বিপজ্জনক চালনা
আইনের টেক্সট
৭৯৷ যে ক্ষেত্রে সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন প্রতিষ্ঠানের কোন কর্ম পরিচালনায় ইহাতে নিযুক্ত কোন ব্যক্তির সাংঘাতিক শারীরিক জখম, বিষাক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সে ক্ষেত্রে সরকার বিধি দ্বারা উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে লিখিত বিধান প্রণয়ন করিতে পারিবে, যথাঃ-
(ক) কোন্ কোন্ পরিচালনা ঝুঁকিপূর্ণ উহা ঘোষণা;
(খ) নারী, কিশোর এবং শিশুদের উক্ত কাজে নিয়োগ নিষিদ্ধ করা;
(গ) উক্ত কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির নিয়মিত শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা এবং উক্ত কাজের জন্য উপযুক্ত বলিয়া প্রত্যয়িত হন নাই এই রকম কোন ব্যক্তির ইহাতে নিয়োগ নিষিদ্ধ করা;
(ঘ) উক্ত কাজে নিযুক্ত ব্যক্তিগণের বা উহার আশে পাশে কর্মরত ব্যক্তিগণের সু-রক্ষার ব্যবস্থা করা, এবং কর্ম পরিচালনার ব্যাপারে বিশেষ কোন বস্তু বা পন্থা ব্যবহার করা; এবং
(ঙ) ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সম্পর্কে নোটিশ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নোটিশ৷
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৭৯ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিপজ্জনক চালনা
(১) ধারা ৭৯ এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত কাজসমূহ বিপজ্জনক কাজ বলিয়া বিবেচিত হইবে, যথা:—
(ক) বাতান্বিত পানি (Aerated Water) তৈরি এবং ইহার আনুষঙ্গিক প্রক্রিয়া;
(খ) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ দেওয়া বা ক্রোমিক এসিড বা অন্য ক্রোমিয়াম যৌগ দ্বারা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ধাতব পদার্থ জারণ;
(গ) বৈদ্যুতিক এক্যুমুলেটর তৈরি বা মেরামত;
(ঘ) কাঁচ ও কাঁচের দ্রব্যাদি তৈরি;
(ঙ) ধাতু শান দেওয়া বা চকচকে করা;
(চ) সীসা, সীসার শংকর বা সীসার কতিপয় যৌগ তৈরি, মেরামত বা এইসব লইয়া কাজ করা;
(ছ) বিপজ্জনক পেট্রোলিয়াম হইতে গ্যাস উৎপাদন;
(জ) সংকুচিত বায়ু বা বাষ্প দ্বারা চালিত বালি জেট ধাতব গোলা বা কাঁকর বা এবরো-থেবরো কোন জিনিস দ্বারা কোন বস্তু পরিষ্কার করা বা মসৃণ করিবার কাজ;
(ঝ) কাঁচা চামড়ার লাইমিং ও ট্যানিং এবং ইহার আনুষঙ্গিক প্রক্রিয়া;
(ঞ) যন্ত্রের সাহায্যে পাট, শন বা অন্য তন্তু নরম করিবার কাজ;
(ট) ৫০ কেজির অতিরিক্ত ওজনসম্পন্ন পণ্যের কোন গাঁট গুদামে উঠানো, সাজানো ও গুদামজাতকরণ এবং জাহাজ বা অন্য কোন পরিবহণে বোঝাই করিবার কাজ;
(ঠ) সেল্যুলোজ দ্রবণ প্রস্তুত, ব্যবহার বা জমা করিবার কাজ ;
(ড) ক্রোমিক এসিড তৈরি অথবা সোডিয়াম বাইক্রোমেট, পটাশিয়াম বাইক্রোমেট বা এমোনিয়াম বাইক্রোমেট প্রস্তুত বা পুনরুদ্ধারের কাজ ;
(ঢ) ছাপাখানা বা টাইপ ফাউন্ড্রী যেখানে কোন সীসার প্রক্রিয়া চালানো হয় ;
(ণ) সংকুচিত হাইড্রোজেন বা সংকুচিত অক্সিজেন প্রস্তুতের কাজ ;
(ত) সিরামিক দ্রব্যাদি তৈরি বা মৃৎ পাত্রাদি তৈরির কাজ;
(থ) রাসায়নিক অাঁঠালো ক্ষার প্রক্রিয়ার রেয়ন তৈরির কাজ ;
(দ) প্লাস্টিক ও পলিথিন দ্রব্যাদির প্রক্রিয়াকরণ;
(ধ) বিষাক্ত গ্যাস জমা হয় বা সৃষ্টি হইবার অশংকা থাকে এমন কাজ, বিশেষ করিয়া পরিত্যক্ত বা বদ্ধ কুয়া, সেপটিক ট্যাংক, স্যুয়ারেজ লাইন এবং পুুরাতন জাহাজ ভাঙ্গিবার কাজ;
(ন) রাসায়নিক সার বা কেমিকেল তৈরির কাজ;
(প) যান্ত্রিক পদ্ধতিতে পাথর বা ইট ভাঙ্গা বা ক্রাশ করিবার কাজ;
(ফ) ভূমি সমতল হইতে অন্যূন ৩ মিটার উচ্চতার এবং ২ মিটার গভীরের কোন কাজ;
(ব) বৈদ্যুতিক ওয়্যারিং বা বৈদ্যুতিক পরিবাহী লাইনে কাজ;
(ভ) ইটের চুল্লিতে কাজ;
(ম) খনির অভ্যন্তরীণ কাজ;
(য) ধাতব পদার্থকে উচ্চ তাপে গলানো ও রূপান্তর এবং কাটা ও জোড়া লাগাইবার কাজ;
(র) ৮০ ডেসিবেলের উর্ধ্বে শব্দ উৎপন্ন হয় এমন উৎপাদন প্রক্রিয়া;
(ল) পাওয়ার প্রেস (হাইড্রোলিক প্রেস ব্যতীত) ও মেটাল ট্রেডে ব্যবহৃত পাথর চূর্ণ করিবার কাজ;
(শ) যান্ত্রিক কাটার যন্ত্র (Guilloting machine);
(ষ) যান্ত্রিক চক্রাকার করাত (Circular Saws);
(স) ধাতুপটে ছাপাইবার কাজ (Plate printing machine); এবং
(হ) গভীর সমুদ্রে মাছ ধরিবার কাজ (Deep Sea Fishing)।
(২) মহাপরিদর্শক প্রয়োজনে উপ-বিধি (১) এ বর্ণিত কাজ ব্যতীত অন্যান্য উৎপাদন প্রক্রিয়া বা উক্ত প্রক্রিয়ার আনুষঙ্গিক প্রক্রিয়াকে বিপজ্জনক কাজ হিসাবে ঘোষণা করিতে পারিবেন।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত তালিকা ও উপ-বিধি (২) এর অধীন মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক, সময়ে সময়ে, ঘোষিত বিপজ্জনক কাজের সকল ক্ষেত্রে শিশু ও কিশোর শ্রমিকদের নিয়োগ নিষিদ্ধ থাকিবে এবং উক্ত প্রক্রিয়াসমূহের মধ্যে যে কাজ মহিলা বা সন্তান-সম্ভবা মহিলাদের জন্য নিষিদ্ধ উহা মহাপরিদর্শক, সময়ে সময়ে, নোটিস দ্বারা ঘোষণা করিতে পারিবেন ।
(৪) প্রতিষ্ঠানের মালিক উপ-বিধি (১) ও (২)-তে বর্ণিত কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির নিয়োগের সময় মালিকের খরচে একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্র্তৃক স্বাস্থ্য পরীক্ষা করিয়া উক্ত কাজের জন্য তাহার সক্ষমতার প্রত্যয়নপত্র ফরম-২৬ অনুযায়ী গ্রহণ করিবেন।
(৫) মালিক উপ-বিধি (৪) এ উল্লিখিত সকল শ্রমিককে বৎসরে অন্তত একবার রেজিস্টার্ড চিকিৎসক কর্র্তৃক স্বাস্থ্য পরীক্ষা করিয়া উক্ত কাজের জন্য তাহার সক্ষমতার প্রত্যয়নপত্র গ্রহণ করিবেন।
(৬) উপ-বিধি (৪) ও (৫) এর অধীন কৃত স্বাস্থ্য পরীক্ষার বর্ণনা ফরম-২৬(ক) অনুযায়ী রেজিস্টারে চিকিৎসক ও মালিককে আলাদাভাবে সংরক্ষণ করিতে হইবে।
(৭) পরীক্ষান্তে কোন শ্রমিককে আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত কোন পেশা বিষয়ক ও বিষক্রিয়াজনিত ব্যাধিতে আক্রান্ত পাওয়া গেলে প্রত্যয়নকারী চিকিৎসক ও প্রতিষ্ঠানের মালিক অথবা সংশ্লিষ্ট শ্রমিক অথবা তৎকতৃক নির্দিষ্ট কোন ব্যক্তি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উহা ফরম-২৯ এ নোটিস মারফত পরিদর্শককে অবহিত করিবেন এবং পরিদর্শক উক্ত শ্রমিককে দ্রুত জেলা সিভিল সার্জনের নিকট পরীক্ষার জন্য প্রেরণ করিবেন।
(৮) সিভিল সার্জন উক্ত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়া একটি প্রতিবেদন মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের নিকট দাখিল করিবেন, যাহা পরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকের নিকট প্রেরণ করিবেন এবং উক্তরূপ পরীক্ষার সকল ব্যয় মালিক বহন করিবেন।
(৯) ধারা ৭৯ (ঘ) মোতাবেক যে সকল কাজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হইবে উহার তালিকা প্রদর্শনসহ সরবরাহকৃত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদানের তথ্য ফরম-২৩ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।
(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এমন রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিস এম এস ডি এস (Material Safety Data Sheet) সহজে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিবেন।
(১১) উপরি-উক্ত বিপজ্জনক কাজসমূহের জন্য শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের পরামর্শক্রমে শ্রমিকদের পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা করিতে হইবে।
বিধি ৬৮ এর উপ-বিধি (১) এর দফা (স) এর প্রান্তস্থিত ‘এবং’ শব্দটি বিলুপ্ত হইবে এবং দফা (হ) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘;’ সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ড়), (ঢ়), (য়) এবং (ৎ) সংযোজিত হইবে, যথা: “(ড়) তামাকজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণ; (ঢ়) যেকোন দাহ্য রাসায়নিক পদার্থ প্রস্তুত, মজুদ ও ব্যবহার; (য়) ব্যাটারি তড়িতায়িতকরণ; এবং (ৎ) বয়লার, জেনারেটর, কম্প্রেসর, কনভেয়ার বেল্ট, কার্গো লিফট উঠা-নামা, ক্রেন পরিচালনা, ইত্যাদি।’’;
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
EPZ-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।