RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৫৩

উৎসব ছুটি

৩টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৫৩। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে ১১ (এগারো) দিনের উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

(৩) কোনো শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইবে, তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অব্যবহিত ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ২ (দুই) দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করিতে হইবে।

(৪) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক তাহার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রত্যেক স্থায়ী শ্রমিককে প্রত্যেক পঞ্জিকা বৎসরে তাহাদের স্ব স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে ২ (দুই) মাসের মূল মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৫৩ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১১৫

উৎসব ছুটি

(১) আইনের ধারা ৫৩ অনুযায়ী প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি (যদি থাকে) এর সহিত আলোচনাক্রমে প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বৎসরের উৎসব ছুটি নির্ধারণ করিবেন যাহা ১১ (এগারো) দিনের নিম্নে হইবে না।

(২) মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিককে জানাইবার উদ্দেশ্যে নোটিশ বোর্ডে টাঙ্গাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

(৩) প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতি না থাকিলে মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিতে আলোচনাক্রমে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন।

(৪) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতি বা অংশগ্রহণকারী কমিটি কোনোটিই না থাকিলে মালিক যতদূর সম্ভব শ্রমিকের সহিত আলোচনাক্রমে উক্ত ছুটি নির্ধারণ করিবেন।

(৫) আইনের ধারা ৫৩(৩) অনুযায়ী ক্ষতিপূরণমূলক মজুরি হিসাবের জন্য মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা, এডহক বা অন্তর্বর্তী মজুরিকে, যদি থাকে, ৩০ (ত্রিশ) দ্বারা ভাগ করিয়া ১ (এক) দিনের ক্ষতিপূরণমূলক মজুরি গণনা করিতে হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮১
বিধি ১১৬

উৎসব বোনাস প্রদান

(১) আইনের ধারা ৫৩(৪) এ উল্লিখিত স্ব স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে বলিতে মুসলমান শ্রমিকের ক্ষেত্রে পবিত্র ঈদ-উল ফিতর ও পবিত্র ঈদ-উল আজহা এবং অন্য ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের শ্রমিকের ক্ষেত্রে তাহার মনোনীত ২ (দুই) টি প্রধান ধর্মীয় উৎসবকে বুঝাইবে।

(২) একটি পঞ্জিকা বৎসরে মুসলমান শ্রমিকের ক্ষেত্রে ১ (এক) টি উৎসব বোনাস পবিত্র ঈদ-উল ফিতরের প্রাক্কালে অন্য আরেকটি উৎসব বোনাস পবিত্র ঈদ-উল আজহার প্রাক্কালে প্রদান করিতে হইবে।

(৩) মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের কোনো শ্রমিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা কারখানা ব্যবস্থাপনা নিকট লিখিতভাবে তাহার ২ (দুই) টি প্রধান ধর্মীয় উৎসব নির্ধারণ করিয়া দিবেন এবং তদঅনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিককে একটি পঞ্জিকা বৎসরে ২ (দুই) টি প্রধান ধর্মীয় উৎসবের প্রাক্কালে যথাক্রমে একটি করিয়া ২ (দুই) টি উৎসব বোনাস প্রদান করা হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক তাহার প্রধান ধর্মীয় উৎসব নির্ধারণ না করিলে একটি পঞ্জিকা বৎসরে পবিত্র ঈদ-উল ফিতর ও পবিত্র ঈদ-উল আজহার প্রাক্কালে সংশ্লিষ্ট শ্রমিককে উপ-বিধি (২) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করা যাইবে।

(৪) প্রতিটি উৎসব বোনাস ১ (এক) মাসের মূল মজুরির সমপরিমাণ হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮১
বিধি ১১৮

একই পরিবারভুক্ত শ্রমিকের ছুটি একত্রে প্রদান

(১) অবস্থানুসারে যতটুকু সম্ভব, একই পরিবারভুক্ত শ্রমিককে ( যেমন-স্বামী-স্ত্রী এবং সন্তান) আইনের ধারা ৫০ অনুযায়ী একই দিনে ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) মালিক বা কারখানা ব্যবস্থাপনার অনুমোদন সাপেক্ষে একজন শ্রমিক তাহার ছুটি অন্য শ্রমিকের সহিত বদল করিতে পারিবেন।

(৩) আইনের ধারা ৫০, ধারা ৫১ ও ধারা ৫৩ এর উদ্দেশ্যপূরণকল্পে বৎসর বলিতে ইংরেজি পঞ্জিকা বৎসর।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
বছরে ১১ দিন উৎসব ছুটি। উৎসব ছুটিতে কাজ করালে ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি।
উৎসব বোনাস
স্থায়ী শ্রমিককে বছরে ২টি উৎসব বোনাস, প্রতিটি ১ মাসের মূল মজুরির সমান (বিধি ১১৬)। মুসলমান শ্রমিকের ক্ষেত্রে দুই ঈদের আগে; অন্য ধর্মের শ্রমিক লিখিতভাবে তার ২টি প্রধান উৎসব জানাবেন।
Audit-এ দেখা হয়
Bonus payroll, holiday calendar, বিকল্প ছুটির রেকর্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: ১১ দিন; উৎসব ছুটিতে কাজ করালে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি (৩০ দিনের মধ্যে); স্থায়ী শ্রমিকের উৎসব বোনাস বছরে ২ মাসের মূল মজুরির সমান। BLA ধারা ১১৮: ১৩ দিন (২০২৬); কাজ করালে ১ দিন বিকল্প ছুটি + ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি।

BLA ধারা ১১৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ১১৮ · উৎসব ছুটি

১১৮। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে ১[১৩ (তের)] দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

২[ (৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]

EPZ ধারা ৫৩ · উৎসব ছুটি

৫৩। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে ১১ (এগারো) দিনের উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।

(২) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।

(৩) কোনো শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইবে, তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অব্যবহিত ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ২ (দুই) দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করিতে হইবে।

(৪) মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক তাহার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রত্যেক স্থায়ী শ্রমিককে প্রত্যেক পঞ্জিকা বৎসরে তাহাদের স্ব স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে ২ (দুই) মাসের মূল মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করিতে হইবে।