উপ-প্রধান বয়লার পরিদর্শকের দায়িত্ব
এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—
(ক) প্রযোজ্য ক্ষেত্রে, আইনের ধারা ১৪ এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্তির নিমিত্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল;
(খ) আঞ্চলিক কার্যালয়ের সকল প্রশাসনিক, আর্থিক ও কারিগরি কার্য সম্পাদনসহ বয়লার পরিচালনাকারী লাইসেন্স নবায়নের দায়িত্ব পালন এবং অধীনস্থ বয়লার পরিদর্শকগণের পরিদর্শনের অধিক্ষেত্র নির্ধারণ;
(গ) বয়লার নির্মাণ, আমদানি, নিবন্ধন, মেরামত, নিবন্ধন বাতিল, বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য দাখিলকৃত ড্রইং-ডিজাইন, দলিলাদি ও পরিদর্শনের প্রতিবেদন পরীক্ষণপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল;
(ঘ) বয়লারের বিশেষ পরীক্ষণের (নন-ডেস্ট্রাকটিভ টেস্ট, ইফিসিয়েন্সি টেস্ট, ইত্যাদি) ক্ষেত্রে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন গ্রহণ;
(ঙ) তফসিল-২ এ উল্লিখিত বয়লার নির্মাণ, বয়লার আমদানি, বয়লার নিবন্ধন, বয়লার হস্তান্তর বা স্থানান্তর, বয়লার মেরামত, বয়লার পরিচালনাকারী, বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান, বয়লার মেরামতকারী প্রতিষ্ঠান, বয়লার ইনডেন্টর প্রতিষ্ঠান, বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, ঝুঁকিপূর্ণ বয়লার, বয়লার দুর্ঘটনা এবং বয়লার নিবন্ধন বাতিল, ইত্যাদির রেজিস্টার সংরক্ষণ;
(চ) বয়লারে ব্যবহৃত পানির গুণগতমান নিয়ন্ত্রণ, কনডেনসেট ওয়াটার (condensate water) পুনঃব্যবহার এবং ব্লো ডাউন ওয়াটার (blow down water) নির্গমণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(ছ) প্রধান বয়লার পরিদর্শক এর অনুমোদন সাপেক্ষে বিধি ৫ এ বর্ণিত বয়লার পরিদর্শকের উপর অর্পিত দায়িত্ব পালন;
(জ) আইন এবং এই বিধিমালায় বর্ণিত দায়িত্ব পালন; এবং
(ঝ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৪
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-২