বিধি ১৭৯ — ভোট প্রদানকারী শ্রমিকদের সনাক্তিপত্র বা পরিচয়পত্র
মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬
ভোট প্রদানকারী শ্রমিকদের সনাক্তিপত্র বা পরিচয়পত্র
(১) ধারা ২০২ (১২) অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক শ্রমিককে ভোট প্রদানকালে মালিক কর্তৃক ইস্যুকৃত ছবিসহ পরিচয়পত্র অবশ্যই প্রিজাইডিং অফিসারের নিকট প্রদান করিতে হইবে, যাহা ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট মালিকের প্রতিনিধির নিকট প্রদান করিবেন এবং উক্ত প্রতিনিধি উহা সংশ্লিষ্ট শ্রমিককে ফেরত প্রদান করিবেন।
(২) ধারা ২০২ (১৩) অনুযায়ী প্রত্যেক মালিক মহাপরিচালক কর্তৃক অনুরুদ্ধ হইলে, নির্বাচন পরিচালনার জন্য অর্থ সংস্থানসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করিবেন, তবে নির্বাচন বিষয়ে মহাপরিচালক ও মালিক কোনরূপ হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করিতে পারিবেন না।
(৩) যদি প্রিজাইডিং অফিসার ভোটারের পরিচয়পত্র সম্পর্কে সন্তুষ্ট না হন তবে তিনি তাহাকে গোপন ব্যালটে ভোট প্রদানের অনুমতি প্রদানে অস্বীকার করিতে পারিবেন এবং এই ব্যাপারে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।
বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ (এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২), দফা (১০১): সর্বত্র উল্লিখিত ‘শ্রম পরিচালক’, ‘অতিরিক্ত শ্রম পরিচালক’, ‘যুগ্ম শ্রম পরিচালক’, ‘উপ-শ্রম পরিচালক’, ‘সহকারী শ্রম পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহের পরিবর্তে, এই প্রজ্ঞাপন দ্বারা ভিন্নরূপ কোনো বিধান করা না হইলে, ক্ষেত্রমত, ‘মহাপরিচালক’, ‘অতিরিক্ত মহাপরিচালক’, ‘পরিচালক’, ‘উপ-পরিচালক’, ‘সহকারী পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২০২
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)