RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৮৬ — ধৌতকরণ সুবিধা

বিধি ৮৬

ধৌতকরণ সুবিধা

- (১) ধারা ৯১ অনুযায়ী শ্রমিকদের ব্যবহারের জন্য প্রত্যেক

প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও যথোপযুক্ত গোসলখানা ও ধৌতকরণ সুবিধার ব্যবস্থা থাকিবে এবং উহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(২) পর্যাপ্ত পরিমাণ সাবান, জীবাণুুনাশক, প্রযোজ্যক্ষেত্রে নখের ব্রাশ বা নখ পরিষ্কার করিবার অন্যান্য উপযুক্ত ব্যবস্থাদি ধৌতকরণ সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত থাকিবে এবং এই সব সুবিধা সহজলভ্য, পরিচ্ছন্ন এবং সুবিন্যস্তভাবে রাখিতে হইবে।

(৩) ধারা ৯১(১)(ক) অনুযায়ী গোসলখানা বলিতে নিম্নরূপ ব্যবস্থাদি বুঝাইবে, যথা:-

(ক) যে কর্মপ্রক্রিয়ার কারণে তাৎক্ষণিকভাবে শ্রমিকের সম্পূর্ণ শরীর ধৌতকরণের প্রয়োজন রহিয়াছে এবং না করিলে নিজের স্বাস্থ্যহানি এবং অন্যদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হইবার আশংকা রহিয়াছে-সেই ধরনের কর্মক্ষেত্রে মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে প্রথম ২৫ (পঁচিশ) জনের জন্য কমপক্ষে ২টি গোসল খানা থাকিবে ও পরবর্তী প্রতি ৫০ (পঞ্চাশ) জনের জন্য ১টি করিয়া গোসলখানা থাকিবে :

তবে শর্ত থাকে যে, যে সকল শিল্প-প্রতিষ্ঠানে পূর্বের বিধান অনুযায়ী ধৌতকরণ সুবিধা বিদ্যমান রহিয়াছে উহা বলবৎ থাকিবে;

(খ) পূর্বোক্ত বিধানের সাধারণত্ব ক্ষুণ্ন না করিয়া গোসলখানা সুবিধার অন্তর্ভুক্ত থাকিবে— (অ) অন্যূন ০.৬০ মিটার পর পর ট্যাপ বা জেট যুক্ত একটি ট্রাফ ; (আ) ট্যাপযুক্ত ওয়াশ বেসিন ; (ই) খাড়া নলের উপর ট্যাপ ; (ঈ) ট্যাপ নিয়ন্ত্রিত ঝরণা ; এবং (উ) ঝরণাকৃতি গোলাকার ট্রাফ :

তবে শর্ত থাকে যে, পরিদর্শক শ্রমিকদের প্রয়োজন এবং অভ্যাসের প্রতি লক্ষ্য রাখিয়া কি অনুপাতে উপরি-উক্ত সুবিধাদি স্থাপন করা হইবে উহা নির্দিষ্ট করিয়া দিতে পারিবেন।

(৪) প্রত্যেকটি ট্রাফ বেসিনের উপরিভাগ অভেদ্য এবং মসৃণ হইতে হইবে এবং উহাতে ময়লা পানি বাহির হইবার পাইপ ও ফ্লাস সংযুক্ত থাকিবে।

(৫) প্রত্যেক ট্রাফ, ট্যাপ, ওয়াশ-বেসিন, খাড়া নল এবং ঝরণা সম্বলিত স্থানের মেঝে বা চারিপাশ এমনভাবে স্থাপন বা সঞ্চিত থাকিবে যেন মসৃণ অভেদ্য উপরিভাগ বিশিষ্ট হয় এবং পর্যাপ্তভাবে পানি নিষ্কাশিত হয়।

(৬) যেসব শ্রমিককে কাজের দরুন ক্ষতিকর বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসিতে হয়, উহাদের ব্যবহারের উদ্দেশ্যে প্রতি ১৫ (পনের) জন শ্রমিকের জন্য একটি করিয়া ট্যাপ স্থাপন করিতে হইবে।

(৭) মহিলা শ্রমিক নিযুক্ত থাকিলে তাহাদের জন্য পৃথক গোসলখানার ব্যবস্থা থাকিতে হইবে এবং ধৌতকরণ সুবিধা এমনভাবে ঘেরাও বা পর্দা দ্বারা আবদ্ধ রাখিতে হইবে যাহাতে পুরুষ শ্রমিকরা যেখানে কাজ করিয়া থাকেন বা যেখান হইতে যাতায়াত করিয়া থাকেন সেইখান হইতে উহার ভেতরে কিছু দেখা না যায়।

(৮) মহিলাদের ধৌতকরণ সুবিধার প্রবেশ পথে অধিকাংশ শ্রমিকের বোধগম্য ভাষায় ‘কেবলমাত্র মহিলাদের জন্য’ স্পষ্ট নোটিস থাকিতে হইবে এবং উহা ছবি দ্বারাও নির্দেশ করিতে হইবে।

(৯) প্রতিদিন প্রতিষ্ঠানে গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে ৮ (আট) লিটার পানি সরবরাহ করিবার ব্যবস্থা রাখিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৫৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৯১

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি