RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৩১৭

শ্রম পরিচালক, ইত্যাদি

২০২৬ সালে সংশোধিত১টি বিধি

আইনের টেক্সট

৩১৭৷ (১) এই আইনের উদ্দেশ্যে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একজন শ্রম পরিচালক নিযুক্ত করিবে এবং প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত শ্রম পরিচালক, যুগ্ম-শ্রম পরিচালক, ১[ উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তা] নিযুক্ত করিতে পারিবে৷

(২) যে ক্ষেত্রে অতিরিক্ত শ্রম পরিচালক, যুগ্ম-শ্রম পরিচালক, ২[ উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক বা শ্রম কর্মকর্তা] নিযুক্ত করা হয় সে ক্ষেত্রে সরকার উক্ত প্রজ্ঞাপনে এই আইনের অধীন তাহাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বা এলাকা নির্ধারণ করিয়া দিবে৷

(৩) সকল অতিরিক্ত শ্রম পরিচালক, যুগ্ম-শ্রম পরিচালক, ৩[ উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তার] উপর শ্রম পরিচালকের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা থাকিবে৷

(৪) শ্রম পরিচালকের নিম্নরূপ ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথাঃ-

(ক) ত্রয়োদশ অধ্যায়ের অধীন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ এবং এতদ্‌উদ্দেশ্যে রেজিস্টার রক্ষণ;

৪[(খ) কোনো অপরাধের জন্য বা অসৎ শ্রম আচরণের জন্য বা এন্টি ট্রেড ইউনিয়ন ডিস্ক্রিমিনেশনের জন্য অথবা ত্রয়োদশ অধ্যায়ের কোনো বিধান ভঙ্গের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিককে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করিবেন, উক্ত আদেশ প্রতিপালন না করা হইলে শ্রম আদালতে অভিযোগ পেশ করিতে পারিবে;]

(গ) কোন প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানপুঞ্জ সম্পর্কে কোন্‌ ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে প্রত্যায়িত হইবার অধিকারী তাহা নির্ধারণ;

৫[***]

(ঙ) কোন শিল্প বিরোধে সালিস হিসাবে কর্তব্য পালন;

(চ) অংশগ্রহণকারী কমিটির কাজ কর্ম তত্ত্বাবধান; ৬[***]

৭[(চচ) ভবিষ্য তহবিল এর কাজকর্ম তত্ত্বাবধান এবং উহার ট্রাস্টি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্বাচন তত্ত্বাবধান;]

৮[(চচচ) শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, প্রসূতি কল্যাণ সুবিধা, পরিবার-পরিকল্পনা বিষয়ক কার্যক্রম, বিনোদন, সামাজিক সুরক্ষা, শ্রম প্রশাসন সংশ্লিষ্ট গবেষণা ও পরিসংখ্যান সংক্রান্ত কার্যক্রম গ্রহণসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ ও এতদ্‌সংক্রান্ত প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ;]

(ছ) এই আইন বা বিধি দ্বারা অর্পিত অন্য কোন দায়িত্ব পালন৷

(৫) শ্রম পরিচালক লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, তাহার কোন ক্ষমতা বা দায়িত্ব কোন অতিরিক্ত শ্রম পরিচালক, যুগ্ম-শ্রম পরিচালক, ৯[ উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক বা শ্রম কর্মকর্তার] উপর অর্পণ করিতে পারিবেন৷

সংশোধনী টীকা (৯)
  1. ‘‘উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তা’’ শব্দগুলি ও কমা ‘‘উপ শ্রম পরিচালক এবং সহকারী শ্রম পরিচালক’’ শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৮০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. ‘‘উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক বা শ্রম কর্মকর্তা’’ শব্দগুলি ও কমা ‘‘উপ শ্রম পরিচালক বা সহকারী শ্রম পরিচালক’’ শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৮০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. ‘‘উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তার’’ শব্দগুলি ও কমা ‘‘উপ শ্রম পরিচালক এবং সহকারী শ্রম পরিচালক’’ শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৮০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. দফা (খ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. দফা (ঘ) শব্দ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৬(খ) ধারাবলে বিলুপ্ত।
  6. “এবং” শব্দ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৬(গ) ধারাবলে বিলুপ্ত।
  7. দফা (চচ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৬(ঘ) ধারাবলে সন্নিবেশিত।
  8. দফা (চচচ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৬(ঙ) ধারাবলে সন্নিবেশিত।
  9. ‘‘উপ শ্রম পরিচালক, সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তার’’ শব্দগুলি ও কমা ‘‘উপ শ্রম পরিচালক এবং সহকারী শ্রম পরিচালকের’’ শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৮০(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩১৭ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ৩৫০

শ্রম পরিচালকের দায়িত্ব ও ক্ষমতা

(১) ধারা ৩১৭ এর অধীন শ্রম পরিচালক অথবা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা আইন বা এই বিধিমালায় উল্লিখিত নির্দিষ্ট দায়িত্ব ও ক্ষমতা পালনের অতিরিক্ত এই বিধিমালার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথা:—

(ক) কোন ট্রেড ইউনিয়ন অথবা ফেডারেশনের অফিস অথবা নিবন্ধিকৃত ট্রেড ইউনিয়ন অথবা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের অফিস বলিয়া বিশ্বাস করিবার কারণ রহিয়াছে এমন ঘর-বাড়িতে প্রবেশ করা এবং অফিস অথবা ঘর-বাড়ি এবং কোন খাতা অথবা দলিল দস্তাবেজ, রেকর্ডপত্র পরিদর্শন করা এবং আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনে যে কোন স্পষ্টীকরণ দাবি করা এবং যে কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা;

(খ) যে কোন ট্রেড ইউনিয়নের অথবা ট্রেড ইউনিয়নের ফেডারেশনের বা কনফেডারেশনের যে কোন নথি, রেকর্ডপত্র, খাতা-পত্র, দলিল দস্তাবেজ যথারীতি রসিদ প্রদান করিয়া অনধিক ৩০ (ত্রিশ) দিনের জন্য নিজ হেফাজতে সংরক্ষণ করা;

(গ) কোন ট্রেড ইউনিয়ন অথবা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বা কনফেডারেশনের নির্বাহী কর্মকর্তাগণ সঙ্গত কারণ ব্যতীত সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন অথবা ফেডারেশনের বা কনফেডারেশনের অফিসের নথিপত্র, কাগজপত্র, দলিলপত্র, হিসাব বহি এবং তহবিলাদি, ইত্যাদি নবাগত নির্বাহী পরিষদের নিকট হস্তান্তর করিতে ব্যর্থ হইলে অথবা হস্তান্তরে অস্বীকার করিলে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অথবা সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদায়ী নির্বাহী পরিষদের হিসাব বহি, কাগজপত্র, দলিলাদি এবং তহবিল নবাগতদের নিকট নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করিবার জন্য নির্দেশ প্রদান :

তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি উক্ত নির্দেশের কারণে সংক্ষুব্ধ হইলে নির্দেশ প্রদানের ১৫ (পনের) দিনের মধ্যে শ্রম আদালতে আপিল করিতে পারিবে;

(ঘ) আইনের ত্রয়োদশ অধ্যায় প্রয়োগের উদ্দেশ্য পূরণকল্পে ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব পালনের জন্য প্রয়োজনে কোন শিল্প-প্রতিষ্ঠান, স্থান, ভবন বা আঙ্গিনায় প্রবেশ, পরিদর্শন, অনুসন্ধান বা সংশ্লিষ্ট কাজ করিবার জন্য সকল পন্থা বা ব্যবস্থা গ্রহণ করা;

(ঙ) আইনের ত্রয়োদশ অধ্যায়ের প্রয়োগের উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনের প্রাসঙ্গিক কোন রেকর্ড, রেজিস্টার বা অন্য কোন দলিল দস্তাবেজ পরীক্ষার জন্য তলব করা এবং তৎসম্পর্কে অন্য কোন অতিরিক্ত তথ্য প্রয়োজন হইলে শ্রমিক ও মালিক সংগঠনের নিকট হইতে উহাও যাচনা করা;

(চ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা, শ্রমিক অধিকার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দলিলাদি বা কনভেনশন বা ঘোষণা, শ্রমখাত, শ্রমিক সংখ্যা, ইউনিয়ন রেজিস্ট্রিকরণ, ইউনিয়নের সদস্য সংখ্যা, বিরোধ-দাবিনামা নিষ্পত্তিকরণ, মামলা দায়ের ও ট্রেড ইউনিয়ন সংক্রান্ত দলিলাদি বা তথ্যাদির বিবরণ প্রস্তুতকরণ এবং যথাযোগ্য কর্তৃৃপক্ষের অনুমোদনসাপেক্ষে প্রচার, প্রকাশ ও সরবরাহ করা;

(ছ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা, শ্রমিক অধিকার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দলিলাদি বা কনভেনশন বা ঘোষণা, শ্রমখাত, শ্রমিক ও ট্রেড ইউনিয়ন, ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সংশ্লিষ্ট পক্ষসমূহের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার আয়োজন করা;

(জ) শ্রমিক ও ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা।

(২) শ্রম পরিচালক ও তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা আইন বা এই বিধিমালায় উল্লিখিত নির্দিষ্ট দায়িত্ব পালনকালে কোন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা সংরক্ষণ করিবেন।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ৩৫০ এর (ক) শিরোনামে উল্লিখিত ‘শ্রম পরিচালকের’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালকের’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (১) এ উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-বিধি (১) এর (অ) দফা (ঘ) এ উল্লিখিত ‘ত্রয়োদশ অধ্যায়’ শব্দসমূহের পরিবর্তে ‘ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় ও ষোড়শ অধ্যায়’ শব্দসমূহ ও কমা প্রতিস্থাপিত হইবে; (আ) দফা (চ) এ উল্লিখিত ‘নিষ্পত্তিকরণ,’ শব্দটি ও কমার পর ‘শিল্প বিরোধ বা শ্রম অসন্তোষ নিষ্পত্তি,’ শব্দসমূহ ও কমা প্রতিস্থাপিত হইবে; (ই) দফা (জ) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘;’ সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঝ), (ঞ) ও (ট) সংযোজিত হইবে, যথা: ‘‘(ঝ) কোন ট্রেড ইউনিয়ন, সিবিএ বা ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত যেকোন ধরনের জটিলতার বিষয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ উত্থাপিত হইলে অভিযোগ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে )ত্রিশ ( সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এবং অভিযোগকারীদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এর গঠনতন্ত্র ও শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নির্বাচনসম্পন্ন করিবার নির্দেশ প্রদান করিবেন; )ঞ( দফা )ঝ( এ উল্লিখিত ইউনিয়ন বা ফেডারেশনের বিষয়ে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত গ্রহণের জন্য শ্রম আদালতে অভিযোগ উত্থাপন; (ট) শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চিকিৎসা, প্রসূতি কল্যাণ সুবিধা, পরিবার পরিকল্পনা বিষয়ক কার্যক্রম, বিনোদন, সামাজিক সুরক্ষা, শ্রম প্রশাসন সংশ্লিষ্ট গবেষণা ও পরিসংখ্যান সংক্রান্ত কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ।’’;

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৪৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।

EPZ-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।