চুক্তি রেজিস্ট্রিকরণ
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৭০। (১) যে ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ প্রদেয় কোন থোক অর্থের পরিমাণ চুক্তি দ্বারা নির্ধারিত করা হয়, উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হউক অথবা অন্য কোনভাবে হউক, অথবা যে ক্ষেত্রে উক্তরূপ নির্ধারিত ক্ষতিপূরণ আইনগত অক্ষমতার অধীন কোন ব্যক্তিকে প্রদেয় হয়, সে ক্ষেত্রে তৎসম্পর্কে একটি স্মারকলিপি মালিক কর্তৃক শ্রম আদালতে প্রেরণ করিতে হইবে এবং উক্ত আদালত উহার যথার্থতা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিবেঃ
তবে শর্ত থাকে যে-
(ক) উক্তরূপ কোন স্মারক উক্ত আদালত কর্তৃক পক্ষগণকে তৎসম্পর্কে অবহিত করার সাত দিনের মধ্যে লিপিবদ্ধ করা যাইবে না;
(খ) উক্ত আদালত যে কোন সময়ে রেজিস্টার সংশোধন করিতে পারিবে;
(গ) যে ক্ষেত্রে উক্ত আদালতের নিকট ইহা প্রতীয়মান হয় যে, থোক অর্থ পরিশোধের জন্য কোন চুক্তি, উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হউক অথবা অন্য কোন ভাবে হউক, অথবা আইনগত অক্ষমতার অধীন কোন ব্যক্তিকে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ সম্বন্ধে কোন চুক্তি, উক্ত অর্থ বা পরিমাণের অপর্যাপ্ততার কারণে অথবা প্রতারণা অথবা অবৈধ প্রভাব অথবা অন্য কোন অসংগত উপায় অবলম্বনের দ্বারা হাছিল করার কারণে উহা রেজিস্টারভুক্ত করা উচিত হইবে না; সে ক্ষেত্রে উক্ত আদালত, অবস্থার পরিপ্রেক্ষিতে চুক্তির অধীন প্রদত্ত অর্থ পরিশোধ সম্পর্কেসহ যথাযথ আদেশ দিতে পারিবে।
(২) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন রেজিস্টারভুক্ত ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে কোন চুক্তি এই আইনের অধীন বলবৎযোগ্য হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ১৭০ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
চুক্তির স্মারক ফরম
— ধারা ১৭০ এর উপ-ধারা (১) মোতাবেক শ্রম আদালতের নিকট প্রেরিত চুক্তির স্মারক, শ্রম আদালত অন্যভাবে নির্দেশ না দিলে, দুই কপি প্রস্তুত করিতে হইবে এবং উহা যতদূর সম্ভব ফরম-৫০, ৫০ (ক) বা ৫০(খ) অনুযায়ী হইতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়চুক্তির মাধ্যমে থোক ক্ষতিপূরণ নির্ধারণ করলে, বা আইনগত অক্ষমতার অধীন ব্যক্তিকে চুক্তিভিত্তিক ক্ষতিপূরণ দিলে মালিকের জন্য প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- থোক ক্ষতিপূরণের চুক্তি লিখিতভাবে করুন এবং পরিমাণ আইনের হিসাবের সাথে মিলিয়ে নিন।
- চুক্তির স্মারক ফরম-৫০, ৫০(ক) বা ৫০(খ) অনুযায়ী দুই কপি প্রস্তুত করে শ্রম আদালতে পাঠান।
- আদালত রেজিস্টারে লিপিবদ্ধ করার পর তার প্রমাণ সংগ্রহ করে ক্ষতিপূরণ ফাইলে রাখুন।
- আদালত পরিমাণ অপর্যাপ্ত বা অসংগত উপায়ে আদায় মনে করলে তার আদেশ অনুযায়ী ব্যবস্থা নিন।
যে নথি রাখতে হবে
- থোক ক্ষতিপূরণের লিখিত চুক্তি
- ফরম-৫০ / ৫০(ক) / ৫০(খ) স্মারকের কপি (দুই কপি দাখিল)
- শ্রম আদালতে রেজিস্ট্রির প্রমাণ
Audit-এ চুক্তিভিত্তিক থোক ক্ষতিপূরণের ক্ষেত্রে শ্রম আদালতে রেজিস্ট্রির প্রমাণ দেখা হয়।
রেজিস্ট্রি না করলে ধারা ১৭১ অনুযায়ী মালিককে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং আগে দেওয়া অর্থের অর্ধেকের বেশি সমন্বয় করতে পারবেন না।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: থোক ক্ষতিপূরণের চুক্তির স্মারকলিপি মালিক শ্রম আদালতে পাঠাবেন; পক্ষকে জানানোর ৭ দিনের মধ্যে লিপিবদ্ধ করা যাবে না। EPZ আইনে আলাদা ধারা নেই (ধারা ৯২(ঙ)-এ বিধির ক্ষমতা); EPZ বিধি ১৫৪-এ একই বিধান, ইপিজেড শ্রম আদালতে, ফরম-৬১/৬২/৬৩।