দুর্ঘটনার ক্ষতিপূরণ
(১) কোনো বয়লারের দুর্ঘটনা ঘটিলে বা দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তির প্রাণহানি ঘটিলে বা ক্ষতি সাধিত হইলে আইনের ধারা ৩০ অনুযায়ী বয়লার ব্যবহারকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।
(২) বিধি ৬১ অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারিত হইবে এবং উহার পরিমাণ ও পরিশোধের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) ১৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুট হিটিং সারফেস পর্যন্ত বয়লারের ক্ষেত্রে প্রাণহানির জন্য প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ১৫ (পনেরো) লক্ষ টাকা এবং ১৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের অধিক হিটিং সারফেস বয়লারের ক্ষেত্রে প্রাণহানির জন্য প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা;
(খ) শারীরিক ক্ষয়ক্ষতি (অঙ্গহানি) এর ব্যাপ্তি অনুসারে প্রত্যেক ব্যক্তি অন্যূন ১ (এক) লক্ষ টাকা হইতে অনধিক ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত;
(গ) ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে বা তাহার উত্তরাধিকারী প্রাপ্য হইবেন;
(ঘ) ক্ষতিপূরণের অর্থ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে; এবং
(ঙ) ক্ষতিপূরণ অনাদায়ে বয়লার ব্যবহারকারীর নামে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিনিধি (পরিবারের সদস্য) আদালতে মামলা দায়ের করিতে পারিবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৩০