RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ১৮ · তৃতীয় অধ্যায় — বয়লার নির্মাণ, সংযোজন ও আমদানি
বিধি১৮

বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

(১) আইন ও এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির অনুমোদন প্রদান পদ্ধতি ও শর্তাবলি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির নিমিত্ত আমদানিকারককে তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ড অনুযায়ী আবেদন দাখিলপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে;

(খ) আবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দাখিলকৃত দলিলাদি ও আবেদন যাচাইপূর্বক প্রধান বয়লার পরিদর্শক এর নিকট প্রতিবেদন দাখিল করিবেন;

(গ) প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন প্রাপ্তির পর আমদানির জন্য অনুমোদন প্রদান করিবেন এবং উপ-প্রধান বয়লার পরিদর্শককে পত্র জারির নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;

(ঘ) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ঢ অনুযায়ী পত্র জারি করিবেন;

(ঙ) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন; এবং

(চ) আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী উল্লিখিত কারণসমূহ নিরসনপূর্বক ফিসহ পুনরায় আবেদন দাখিল করিতে পারিবেন।

(২) বয়লারের মান নিশ্চিতকল্পে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, নির্মাণকারীর কারখানা বা নির্মাণ প্রক্রিয়া পরিদর্শন করিতে পারিবেন।

(৩) বয়লার নির্মাণকারীর কারখানা বা নির্মাণ প্রক্রিয়া পরিদর্শনের ক্ষেত্রে বয়লার নির্মাণকারী বয়লার ইনডেন্টরকে বা আমদানিকারককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবে।

(৪) বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের হালনাগাদ আমদানি নীতি আদেশ যথাযথভাবে প্রতিপালন করিতে হইবে।

(৫) বয়লার ও বয়লার কম্পোনেন্ট ব্যবহার বা বিক্রয়ের পূর্বে আমদানিকারককে প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে অবহিত করিতে হইবে।

(৬) বিধি ৩ এর উপ-বিধি (১) এর দফা (ক), দফা (খ) এবং দফা (গ) এর উপ-দফা (অ) এ বর্ণিত বয়লার আমদানির ক্ষেত্রে বয়লার ইনডেন্টর এর মাধ্যমে আমদানি করিতে হইবে।

(৭) কোনো আমদানিকারক উল্লিখিত শর্তাদি প্রতিপালনে ব্যর্থ হইলে বা অস্বীকার করিলে বয়লার নির্মাণ, নিবন্ধন বা মেরামতের আবেদন নামঞ্জুর করা যাইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৩