শিক্ষাধীন শ্রমিকের বাধ্যবাধকতা
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২৮০৷ (১) এই অধ্যায় এবং বিধির বিধান সাপেক্ষে কোন শিক্ষাধীন শ্রমিক-
(ক) তাহার পেশা বা বৃত্তি বিবেক-বুদ্ধিসহকারে ও অধ্যবসায়ের সহিত শিখিবেন এবং শিক্ষাধীনতার মেয়াদ শেষ হইবার পর নিজেকে একজন দক্ষ শ্রমিক হিসাবে যোগ্য করিবার চেষ্টা করিবেন;
(খ) মালিক কর্তৃক প্রণীত কর্মসূচী অনুযায়ী ব্যবহারিক প্রশিক্ষণ ও তাত্ত্বিক শিক্ষা প্রদানকালে হাজির থাকিবেন;
(গ) শিক্ষাধীনতা সম্পর্কে মালিক অথবা তাহার প্রতিনিধি কর্তৃক প্রদত্ত সকল আইনানুগ আদেশ মানিয়া চলিবেন এবং শিক্ষাধীনতা চুক্তির অধীন তাহার সকল দায়-দায়িত্ব পালন করিবেন;
(ঘ) তাহার প্রশিক্ষণের উন্নতি যাচাই করিবার জন্য সময় সময় গৃহীত কোন পরীক্ষা দিতে তিনি বাধ্য থাকিবেন;
(ঙ) তাহার সমশ্রেণীর শ্রমিকগণের ট্রেড ইউনিয়ন ব্যতীত অন্য কোন ট্রেড ইউনিয়নের সদস্য হইবেন না;
(চ) তাহার শিক্ষাধীনতা সম্পর্কে মালিকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকিলে এবং মালিকের নিকট হইতে ইহার কোন প্রতিকার না পাইলে, তিনি প্রতিকারের জন্য যোগ্য কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন এবং এই সম্বন্ধে যোগ্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানিয়া চলিবেন; এবং
(ছ) যোগ্য কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমোদন ব্যতিরেকে, তাহার শিক্ষাধীনতাকাল সমাপ্ত হওয়ার পর তিনি শিক্ষাধীনতা ছাড়িয়া যাইবেন না৷
(২) যদি কোন শিক্ষাধীন শ্রমিক তাহার শিক্ষাধীনতা চুক্তির শর্ত পালনে ব্যর্থ হন অথবা যদি শিক্ষাধীনতাকালের কোন সময়ে স্বেচ্ছায় শিক্ষাধীনতা ছাড়িয়া যান অথবা তাহার প্রশিক্ষণের উন্নতি সম্পর্কে অব্যাহত বিরূপ রিপোর্ট পাওয়া যায় অথবা অবাধ্যতা, বিধি লঙ্ঘন, কাজে অনুপস্থিতি, কর্তব্যে অবহেলা করেন, তাহা হইলে তিনি বা, ক্ষেত্রমত, তাহার পিতা বা অভিভাবক বা জামিনদার এককভাবে অথবা যৌথভাবে বিধি দ্বারা নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষাধীনতা কাজে তাহার জন্য ব্যয়িত অর্থ মালিককে ফেরত দিতে বাধ্য থাকিবেন৷
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৮০ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাশিক্ষাধীন শ্রমিকের দায়িত্ব এবং চুক্তি ভঙ্গ বা মাঝপথে ছেড়ে গেলে ক্ষতিপূরণ ও ব্যয় ফেরতের দায়।
কারখানা যা মনে রাখবে
- শিক্ষাধীনের দায়িত্বগুলো (উপস্থিতি, পরীক্ষা, আদেশ মানা) শিক্ষাধীনতা চুক্তি ও orientation-এ লিখিতভাবে জানান।
- উপস্থিতি, পরীক্ষার ফল ও অগ্রগতির রিপোর্ট নিয়মিত রেকর্ড করুন যাতে প্রয়োজন হলে ক্ষতিপূরণের দাবি প্রমাণ করা যায়।
- শিক্ষাধীনের অভিযোগ প্রথমে নিজে নিষ্পত্তি করুন; না হলে তিনি যোগ্য কর্তৃপক্ষের কাছে যেতে পারেন এবং তার সিদ্ধান্ত মানতে হবে।
যে নথি রাখতে হবে
- শিক্ষাধীনতা চুক্তি (ফরম-৭০)
- পারদর্শিতার প্রতিবেদন (ফরম-৭৪)
১৮ বছরের কম বয়সী শিক্ষাধীনের চুক্তিতে মাতা, পিতা বা আইনগত অভিভাবকের স্বাক্ষর লাগে (বিধি ৩৩৭)।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA আইনেই শিক্ষাধীনের দায়িত্ব এবং চুক্তি ভঙ্গ বা ছেড়ে গেলে ক্ষতিপূরণ ও ব্যয় ফেরতের দায় লেখা। EPZ আইনে ধারা নেই; বিধি ৯(২) অনুযায়ী মালিক ও শ্রমিকের বাধ্যবাধকতা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় লিখতে হবে।