RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৮ — পরিচালনা বোর্ড গঠন

বিধি ২১৮

পরিচালনা বোর্ড গঠন

— সরকার নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করিবে, যথা :—

(ক) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, পদাধিকারবলে, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ;

(খ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে, যিনি ইহার ভাইস- চেয়ারম্যানও হইবেন ;

(গ) সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী সংশ্লিষ্ট রপ্তানীমুখী শিল্প সেক্টরের মালিক এসোসিয়েশনের সভাপতি, পদাধিকারবলে, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন ;

(ঘ) সংশ্লিষ্ট রপ্তানীমুখী শিল্প সেক্টরের মালিক সংগঠন কর্তৃক মনোনীত উহার তিনজন সদস্য;

(ঙ) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট রপ্তানীমুখী শিল্প সেক্টরের শ্রমিক ফেডারেশনের তিনজন সদস্য;

(চ) বোর্ডের সচিব, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ২১৮ এ উল্লিখিত দফা (গ), (ঘ), (ঙ) ও (চ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ), (ঘ), (ঙ), (চ), (ছ), (জ) ও (ঝ) প্রতিস্থাপিত হইবে এবং উক্ত দফাসমূহের পর দুইটি নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা: “(গ) সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী সংশ্লিষ্ট রপ্তানিমুখী শিল্প সেক্টরের দুইটি মালিক এসোসিয়েশনের ২ (দুই) জন সভাপতি, পদাধিকারবলে, যাহারা ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (ঘ) শ্রমিক ফেডারেশনের ১ (এক) জন প্রতিনিধি, যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (ঙ) রপ্তানীমুখী শিল্প সেক্টরের মালিক সংগঠন কর্তৃক মনোনীত উহার ৩ (তিন) জন সদস্য; (চ) শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, যাহারা পরিচালনা বোর্ডের সদস্য হইবেন; (ছ) বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশন (বিইএফ) এর ১ (এক) জন প্রতিনিধি যিনি পরিচালনা বোর্ডের সদস্য হইবেন; (জ) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট রপ্তানীমুখী শিল্প সেক্টরের শ্রমিক ফেডারেশনের ৫ (পাঁচ) জন সদস্য যাহাদের মধ্যে দফা (ঘ) এ বর্ণিত সদস্যও অন্তর্ভুক্ত থাকিবেন; (ঝ) বোর্ডের মহাপরিচালক যিনি ইহার সদস্য সচিবও হইবেন: “তবে শর্ত থাকে যে, বিধি ২১৪(১)(ঘ) এর বিধান অনুযায়ী প্রাপ্ত অনুদান দ্বারা সামাজিক নিরাপত্তা সুরক্ষা বা অন্য কোন কল্যাণমূলক কাজে প্রকল্প পরিচালনা করা হইলে উক্ত অনুদানের কার্যক্রম ও তহবিল পরিচালনার জন্য পরিচালনা বোর্ড সরকার, সংশ্লিষ্ট শিল্প সেক্টরের মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে আলাদা বোর্ড বা ত্রিপক্ষীয় কমিটি গঠন করিবে এবং উক্ত বোর্ড বা কমিটিতে দাতা সংস্থার প্রতিনিধি পর্যবেক্ষক হিসাবে থাকিতে পারিবে: আরও শর্ত থাকে যে, উক্ত বোর্ড বা ত্রিপক্ষীয় কমিটির কার্যপরিধি ও অনুদানের অর্থ পরিচালনার জন্য ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে একটি প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।”;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১০২

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি