মহাপরিদর্শক, পরিদর্শন, ক্ষমতা ইত্যাদি
আইনের টেক্সট
১৬৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম মহাপরিদর্শক, উপ-মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট অন্যান্য পরিদর্শন কর্মকর্তা এবং পরিদর্শক জোনসমূহের শিল্প প্রতিষ্ঠানের পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্য সম্পাদন করিবেন।
(২) মহাপরিদর্শকের নিম্নরূপ ক্ষমতা ও দায়িত্ব থাকিবে:
(ক) তাহার এখতিয়ারাধীন সকল শিল্প প্রতিষ্ঠান তদারকি এবং নিয়ন্ত্রণ;
(খ) লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, তাহার কোনো ক্ষমতা বা দায়িত্ব কোনো অতিরিক্ত মহাপরিদর্শক, অথবা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার উপর অর্পণ;
(গ) অতিরিক্ত মহাপরিদর্শক এবং পরিদর্শনের কাজে নিযুক্ত কর্মকর্তা বা ব্যক্তির তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ;
(ঘ) কোনো শিল্প বিরোধে সালিশ হিসাবে দায়িত্ব পালন;
(ঙ) শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন তত্ত্বাবধান;
(চ) এই আইনের কোনো বিধান লঙ্ঘন, অপরাধ সংঘটন বা কোনো অন্যায় আচরণের জন্য ইপিজেড শ্রম আদালতে অভিযোগ পেশ;
(ছ) এই আইন এবং উহার অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৬৯ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলি, ইত্যাদি
(১) আইনের ধারা ১৬৯ ও ১৭০ এর উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ অথবা ক্ষেত্রমত মহাপরিদর্শক অথবা অতিরিক্ত মহাপরিদর্শক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো উপ-অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম মহাপরিদর্শক, উপ মহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শক, কাউন্সিলর কাম পরিদর্শক বা পরিদর্শক বা কোনো কর্মকর্তা আইন ও এই বিধিমালায় উল্লিখিত নির্দিষ্ট দায়িত্ব ও ক্ষমতা পালনের অতিরিক্ত নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথা:
(ক) আইন ও এই বিধিমালার দ্বারা নিশ্চিত করা কোনো অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কোনো পক্ষ হইতে অভিযোগ প্রাপ্ত হইলে উহা প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে অনুসন্ধান ও তদন্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ প্রদান করা;
(খ) আইনের অধীন নির্ধারিত নিম্নতম মজুরি হার যে মালিক বা শ্রমিকের প্রতি প্রযোজ্য তিনি যেখানে ব্যবসা করিয়া থাকে এইরূপ কোনো প্রাঙ্গণে প্রবেশ করিতে এবং পরীক্ষার জন্যে কোনো রেজিস্টার, মজুরি রেজিস্টার, শ্রমিককে প্রদত্ত মজুরির রেকর্ড ও অন্যান্য রেকর্ড বা দলিল যাহা মজুরি প্রদান বা হিসাবের সহিত সংশ্লিষ্ট উহা তলব করা এবং ঘটনাস্থলে বা অন্যত্র কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এবং আইনের উদ্দেশ্যপূরণকল্পে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করা;
(গ) অতিরিক্ত মহাপরিদর্শকের নির্দেশক্রমে শ্রমিকের যে কোনো প্রকার মজুরি বা ক্ষতিপূরণের টাকা আদায়ের জন্য ক্ষেত্রমত ফরম-৫৩ ও ফরম-৫৪ অনুযায়ী ইপিজেড শ্রম আদালতের নিকট অভিযোগ দায়ের বা প্রতিবেদন উপস্থাপন করা;
(ঘ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা, শ্রমিক অধিকার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দলিলাদি বা কনভেনশন বা ঘোষণা, শ্রমখাত, শ্রমিক, পরিদর্শন, শিল্প-প্রতিষ্ঠান নিবন্ধিকরণ ও শ্রমিক সংখ্যা, অসন্তোষ নিষ্পত্তিকরণ, মামলা দায়ের, শিল্প প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত বার্ষিক রিটার্ন, ইত্যাদি সংক্রান্ত দলিলাদি বা তথ্যাদির বিবরণ প্রস্তুতকরণ এবং যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রচার-প্রকাশ ও সরবরাহ করা;
(ঙ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা, শ্রমিক অধিকার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দলিলাদি বা কনভেনশন বা ঘোষণা, শ্রমখাত, শ্রমিক অধিকার, ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষসমূহের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাহী চেয়ারম্যানের নিকট অনুমতি সাপেক্ষে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার আয়োজন করা।
(২) পরিদর্শক বা কোনো কাউন্সিলর কাম পরিদর্শক বা কোনো কর্মকর্তা আইন এবং এই বিধিমালায় উল্লিখিত নির্দিষ্ট দায়িত্ব পালনকালে কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা রক্ষা করিবেন।
(৩) পরিদর্শক বা কোনো কাউন্সিলর কাম পরিদর্শক বা কোনো কর্মকর্তা পরিদর্শনকালে কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা ও প্রতিবন্ধী শ্রমিকের সুযোগ সুবিধাসহ সার্বিক কর্মপরিবেশ বিষয়ে অধিকতর গুরুত্বারোপ করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।