বয়লার পরিচালনাকারী নিয়োগ
(১) আইনের ধারা ২২ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) অনুযায়ী বয়লার ব্যবহারকারীকে বয়লারের আকারভেদে নিম্নরূপ শর্তাদি প্রতিপালন সাপেক্ষে বয়লার পরিচালনাকারী নিয়োগ করিতে হইবে, যথা:—
(ক) হিটিং সারফেস সর্বোচ্চ ১৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুট পর্যন্ত বয়লারের জন্য অন্যূন গ্রেড-৩ লাইসেন্সধারী ন্যূনতম ১ (এক) জন বয়লার পরিচালনাকারী এবং একাধিক বয়লারের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানের জন্য গ্রেড-২ বা গ্রেড-১ লাইসেন্সধারী ১ (এক) জন বয়লার পরিচালনাকারী;
(খ) হিটিং সারফেস ১৫০০ (এক হাজার পাঁচশত) হইতে ৫০০০ (পাঁচ হাজার) বর্গফুট পর্যন্ত বয়লারের জন্য অন্যূন গ্রেড-২ লাইসেন্সধারী ন্যূনতম ১ (এক) জন বয়লার পরিচালনাকারী এবং একাধিক বয়লারের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানের জন্য গ্রেড-১ লাইসেন্সধারী ১ (এক) জন বয়লার পরিচালনাকারী;
(গ) হিটিং সারফেস ৫০০০ (পাঁচ হাজার) বর্গফুটের অধিক বয়লারের ক্ষেত্রে গ্রেড-১ লাইসেন্সধারী ন্যূনতম ১(এক) জন বয়লার পরিচালনাকারী; এবং
(ঘ) বয়লার পরিচালনাকারীর দৈনিক কর্মঘণ্টা হইবে সর্বোচ্চ ৮ (আট) ঘণ্টা।
(২) বয়লার ব্যবহারকারীকে বয়লার পরিচালনাকারী নিয়োগের পর লাইসেন্সের কপিসহ বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ নিয়োগকৃত কোনো বয়লার পরিচালনাকারীকে বয়লার ছাড়া অন্য কোনো যন্ত্র পরিচালনার কাজে বাধ্য করা যাইবে না।
(৪) বয়লার পরিচালনাকারীর নামে প্রচলিত বিধি অনুযায়ী ঝুঁকি বিমা করিতে হইবে।
(৫) বয়লার ব্যবহারকারীকে আকারভেদে প্রত্যেকটি বয়লারের জন্য বিধি ৩৯ এর ক্রমিক নম্বর ৩ এ বর্ণিত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন অন্যূন ১ (এক) জন শিক্ষানবিশ নিয়োগ করিতে হইবে।
(৬) হিটিং সারফেস ৫০০০ (পাঁচ হাজার) বর্গফুট হইতে ১০০০০ (দশ হাজার) বর্গফুট পর্যন্ত একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত অন্যূন ডিপ্লোমা ডিগ্রিধারী অন্যূন একজন যন্ত্রপ্রকৌশলী নিয়োগ করিতে হইবে।
(৭) হিটিং সারফেস ১০০০০ (দশ হাজার) বর্গফুটের অধিক একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত অন্যূন স্নাতক ডিগ্রিধারী অন্যূন একজন যন্ত্রপ্রকৌশলী নিয়োগ করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২২