তালিকাভুক্তি ও হালনাগাদকরণ পদ্ধতি
বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান, বয়লার মেরামতকারী প্রতিষ্ঠান, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, বয়লার ইনডেন্টর প্রতিষ্ঠান, বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান এবং বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও হালনাগাদকরণের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) বিধি ৬ এ বর্ণিত প্রযোজ্য দলিলাদি ও তফসিল-৪ এ উল্লিখিত ফিসহ প্রধান বয়লার পরিদর্শকের নিকট তফসিল-৩ এ উল্লিখিত, ক্ষেত্রমত, ফরম-ক, ফরম-খ, ফরম-গ, ফরম-ঘ, ফরম-ঙ বা ফরম-চ অনুযায়ী আবেদন দাখিল করিতে হইবে;
(খ) আবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দাখিলকৃত দলিলাদি ও জনবলের দক্ষতা যাচাই করিবেন এবং যাচাইয়ে সঠিক প্রাপ্তি সাপেক্ষে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর প্রতিষ্ঠান বা কারখানা সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;
(গ) প্রধান বয়লার পরিদর্শক পরিদর্শন প্রতিবেদন ও অন্যান্য তথ্য বোর্ড সভায় উপস্থাপন করিবেন এবং উক্ত প্রতিবেদন ও তথ্য যাচাইপূর্বক বোর্ড তালিকাভুক্তির আবেদন মঞ্জুর বা নির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক নামঞ্জুর করিবেন;
(ঘ) আবেদন মঞ্জুর করিবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রধান বয়লার পরিদর্শক তাহার কার্যালয়ে তালিকাভুক্ত করিবেন এবং আবেদনকারীকে তফসিল-৩ এ উল্লিখিত, ক্ষেত্রমত, ফরম-ছ, ফরম-জ, ফরম-ঝ, ফরম-ঞ, ফরম-ট বা ফরম-ঠ অনুযায়ী তালিকাভুক্তিপত্র প্রদান করিবেন;
(ঙ) আবেদন নামঞ্জুরের ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক তাহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে;
(চ) আবেদন নামঞ্জুর করা হইলে আবেদন নামঞ্জুরের কারণসমূহ নিরসন করিয়া তফসিল- ৪ এ উল্লিখিত ফিসহ পুনরায় আবেদন করিতে পারিবেন;
(ছ) তালিকাভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কার্যক্রম অন্যূন ১২ (বারো) মাস বন্ধ থাকিলে বা এই বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের যোগ্যতায় অপূর্ণতা পরিলক্ষিত হইলে বোর্ডের অনুমোদনক্রমে প্রতিষ্ঠানকে তালিকা হইতে বাদ দেওয়া যাইবে;
(জ) তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কার্যক্ষমতার মেয়াদ হইবে সর্বোচ্চ ৩ (তিন) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে;
(ঝ) নবায়নের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার ৩ (তিন) মাস পূর্বে হালনাগাদ ট্রেড লাইসেন্স ও তফসিল-৪ এ উল্লিখিত ফিসহ প্রধান বয়লার পরিদর্শক বরাবর আবেদন দাখিল করিতে হইবে;
(ঞ) আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আবেদনকারীর প্রতিষ্ঠান পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল করিবেন;
(ট) পরিদর্শনে প্রাপ্ত তথ্য বা প্রতিবেদনের ভিত্তিতে প্রধান বয়লার পরিদর্শক তালিকাভুক্তি হালনাগাদ করিবেন অথবা নির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক আবেদন নামঞ্জুর করিবেন; এবং
(ঠ) আবেদন নামঞ্জুরের ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।