পরিদর্শন পদ্ধতি
(১) ধারা ১৪ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বা অন্য কোনো সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উক্ত আদেশে উল্লিখিত স্থান বা প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য দায়িত্ব প্রদান করিতে পারিবেন, এবং যিনি আইনের উদ্দেশ্যপূরণকল্পে পরিদর্শক নামে অভিহিত হইবেন এবং একই আদেশে পরিদর্শকের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলির উল্লেখ থাকিবে।
(২) পরিদর্শক কর্তৃক কোনো প্রকল্প, প্রতিষ্ঠান বা স্থান পরিদর্শনের প্রয়োজন হইলে তাহাকে ফরম ১৪ এ উক্তরূপ পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করিয়া সংশ্লিষ্ট স্থানের দখলদার বা এজেন্টকে উক্ত পরিদর্শনের অন্যূন ৭ (সাত) দিন পূর্বে নোটিশ প্রদান করিতে হইবে।
(৩) পরিদর্শকের দায়িত্ব ও ক্ষমতা হইবে নিম্নরূপ, যথা:—
(ক) মহাপরিচালক কর্তৃক নির্দেশিত সময়সীমা অনুসারে প্রকল্প স্থান বা সাইট ও উহার সংশ্লিষ্ট সকল কাগজপত্র ও সরঞ্জামাদি পরিদর্শন, তবে প্রতি বছর ন্যূনতম ২ (দুই) বার পরিদর্শন করিতে হইবে;
(খ) মহাপরিচালক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও নির্দেশিত সময়সীমার মধ্যে পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন ও দাখিল;
(গ) পানি সম্পদ সম্পর্কিত বেআইনি কর্মকান্ডে ব্যবহৃত বস্তু ও সরঞ্জামাদি আটকের বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ;
(ঘ) মহাপরিচালক কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন।
(৪) পরিদর্শকের নলকূপ ও প্রকল্প সংশ্লিষ্ট সকল প্রকার দলিল ও তথ্যাদি পরিবীক্ষণ করিবার এবং নলকূপ ও প্রকল্পের সকল ভূমি ও ইমারতে প্রবেশ করিবার অধিকার থাকিবে, এবং প্রকল্প ছাড়পত্রধারী এবং অনাপত্তিধারী এতদ্সম্পর্কিত বিষয়ে পরিদর্শককে সকল প্রকার সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিবে।
(৫) উপ-বিধি (৩) এর দফা (খ) এর অধীন প্রণীত পরিদর্শন প্রতিবেদনে নিম্নবর্ণিত তথ্যের উল্লেখ থাকিবে, যথা:—
(ক) প্রকল্পের কাজ বাস্তবায়ন শুরুর তারিখ, মেয়াদ ও স্থান সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ;
(খ) প্রকল্প ছাড়পত্রের কোনো শর্ত প্রতিপালন না করিবার সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট বিবরণ;
(গ) আইন বা তদোধীন প্রণীত বিধিমালার বিধান লংঘন সম্পর্কিত সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট বিবরণ;
(ঘ) মহাপরিচালক কর্তৃক নির্দেশিত অন্য যে কোনো তথ্য।
(৬) উপ-বিধি (৪) এর অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিদর্শকের নিকটস্থ থানার সহায়তা গ্রহণ করিবার প্রয়োজন হইলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্তরূপ সহায়তা প্রদান করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৬ (PDF-এর পৃষ্ঠা ১২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৪
এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-১৪