো শ্রমিক তাহার অর্জিত ছুটি পাওনা থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে উক্ত ছুটি বাবদ পাওনা মজুরি তাহার মনোনীত বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮০
বিধি ১১৭

ছুটির রেজিস্টার

(১) আইনের ধারা ৯ অনুযায়ী ছুটির রেজিস্টার ফরম-৪৬ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং উহাতে আইনের ধারা ৫০, ৫১ ও ৫২ এ বর্ণিত ছুটির হিসাব লিপিবদ্ধ করিতে হইবে।

(২) কোনো প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত ফরমে ছুটির রেজিস্টার সংরক্ষণ করিলে উহা ছুটির রেজিস্টার বলিয়া গণ্য হইবে এবং এইক্ষেত্রে শ্রমিকের কোনো ছুটি মঞ্জুর করা হইলে ডিজিটাল পদ্ধতিতে এন্ট্রি প্রদান করিয়া উহার মুদ্রিত কপি সংশ্লিষ্ট শ্রমিকের ব্যক্তিগত নথিতে সন্নিবেশিত করিতে হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
১ বছর পর প্রতি ১৮ দিন কাজে ১ দিন অর্জিত ছুটি। সর্বশেষ বছরের ছুটি জমা রেখে বাকি অব্যয়িত ছুটি প্রতি বছর শেষে নগদায়ন করতে হবে (বিধি ১১৪)।
হিসাব
নগদায়নের দৈনিক হার = আগের মাসের মোট মজুরি (মূল + বাড়ি ভাড়া + চিকিৎসা) ÷ ৩০। উদাহরণ: মোট ১৪,৪৫০ টাকা হলে দৈনিক ৪৮১.৬৭ টাকা; ১০ দিন নগদায়ন = ৪,৮১৬.৬৭ টাকা।
রেকর্ড
EL calculation sheet, encashment payroll।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

দুই আইনেই ১৮ দিনে ১ দিন। EPZ বিধি ১১৪: সর্বশেষ বছরের ছুটি জমা রেখে বাকিটা প্রতি বছর শেষে নগদায়ন; দৈনিক হার = আগের মাসের মোট মজুরি ÷ ৩০। BLA: জমার সর্বোচ্চ সীমা আছে (ধারা ১১৭); বছরে একবার সর্বোচ্চ অর্ধেক নগদায়ন (বিধি ১০৭)।

BLA ধারা ১১৭ পাশাপাশি দেখুন
BLA ধারা ১১৭ · মজুরীসহ বাৎসরিক ছুটি

১১৭। (১) কোন প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে এক বৎসর চাকুরী পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক শ্রমিককে পরবর্তী বারো মাস সময়ে তাহার পূর্ববর্তী বারো মাসের কাজের জন্য মজুরীসহ নিম্নবর্ণিত হারে গণনার ভিত্তিতে ছুটি মঞ্জুর করিতে হইবে, যথাঃ-

(ক) কোন দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান অথবা কোন কারখানা অথবা সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতি আঠার দিন কাজের জন্য একদিন;

(খ) কোন চা বাগানের ক্ষেত্রে, প্রতি বাইশ দিন কাজের জন্য একদিন;

(গ) কোন সংবাদপত্র শ্রমিকের ক্ষেত্রে প্রতি এগার দিন কাজের জন্য একদিন।

(২) কোন প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে এক বৎসর চাকুরী পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক অপ্রাপ্ত বয়স্ক শ্রমিককে পরবর্তী বারো মাস সময়ে তাহার পূর্ববর্তী বারো মাসের কাজের জন্য মজুরীসহ নিম্নবর্ণিত হারে গণনার ভিত্তিতে ছুটি মঞ্জুর করিতে হইবে; যথাঃ-

১[(ক) কোনো কারখানার ক্ষেত্রে, প্রতি ১৪ (চৌদ্দ) দিন কাজের জন্য ১ (এক) দিন;]

(খ) কোন চা-বাগানের ক্ষেত্রে, প্রতি আঠার দিন কাজের জন্য একদিন;

(গ) কোন দোকান বা বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতি চৌদ্দ দিন কাজের জন্য একদিন।

(৩) এই ধারার অধীন মঞ্জুরকৃত কোন ছুটির সময়ের মধ্যে যদি অন্য কোন ছুটি পড়ে তাহা হইলে উক্ত ছুটি ও ইহার অর্ন্তভুক্ত হইবে।

(৪) যদি কোন শ্রমিক কোন বারো মাস মেয়াদের মধ্যে উপ-ধারা (১) অথবা (২) এর অধীন তাহার প্রাপ্য কোন ছুটি সম্পূর্ণ বা অংশত ভোগ না করেন তাহা হইলে উক্তরূপ প্রাপ্য ছুটি পরবর্তী বারো মাস মেয়াদে তাহার প্রাপ্য ছুটির সহিত যুক্ত হইবে।

(৫) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন প্রাপ্ত বয়স্ক শ্রমিকের এই ধারার অধীন ছুটি পাওনা বন্ধ হইয়া যাইবে যখন তাহার পাওনা অর্জিত ছুটি-

(ক) কোন কারখানা অথবা সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, চলিস্নশ দিন হয়;

(খ) কোন চা-বাগান, দোকান বা বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ষাট দিন হয়।

(৬) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ২[ কিশোর] শ্রমিকের এই ধারার অধীন ছুটি পাওনা বন্ধ হইয়া যাইবে যখন তাহার পাওনা অর্জিত ছুটি-

(ক) কোন কারখানা অথবা চা-বাগানের ক্ষেত্রে, ষাট দিন হয়;

(খ) কোন দোকান বা বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আশি দিন হয়।

(৭) কোন শ্রমিক অর্জিত ছুটির জন্য দরখাসত্দ করিলে যদি মালিক কোন কারণে উহা না-মঞ্জুর করেন, তাহা হইলে উক্ত না-মঞ্জুরকৃত ছুটি সংশিস্নষ্ট শ্রমিকের হিসাবে উপ-ধারা (৫) অথবা (৬) এ উলিস্নখিত সীমার অতিরিক্ত পাওনা হিসাবে যুক্ত হইবে।

(৮) এই ধারা প্রয়োজনে, কোন শ্রমিক কোন প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কোন সময়ের জন্য কাজ সমপূর্ণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন যদিও বা উক্ত সময়ে নিম্নলিখিত কারণে তাহার কাজ ব্যাহত হইয়া থাকে, যথাঃ-

(ক) কোন বন্ধের দিন;

(খ) কোন মজুরীসহ ছুটি;

(গ) পীড়া বা দুর্ঘটনার কারণে মজুরীসহ বা মজুরী ছাড়া কোন ছুটি;

৩[(ঘ) অনধিক ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত প্রসূতিকালীন ছুটি;]

(ঙ) কোন লে-অফ;

(চ) আইন সম্মত কোন ধর্মঘট বা বে-আইনী কোন লক-আউট।

EPZ ধারা ৫২ · অর্জিত ছুটি

৫২। (১) কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে ১ (এক) বৎসর চাকরি সম্পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক শ্রমিক পরবর্তী ১২ (বারো) মাস সময়ে তাহার পূর্ববর্তী ১২ (বারো) মাসের কাজের জন্য মজুরিসহ প্রতি ১৮ (আঠারো) দিন কাজের জন্য ১ (এক) দিন হারে অর্জিত ছুটি প্রাপ্য হইবেন।

(২) প্রত্যেক পঞ্জিকা বর্ষে কোনো শ্রমিক তাহার জমাকৃত অর্জিত ছুটির নগদায়ন করিতে পারিবেন এবং কর্তৃপক্ষ অর্জিত ছুটির নগদায়ন পদ্ধতি নির্ধারণ করিবেন।