বিধি ১৬৭ — ট্রেড ইউনিয়নের সদস্য হইবার আবেদন
ট্রেড ইউনিয়নের সদস্য হইবার আবেদন
(১) কোন ট্রেড ইউনিয়ন সংগঠনে বা ট্রেড ইউনিয়নসমূহের ফেডারেশনে বা কনফেডারেশনে যোগদান করিতে ইচ্ছুক শ্রমিক বা কর্মচারী বা মালিক বা ইউনিয়ন বা ফেডারেশনকে ফরম-৫৫(ক), ফরম-৫৫(খ) বা, ক্ষেত্রমত, ফরম-৫৫(গ) অনুযায়ী সদস্যপদের জন্য আবেদন করিতে হইবে।
(২) কোন ব্যক্তি বা সংগঠন অন্য কোন ইউনিয়ন বা ফেডারেশন বা কনফেডাশেনের সদস্যপদ গ্রহণ করিতে ইচ্ছুক হইলে তিনি পূর্বের ইউনিয়ন বা ফেডারেশন বা কনফেডারেশন হইতে লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল ব্যতিরেকে অন্য কোন ইউনিয়নে সদস্য হইতে পারিবেন না।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী কোন শ্রমিকের দাখিলকৃত আবেদন গৃহীত হইলে তাহাকে ইউনিয়নের বা ফেডারেশনের বা কনফেডারেশনের সদস্য নম্বর উল্লেখসহ ফরম-৫৫(ঘ), ফরম- ৫৫(ঙ) বা, ক্ষেত্রমত, ফরম-৫৫(চ) অনুযায়ী একটি প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে।
(৪) অন্যূন ৫ (পাঁচ) জন শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন কৃষি ফার্মের ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলা বা, ক্ষেত্রমত, জেলা প্রতিষ্ঠানপুঞ্জ বলিয়া বিবেচিত হইবে এবং অন্যূন ৪০০ (চারশত) জন কৃষি ফার্ম শ্রমিক একত্রিত হইয়া এই বিধি অনুযায়ী ইউনিয়ন গঠন করিতে পারিবে।
বিধি ১৬৭ এর (ক) উপ-বিধি (৪) এ উল্লিখিত ‘৪০০ (চারশত)’ সংখ্যা, বন্ধনী ও শব্দটির পরিবর্তে ‘৩০০ (তিনশত)’ সংখ্যা, বন্ধনী ও শব্দটি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-বিধি (৫) সংযোজিত হইবে, যথা: ‘‘(৫) প্রতিষ্ঠানপুঞ্জের এলাকা নির্ধারণের ক্ষেত্রে উপজেলা, থানা, জেলা বা পৌরসভাভিত্তিক বা সিটি করপোরেশন এর ক্ষেত্রে ওয়ার্ডভিত্তিক প্রতিষ্ঠানপুঞ্জ গঠন করিতে পারিবে।’’;
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ১৭৭
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি