দ্রবীভূত এ্যাসিটিলিন সিলিন্ডারের জন্য বিশেষ বিধান
(১) এই বিধিমালার অন্য কোন বিধানে যাহাই থাকুক না কেন, কোন সিলিন্ডারে দ্রবীভূত এ্যাসিটিলিন ভর্তি করিতে হইলে নিম্নবর্নিত শর্তবলী পূরন করিতে হইবে, যথাঃ-
(ক) কোন ছিদ্রময় পদার্থে (porous mass) এ্যাসিটিলিন দ্রবীভূত করা হইলে উক্ত পদার্থ সিলিন্ডারটি এইরূপে ভর্তি করিতে হইবে যেন সিলিন্ডারে কোন ফাঁকা জায়গা না থাকে;
(খ) উক্ত পদার্থের ছিদ্রময়তা ৭৫% হইতে ৯২% এর মধ্যে সীমিত থাকিবে;
(গ) ব্যবহার্য্য দ্রাবকটি এ্যাসিটিলিন গ্যাস বা উক্ত ছিদ্রময় পদার্থ বা সিলিন্ডারের ধাতুর সহিত রাসায়নিক বিক্রিয় ঘটাইবে না;
(ঘ) দ্রাবকরূপে এ্যাসিটোন ব্যবহৃত হইলে, উহা বৃটিশ স্টান্ডার্ড স্পেসিফিকেশন নং ৫০৯ এর শর্তসমুহ পূরন করিবে;
(ঙ) সিলিন্ডারের ভালভের উপাদানে শতকরা ৭০ ভাগের বেশী তামা থাকিবে না;
(চ) ১৫ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারে চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১৬ কিলোগ্রাম অতিক্রম করিবে না।
(ছ) সিলিন্ডারে উক্ত পদার্থ ভর্তি করার পূর্বে প্রতি বর্গ সেন্টিমিটারে অন্যূন ৬০ কিলোগ্রাম উদস্থিতি চাপে সিলিন্ডারটি পরীক্ষা করিতে হইবে;
(জ) সিলিন্ডারে উক্ত ছিদ্রময় পদার্থ ভর্তির পূর্বে প্রয়োজনীয় উদস্থিতি প্রসারন পরীক্ষনের ফলে সংঘটিত স্থায়ী সম্প্রসারন উক্ত পরীক্ষাকালে সংঘটিত মোট প্রসারনের ৭১/২ % এর বেশী হইবে না;
(ঝ) সিলিন্ডারে সেফটি রিলিফ ব্যবস্থা যুক্ত থাকিলে উক্ত ব্যবস্থা প্রতি বর্গ সেন্টিমিটারে ৫৩ কিলোগ্রাম চাপে কাজ করিবার মত উপযুক্ত হইবে;
(ঞ) উক্ত সিলিন্ডারে, বিধি ৭ এর উপবিধি (১) এ উল্লিখিত তথ্যাদি ছাড়াও উক্ত বিধিতে বর্ণিত পদ্ধতিতে ছিদ্রময় পদার্থ পুরনের তারিখ ও উক্ত পদার্থের নাম বা উহা সনাক্তকরন প্রতীক লিপিবদ্ধ করিতে হইবে।
(২) কোন সিলিন্ডারে একবার দ্রবীভূত এ্যাসিটিলিন ভর্তি করার পর উহাতে পুনরায় এ্যাসিটিলিন গ্যাস ভর্তির ক্ষেত্রে, সংশ্লিষ্ট ছিদ্রময় পদার্থ ভর্তি বা পরীক্ষনের তারিখ দুই বৎসরের বেশী হইয়া থাকিলে, উক্ত পদার্থ উপবিধি(১) এ উল্লিখিত শর্তসমুহ পুরন করে কিনা তাহা যাচাই করিতে হইবে এবং উক্ত শর্তসমুহ পুরন না করিলে উক্ত সিলিন্ডারে এ্যাসিটিলিন গ্যাস ভর্তি করা যাইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১২। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।