লাইসেন্সকৃত প্রাঙ্গণে লাইসেন্স, ইত্যাদি প্রদর্শনের ব্যবস্থা
(১) সিলিন্ডারে গ্যাস ভর্তি করিবার জন্য বা গ্যাসপূর্ণ সিলিন্ডার অধিকারে রাখিবার জন্য লাইসেন্সকৃত প্রাঙ্গণের সহজে দৃশ্যমান হয় এমন স্থানে-
(ক) সংশ্লিষ্ট লাইসেন্স নম্বর, লাইসেন্সের শর্তাবলী এবং বিধি ১৫ হইতে ২৬ এর বিধানাবলীর অনুলিপি লটকাইয়া রাখিতে হইবে;
(খ) বাণিজ্যিক লাইসেন্সের ক্ষেত্রে লাইসেন্সধারীর নাম ও ঠিকানা, লাইসেন্স নম্বর সম্বলিত সাইনবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিগণের জ্ঞাতার্থে সর্বদা ঝুলাইয়া রাখিতে হইবে; এবং
(গ)“ধূমপান বা আগুন নিষিদ্ধ” সতর্কতামূলক বিজ্ঞপ্তি মজুদাগারের ভিতরে ও বাহিরে লিপিবদ্ধ করিতে হইবে যাহার প্রতিটি অক্ষরের ক্ষেত্রফল হইবে অন্যূন ২৫ বর্গসেন্টিমিটার।
(২) সিলিন্ডারে গ্যাস ভর্তির প্রত্যেকটি প্রাঙ্গণে নিম্নোক্ত সরঞ্জামাদি ও বইপত্র থাকিতে হইবে, যথা-
(ক) সিলিন্ডারে যেইরূপ গ্যাস ভর্তি করা হয় সেইরূপ গ্যাস সার্ভিসের সিলিন্ডার সংক্রান্ত স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বা কোড এবং অত্র বিধিমালার একটি করিয়া অনুলিপি;
(খ) সিলিন্ডারের ভাল্ভ সংক্রান্ত বৃটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বিএস ৩৪১;
(গ) সিলিন্ডারের রং সংক্রান্ত বৃটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বিএস ৩৪৯;
(ঘ) তরলযোগ্য বা স্থায়ী গ্যাস ভর্তির পূরণ অনুপাত সংক্রান্ত বৃটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বিএস ৫৩৫৫;
(ঙ) অগ্নি নিরাপত্তামূলক বিভিন্ন চিহ্ন সংক্রান্ত বৃটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বিএস ৫৪৯৯;
(চ) সিলিন্ডারের অভ্যন্তরভাগ পর্যবেক্ষণের জন্য লো ভোল্টেজ বাতি;
(ছ) ওজন নেওয়ার সরঞ্জাম; এবং
(জ) সিলিন্ডার নাড়াচাড়া বা হ্যান্ডলিং করিবার পর্যাপ্ত সরঞ্জাম।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৩। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।