RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২২৪ — পরিচালনা বোর্ডের সভা

বিধি ২২৪

পরিচালনা বোর্ডের সভা

(১) প্রতি চার মাসে অন্তত একবার পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে বোর্ডের সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত সাত দিন পূর্বে প্রত্যেক সদস্যের ঠিকানায় রেজিষ্ট্রি ডাকযোগে বা সদস্যগণের নিকট গ্রহণযোগ্য অন্য কোন উপায়ে সভার নোটিস প্রেরণ করিতে হইবে, তবে জরুরি সভার ক্ষেত্রে উক্তরূপ নোটিস সভা অনুষ্ঠানের তিন দিন পূর্বে প্রেরণ করা যাইবে।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, পরিচালনা বোর্ডের সদস্যদের কমপক্ষে অর্ধেক সংখ্যক সদস্যের নিকট হইতে লিখিতভাবে অনুরুদ্ধ হইলে সচিব, চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে, অনুরোধ প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।

(৩) চেয়ারম্যান বোর্ডের প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন এবং কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যিনি বোর্ডের ভাইস চেয়ারম্যান, সভায় সভাপতিত্ব করিবেন এবং তিনি উক্ত সভার সিদ্ধান্তসহ কার্যবিবরণী স্বাক্ষর করিবেন।

(৪) পরিচালনা বোর্ডের সভায় কোরাম পূর্ণ হইবার জন্য মালিকপক্ষের ও শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অন্তত একজন করিয়া সদস্যসহ অর্ধেকের অধিক সদস্যের উপস্থিতি থাকিতে হইবে।

(৫) উপ-বিধি (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন সভায় এক ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভাটি মুলতবি হইয়া যাইবে এবং পরবর্তী দশ দিনের মধ্যে মুলতবি সভা অনুষ্ঠিত হইতে হইবে এবং যদি উক্ত মুলতবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, তাহা হইলে তৃতীয়বারের সভায় যে কোন সংখ্যক সদ্যসের উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।

(৬) তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডে উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোন বিষয়ে সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান নির্ণায়ক বা কাষ্টিং ভোট প্রদান করিবেন।

(৭) উপস্থিত সদস্যদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রত্যেক সদস্যকে ও সরকারকে প্রদান করিতে হইবে, যাহা বোর্ডের পরবর্তী সভায় দৃঢ়ীকরণ করিতে হইবে।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ২২৪ এর উপ-বিধি (১) ও (২) এ উল্লিখিত ‘সচিব’ শব্দটির পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১০৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি